১২:৩১ পি.এম
সাপ্তাহিক ছুটির পর আজ রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আবারও বসতে যাচ্ছে। সংসদে আজ পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাজারের অনিয়ম ও ভূমিসেবা সহজীকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। অধিবেশনটি বিকেল ৪টা ২০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে শুরু হবে।
এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশের ওপর আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনা করার জন্য নোটিশ দিয়েছেন।
আরও পড়ুন: বিআরটিসি ফ্রিতে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে, পাবেন যারা
মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে সংসদে আলোচনা করার জন্য নোটিশ দিয়েছেন। অন্যদিকে, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমানো, ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এছাড়া কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টিও কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে। গত ৯ নভেম্বর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
কার্যসূচি অনুসারে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিসংক্রান্ত দলিলও সংসদে উপস্থাপনের কথা রয়েছে।
এবারের অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় তৈরি পোশাকশিল্প। কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী এ শিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের জন্য কার্যসূচিতে রাখা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রস্তাবটি পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান উত্থাপন করবেন। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ ও অধিকার সংরক্ষণ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিকে সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের বিষয়ও আলোচনায় আসে। এ অধিবেশনে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর জন্য মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৯২টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের জন্য ২৮১টি নোটিশ জমা পড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন