০১:৩৬ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৈঠকে উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিতে তার দেশ আগ্রহী। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় উন্নীত হচ্ছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একাধিক সফরও হয়েছে।
হাইকমিশনার এ সময় ‘নলেজ করিডোর’ প্রকল্পের চলমান কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এছাড়া, বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফরের বিষয়েও আলোচনা হয়। সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের উন্নত শিক্ষা কাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে এবং এতে সন্তোষ প্রকাশ করেছে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সিএনজিতে শিক্ষিকাকে মারধর, ছিনতাই স্বর্ণালংকার ও মোবাইল
বৈঠকটি আন্তরিক, ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন