বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৯ পি.এম
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং দেশের কর্তৃপক্ষের মধ্যে গোপন যোগাযোগে ইমরান খানের পরিবারের সদস্যরা প্রথমবারের মতো সরাসরি জড়িত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এতে আগামী কয়েক দিনের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক যোগাযোগে কিছু অগ্রগতি ঘটেছে। এর অংশ হিসেবে ইমরান খানের পরিবারের সদস্যদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগকে দুই পক্ষের মধ্যে আলোচনা বৃদ্ধির জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, দৃশ্যমান কিছু অগ্রগতি ঘটেছে। কারণ ইমরান খানের দুই বোন নওরিন নিয়াজি ও ডা. উজমা খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এই গোপন যোগাযোগে পিটিআইয়ের গুরুত্বপূর্ণ কয়েকজন প্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরাও যুক্ত রয়েছেন বলে জানা গেছে। তবে যোগাযোগে অংশ নেওয়া কর্তৃপক্ষের প্রতিনিধিরা এ পর্যায়ে নিজেদের পরিচয় প্রকাশ করতে বা তাদের ভূমিকার কথা স্বীকার করতে রাজি নন।
যোগাযোগের এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি এবং বলেন, এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারবেন না।
ইমরান খানের ভগ্নিপতি আহাদ খানও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই গোপন যোগাযোগের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং এই উদ্যোগের খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংঘাত, পাল্টাপাল্টি বক্তব্য ও কঠোর অবস্থান চললেও কার্যকর সমাধান আসেনি। বরং অচলাবস্থার কারণে পিটিআই নেতৃত্ব, ইমরান খানের পরিবার এবং কর্তৃপক্ষের সংকট আরও বেড়েছে।
উদ্যোগটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইমরান খানের পরিবারের সদস্যদের যুক্ত হওয়ার ফলে যোগাযোগের নতুন পথ তৈরি হতে পারে। এতে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনার সুযোগও বাড়বে। রাজনৈতিক বিরোধ আরও জটিল না করে আলোচনার মাধ্যমে বিতর্কিত বিষয়গুলোর সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
ইমরান খান ও তার পরিবারের সদস্যদের ঘিরে চলমান বিরোধগুলো বৃহত্তর রাজনৈতিক সংঘাতের অংশ হয়ে ওঠায় পরিবারের সদস্যদের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
চলমান যোগাযোগের চূড়ান্ত ফল কী হবে, তা এখনই বলা কঠিন। তবে অগ্রগতির খবর, বৈঠকের আয়োজন এবং তাৎক্ষণিক কিছু স্বস্তি পাওয়ার সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে।
সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই যোগাযোগকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়াই এখন মূল লক্ষ্য। এর মাধ্যমে পিটিআই ও কর্তৃপক্ষের মধ্যে বৃহত্তর সমঝোতার পথ তৈরি হতে পারে। উদ্যোগটি সফল হলে দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত থেকে সরে এসে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সূত্র: জিও টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশকে ‘জাহান্নামে পরিণত করেছে’।
তিনি বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এবং দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম উল্লেখ করেন, যুদ্ধ-পরবর্তী সময়ে দেশের মানুষের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সেই পথে না হেঁটে গণতন্ত্র হত্যা করেছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে। যাদের দাফন করার মতো কেউ ছিল না। সে সময় অঞ্জুমানে মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে পরিচিতি লাভ করে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে বিএনপি মানুষের পাশে ছিল। এ কারণেই দেশের মানুষও বিএনপির পাশে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে, একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে পারে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতি বা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।
বিরোধী দলের সমালোচনা করে আবদুস সালাম বলেন, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই-এমন স্লোগান একসময় বিএনপিও দিয়েছে। কিন্তু তারেক রহমানের হাতে কি আলাদিনের চেরাগ আছে যে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এসব সমস্যার সমাধানে সময় প্রয়োজন। অথচ দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন, তাদের ধৈর্য ধরতে হবে।
বিরোধী দলকেও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরের নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলম। আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, কাজী কামাল উদ্দিন আহমেদ, বাঁধন মিয়া ও জহিরুল ইসলাম বাশার।
এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক মোল্লা, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সাবেক কেন্দ্রীয় সদস্য শেখ তাওলাত হোসেন, মাহবুব আলম সিকদার, ইব্রাহিম চৌধুরী, জাহিদুল আলম মিলন, গোলাম মর্তুজা, কেন্দ্রীয় নেতা ড. মোহাম্মদ নিজাম উদ্দীন, ড. আসমা শহিদ, মহানগর উত্তরের আশরাফুল ইসলাম ও দক্ষিণের হাজী ইব্রাহিম খলিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোহাম্মদ মোরশেদ আলম, পরিচালক পদে থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তার এই নিয়োগের বিষয়টি সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
মোরশেদ আলম দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফগানিস্তানে তালেবানের গোপন বা অঘোষিত এক নির্দেশের ফলে নারীদের জন্য পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ হয়ে গেছে। এর ফলে দেশটির নারী রোগীরা সাধারণ স্বাস্থ্যসেবা পেতে গিয়ে চরম বিপদ ও অমানবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই বিষয়টি দ্য গার্ডিয়ান ও জান টাইমসের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
হেরাতের বাসিন্দা ফরিদার (ছদ্মনাম) একটি ডেন্টাল ক্লিনিকে তীব্র দাঁতের ব্যথা নিয়ে চিকিৎসা শুরু করেছিলেন। তবে চিকিৎসার মাঝপথে তাকে জানানো হয় যে, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকরা নারীদের চিকিৎসা করতে পারবেন না। এর ফলে তিন মাস ধরে তার চিকিৎসা অসম্পূর্ণ রয়ে গেছে, এবং ব্যথার কারণে তিনি ঠিকমতো খেতেও পারছেন না।
সরকারি কোনো ঘোষণা না থাকলেও নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছে যে, নারী রোগী পাওয়া গেলে তাদের জেলে পাঠানো হবে। চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি অবস্থাতেও তারা কোনো নারী রোগীকে একা দেখতে পারবেন না। চিকিৎসা দিতে হলে অবশ্যই পুরুষ অভিভাবক (মাহরাম) থাকতে হবে এবং সবকিছু নারী নার্সের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এছাড়া, অনেক জায়গায় নারী রোগীদের আসল নাম উল্লেখ করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রেসক্রিপশনে নামের বদলে কেবল ‘বিবি’ লিখতে বলা হচ্ছে।
নারীদের এই স্বাস্থ্যসংকট শিক্ষাক্ষেত্রে নিষেধাজ্ঞা দ্বারা আরও বাড়ানো হয়েছে। ২০২৪ সালের শেষ দিক থেকে নারীদের মেডিকেল পড়াশোনা ও নতুন নারী কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে তালেবান। ফলে একদিকে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া বন্ধ, অন্যদিকে নারী চিকিৎসকের সংখ্যা কমে আসছে, যা আফগান নারীদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৬ : ‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন : ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ প্রতিপাদ্যে ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৬ চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নগরীর বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়, যা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে অ্যাকাডেমিক কোর্সের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সমাজবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ মেলার প্রতিপাদ্য বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রবন্ধের মূল বক্তব্য হলো, উদ্ভাবন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং উদ্যোক্তা কার্যক্রম সেই সম্ভাবনাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরিত করে, যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। তিনি বিভিন্ন থিওরি ও নতুন প্রযুক্তির আলোকে উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ