প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম তেতলা (রেন্ডিতলা) এলাকায় দীর্ঘ ৪৫ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন গাজীর বিরুদ্ধে। সাড়ে ১২ কাঠা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগী সাইফুল ইসলাম রাসেল হুজুর ও তার পরিবার একের পর এক ভয়ভীতি, চাপ প্রয়োগের মুখোমুখি হয়েছেন, এবং সর্বশেষ পুলিশি হয়রানি ও ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। এদিকে, পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, রাসেল হুজুরের বাবা ওয়াজেদ আলী ঘরামী এবং শাশের আলী প্রায় ৪৫ বছর আগে বৈধভাবে সংশ্লিষ্ট জমি ক্রয় করেন। এরপর থেকে বসতভিটাসহ জমিটি তারা দীর্ঘকাল শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে ২০১৮ সালের দিকে স্থানীয় হুমায়ুন গাজী জমিটি তাদের কাছ থেকে কিনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি শুরু করেন। পৈতৃক ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় ভুক্তভোগীদের ওপর বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়।
এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, একপর্যায়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে তাদের সাড়ে ১২ কাঠা জমি দখলে নেওয়া হয়। তারা বলেন, যে সময় দখল করা হচ্ছিল, তখন বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। পরবর্তী সময়ে চাপের মুখে প্রায় ৩ কাঠা জমি ফেরত দেওয়া হলেও সেই জমির মধ্য দিয়েও অবৈধভাবে রাস্তা বের করে নেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।
পরিবারটি আরও বলে, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় হুমায়ুন গাজী ওই বিরোধপূর্ণ জায়গায় প্রথমে টিনশেড ঘর নির্মাণের পরিকল্পনা করেন। এতে বাধা দিলে নেছারাবাদ উপজেলার স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ফরিদ এই বিষয়টি সামাজিকভাবে মীমাংসার আশ্বাস দেন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, শেষ পর্যন্ত বিরোধের কোনো কার্যকর সমাধান হয়নি। বরং, পরবর্তীতে ওই জমিতে পাকা ঘর নির্মাণ করা হয়।
জমির বিরোধ মেটাতে একাধিকবার সামাজিক শালিস ও বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেন রাসেল হুজুরের পরিবার। তারা জানান, জমি দখলের বিষয়ে প্রতিবাদ করলেই তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সর্বশেষ জানা যায়, হুমায়ুন গাজীর স্ত্রী রাসেল হুজুরকে পুলিশি হয়রানির ভয় দেখানোর পাশাপাশি ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এই কারণে পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে এবং আশঙ্কা করছে, যেকোনো সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতে পারে।
এখন ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, জমির প্রকৃত মালিকানা ও দখল পরিস্থিতি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার। তারা জানান, যদি জমি জোরপূর্বক দখল হয়ে থাকে, তাহলে তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং হুমকি-ধামকি থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
অভিযুক্ত হুমায়ুন গাজীর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে প্রতিবেদন প্রকাশের সময় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন