ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি ছাত্রদলের বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু, মো. শাহীন আলম, নুরনবী হোসেন, শামীম রেজা, দানিয়েল ইবনে আহম্মদ, মো. মিরাজ উদ্দীন, রাকিবুল হোসেন সেতু, আহ্বায়ক সদস্য বাদশাহ আলমগীর, রাকিবুল ইসলাম, সানাউল্লাহ শেখ ও সাকলাইন হোসেন সাকিবসহ বিভিন্ন হল পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে মো. শাহীন আলম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই সময়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমানে পরিবেশ বিপর্যয় একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা ক্যাম্পাসজুড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছি। পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এগিয়ে আসতে হবে।

 মেজবাউল হক মিজু বলেন, ‘একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মাধ্যমেই সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আমরা বাকৃবির শিক্ষার্থী এবং ছাত্রদলের কর্মী হিসেবে দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে। দেশের যেকোনো পতিত বা খালি জায়গায় নিজেদের পছন্দ অনুযায়ী গাছ লাগাতে হবে। সম্মিলিতভাবে এই উদ্যোগ পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।’
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সভাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক এবং কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শামসুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য মো. জহুরুল আলম, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা সভায় মানবিক সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগকে ফেরাতেই ডিসেম্বরে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


আওয়ামী লীগকে ফেরাতেই ডিসেম্বরে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খাঁন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালির পর সংবাদমাধ্যমের সামনে এসে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াত ও এনসিপির বর্তমান রাজনৈতিক ভূমিকা সম্পর্কে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার দুপুরে দলের কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন যে, পতিত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াত ও এনসিপি একত্রিত হয়ে চক্রান্তের রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, "আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক গভীর চক্রান্তের অংশ।"

১৯৯৬ সালের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, "সে সময় যেভাবে জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল, ঠিক একইভাবে আজও তারা ফ্যাসিবাদের দোসরদের রাজপথে ফেরানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"

মক্কা সামরিক চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এনসিপিপ্রধান নাহিদ ইসলাম ও জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই চুক্তির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে এবং দেশের একটি বড় অংশও তা সমর্থন করছে। তবে তিনি সতর্ক করে বলেন, সরকার দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক কৌশল ও সার্বিক নিরাপত্তার দিকটি পূর্ণাঙ্গ মূল্যায়ন করে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেবে।

ডাকসু নির্বাচনে দীর্ঘদিন পর নিজের প্রাপ্য জিএস পদ ফিরে পাওয়ার প্রসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছে।"

আসন্ন স্থানীয় নির্বাচনের আগে দলছুট ও বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরানোর বিষয়ে রাশেদ খাঁন স্পষ্ট করেন যে, জাতীয় নির্বাচনে যেসব নেতাকর্মী ভুল বুঝে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন, তারা যদি অনুশোচনা প্রকাশ করেন, তাহলে দলীয় হাইকমান্ড তাদের বিষয়টি ভেবে দেখতে পারে। কিন্তু যারা সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের দলে ফেরানোর ব্যাপারে দলের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে, জেলা বিএনপির অফিস প্রাঙ্গণ থেকে এক বিশাল র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার

হরমুজ প্রণালিতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিস্কের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে, গত গভীর রাতে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্যাংকার দুটি নিশানা হয়। হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।

কূটনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি হলো সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি বাহরির নিয়ন্ত্রিত বিশাল আকৃতির ক্রুড বাহক সিদর। এটি ওমানের খাসাবের উত্তর-পূর্বাঞ্চলে আক্রান্ত হয়। একই সময়ে, দক্ষিণ কোরিয়ার সিনোকোর গ্রুপের নিয়ন্ত্রিত অন্য সুপারট্যাংকার 'সেনেগাল প্রসপারিটি' লক্ষ্য করে অন্তত তিনটি দিক থেকে হামলা চালানো হয়। উভয় জাহাজই ঝুঁকি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল, তাদের নিজস্ব অবস্থান চিহ্নিতকারী এআইএস ট্রানসপন্ডার বন্ধ রেখে।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে কিছুদিন ধরেই প্রণালিটি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন ব্যাহত হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মাঝেও গোপন কিংবা সংক্ষিপ্ত রুটে তেল সরবরাহ চালু করার প্রচেষ্টা চলছিল, কিন্তু নতুন করে এই জোড়া হামলার ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক করিডোরটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো তাদের জাহাজের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে।

এদিকে, ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। লন্ডনের আইসিই এক্সচেঞ্জে আগামী নভেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম বাড়তে বাড়তে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্থান স্পর্শ করে ৯২ ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে হামলা ও পাল্টাহামলা থামানো না গেলে সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে জ্বালানি খাতের অস্থিরতা আরও ঘনীভূত হতে পারে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


রাজধানীতে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর সবুজবাগে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই জরিমানার কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণ, আইসক্রিমের স্টোরেজে মাছ-মাংস রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ প্রদর্শনে ব্যর্থতা।

আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিতে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা কার্যকর করা হয়।

অভিযান চলাকালীন দেখা যায়, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। প্রতিষ্ঠানের নাম ভেনিস হলেও সেখানে ‘ড্যানিশ’ ও ‘(সেভেন আপ)’ নামে লেবেলযুক্ত আইসক্রিম উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি, কারখানায় মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার এবং আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস রাখা ছিল।

এ সময় প্রতিষ্ঠানটি হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানের দায় স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%