বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৪ পি.এম
চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৬ : ‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন : ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ প্রতিপাদ্যে ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৬ চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নগরীর বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়, যা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে অ্যাকাডেমিক কোর্সের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সমাজবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ মেলার প্রতিপাদ্য বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রবন্ধের মূল বক্তব্য হলো, উদ্ভাবন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং উদ্যোক্তা কার্যক্রম সেই সম্ভাবনাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরিত করে, যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। তিনি বিভিন্ন থিওরি ও নতুন প্রযুক্তির আলোকে উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : গত দুই অর্থবছরে দেশে ৬৪টি জেলার মধ্যে ১১৯টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), যা গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হয়েছে। এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে মোট ৪ হাজার ৮১১ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে পিআইবি ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে ৪ হাজার ৯৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ পর্যন্ত ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৭১৬ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে মোট ১ হাজার ৬৯১ জন সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, পিআইবির প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেকিং, গুজব মোকাবিলা এবং বিদ্বেষমূলক প্রচার শনাক্ত করার কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রশিক্ষণে অন্তত একদিন এসব বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলার সাংবাদিকদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ ধারাবাহিকতায় ধামরাইয়ের সাংবাদিকদের জন্যও প্রশিক্ষণের আয়োজন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে উপসর্গ এবং নিশ্চিত হাম নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২১৪ এ পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছেন ১০ জন।
বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় কর্তৃক প্রকাশিত হাম ও রুবেলা রোগীর দৈনিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জের রিয়াজ উদ্দিনের দুই বছর বয়সী কন্যা ঝুহি এবং সুনামগঞ্জ সদরের জাহিদুলের ৭ মাস বয়সী কন্যা শিশু তানিশা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঝুহি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং তানিশা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ২০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৫০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
এদিকে, বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৭ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সড়কে প্রাণহানি কমাতে চালকের ব্যক্তিগত সচেতনতা একমাত্র সমাধান নয়, বরং একটি কার্যকর সড়ক নিরাপত্তা আইন, সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা এবং সমন্বিত ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বা নিরাপদ পদ্ধতি বাস্তবায়ন অপরিহার্য।
বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক তরুণ কর্মশালায় নাগরিক সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও গবেষকরা নিরাপদ সড়ক চাওয়ার গুরুত্ব তুলে ধরেন। এই কর্মশালার আয়োজন ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ মন্তব্য করেন, ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালকের সচেতনতাই যথেষ্ট নয়, সড়ক ব্যবস্থাপনার প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে একটি কার্যকর, যুগোপযোগী ও জবাবদিহিমূলক সড়ক নিরাপত্তা আইন অত্যন্ত জরুরি। আইনের যথাযথ প্রয়োগ, চালকদের পেশাগত প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সড়কে মৃত্যুর মিছিল কমিয়ে আনা সম্ভব। সড়ক নিরাপত্তা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সড়ক ব্যবহারকারী সবার সম্মিলিত দায়িত্ব।’
নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হোসেন মাগফি বলেন, ‘সড়ক দুর্ঘটনাকে শুধু চালকের ভুল হিসেবে দেখার কোনো সুযোগ নেই। একটি দুর্ঘটনার পেছনে সড়কের ত্রুটিপূর্ণ নকশা, যানবাহনের বেহাল দশা, গতি নিয়ন্ত্রণহীনতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগের শৈথিল্যসহ নানা বিষয় জড়িত থাকে। এসব বিষয় গভীরভাবে বিবেচনা করে সামগ্রিকভাবে ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বাস্তবায়ন করতে হবে। এর জন্য নিরাপদ সড়ক অবকাঠামো তৈরি, গতি নিয়ন্ত্রণ, নিরাপদ যানবাহন চলাচল, নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়্যুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিইংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উপপরিচালক মোখলেছুর রহমান।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণরা দেশের সড়কগুলোকে নিরাপদ করে তুলতে যুগোপযোগী ও কার্যকর আইন প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি এবং সার্বিক সড়ক ব্যবস্থাপনায় নিরাপদ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাহিদা আক্তার অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের মুখোমুখি হলেন। আইসিসির নারী ইমার্জিং নেশন্স ট্রফিতে বাংলাদেশ নারী দল নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে।
আজমানে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হেরেছে পাকিস্তানের কাছে। বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানের পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়। পাকিস্তান নারী দল ২৫ বল হাতে রেখে সেই রান অতিক্রম করে।
বাংলাদেশের দুই ওপেনার সাথী রাণি এবং দিলারা আক্তার দলীয় ২১ রানে সাজঘরের দিকে ফিরে যান। মিডল অর্ডারে নেতৃত্ব দেন সদ্য অধিনায়কত্ব হারানো নিগার সুলতানা। তিনি ২০ বলে ২৭ রান করেন, যা বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল।
তবে নিগারকে সহায়তা করার মতো কেউ ছিলেন না। ফর্মে থাকা সোবহানা মোস্তারি এবং শারমিন আক্তার দুই অঙ্কের স্কোরও করতে পারেননি। নিগারের বিদায়ের পর দলের স্কোর ৬৪ রানে পৌঁছানোর পর বাংলাদেশ আরও বিপদে পড়ে।
এক পর্যায়ে বাংলাদেশ ৬৮ রানে ৭ উইকেট হারায়। এরপর স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান কোনোমতে স্কোর তিন অঙ্কে নিয়ে যান। স্বর্ণা ২০ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন, আর রাবেয়া ১৮ বলে ১১ রান করেন। পাকিস্তানের তুবা হাসান ৩ উইকেট নেন এবং নাসরা সানধু ২ উইকেট দখল করেন।
পাকিস্তান নারী দল সহজেই বাংলাদেশের লক্ষ্য অতিক্রম করে। ওপেনিংয়ে সাদাফ শামাস ৩৭ বলে ৩৭ রান করেন। তিনে নামা মুনীবা আলী ৩৪ বলে ৩১ রান করেন। আয়েশা জাফর ১৮ বলে ২৭ রান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ