বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩২ পি.এম
মোহাম্মদ মোরশেদ আলম, পরিচালক পদে থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তার এই নিয়োগের বিষয়টি সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
মোরশেদ আলম দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আফগানিস্তানে তালেবানের গোপন বা অঘোষিত এক নির্দেশের ফলে নারীদের জন্য পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ হয়ে গেছে। এর ফলে দেশটির নারী রোগীরা সাধারণ স্বাস্থ্যসেবা পেতে গিয়ে চরম বিপদ ও অমানবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই বিষয়টি দ্য গার্ডিয়ান ও জান টাইমসের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
হেরাতের বাসিন্দা ফরিদার (ছদ্মনাম) একটি ডেন্টাল ক্লিনিকে তীব্র দাঁতের ব্যথা নিয়ে চিকিৎসা শুরু করেছিলেন। তবে চিকিৎসার মাঝপথে তাকে জানানো হয় যে, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুরুষ দন্তচিকিৎসকরা নারীদের চিকিৎসা করতে পারবেন না। এর ফলে তিন মাস ধরে তার চিকিৎসা অসম্পূর্ণ রয়ে গেছে, এবং ব্যথার কারণে তিনি ঠিকমতো খেতেও পারছেন না।
সরকারি কোনো ঘোষণা না থাকলেও নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছে যে, নারী রোগী পাওয়া গেলে তাদের জেলে পাঠানো হবে। চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জরুরি অবস্থাতেও তারা কোনো নারী রোগীকে একা দেখতে পারবেন না। চিকিৎসা দিতে হলে অবশ্যই পুরুষ অভিভাবক (মাহরাম) থাকতে হবে এবং সবকিছু নারী নার্সের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এছাড়া, অনেক জায়গায় নারী রোগীদের আসল নাম উল্লেখ করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রেসক্রিপশনে নামের বদলে কেবল ‘বিবি’ লিখতে বলা হচ্ছে।
নারীদের এই স্বাস্থ্যসংকট শিক্ষাক্ষেত্রে নিষেধাজ্ঞা দ্বারা আরও বাড়ানো হয়েছে। ২০২৪ সালের শেষ দিক থেকে নারীদের মেডিকেল পড়াশোনা ও নতুন নারী কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে তালেবান। ফলে একদিকে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া বন্ধ, অন্যদিকে নারী চিকিৎসকের সংখ্যা কমে আসছে, যা আফগান নারীদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৬ : ‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন : ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ প্রতিপাদ্যে ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৬ চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নগরীর বায়েজিদ আরেফিন নগরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়, যা ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে অ্যাকাডেমিক কোর্সের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সমাজবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ মেলার প্রতিপাদ্য বিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
প্রবন্ধের মূল বক্তব্য হলো, উদ্ভাবন সম্ভাবনার দ্বার উন্মোচন করে এবং উদ্যোক্তা কার্যক্রম সেই সম্ভাবনাকে উৎপাদনশীল উদ্যোগে রূপান্তরিত করে, যা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। তিনি বিভিন্ন থিওরি ও নতুন প্রযুক্তির আলোকে উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান, পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা ১০টি স্টলে তাদের নিজেদের আইডিয়া থেকে তৈরিকৃত বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : গত দুই অর্থবছরে দেশে ৬৪টি জেলার মধ্যে ১১৯টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), যা গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হয়েছে। এই প্রশিক্ষণগুলোর মাধ্যমে মোট ৪ হাজার ৮১১ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসন-১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে পিআইবি ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে ৪ হাজার ৯৫ জন সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে এ পর্যন্ত ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৭১৬ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে মোট ১ হাজার ৬৯১ জন সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, পিআইবির প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্টচেকিং, গুজব মোকাবিলা এবং বিদ্বেষমূলক প্রচার শনাক্ত করার কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রশিক্ষণে অন্তত একদিন এসব বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলার সাংবাদিকদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ ধারাবাহিকতায় ধামরাইয়ের সাংবাদিকদের জন্যও প্রশিক্ষণের আয়োজন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে উপসর্গ এবং নিশ্চিত হাম নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২১৪ এ পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছেন ১০ জন।
বৃহস্পতিবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় কর্তৃক প্রকাশিত হাম ও রুবেলা রোগীর দৈনিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জের রিয়াজ উদ্দিনের দুই বছর বয়সী কন্যা ঝুহি এবং সুনামগঞ্জ সদরের জাহিদুলের ৭ মাস বয়সী কন্যা শিশু তানিশা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঝুহি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং তানিশা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ২০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৫০ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
এদিকে, বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৫৬৭ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৩ জন।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ