০৮:০৫ এম
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি পুনরায় ইরানে হামলা চালায়, তবে পারস্য উপসাগরের তলদেশের সাবমেরিন ক্যাবলগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তেহরান।
এই উদ্দেশ্যে বিস্তারিত পরিকল্পনা তৈরির কাজ চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের দুই ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা বিস্তারিত তথ্য দিতে পারেননি। তেহরান কিভাবে বা কোথায় এ ধরনের হামলা চালাবে, সে বিষয়েও কিছু জানানো হয়নি। তবে তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, ইন্টারনেট সংযোগসহ যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর পর তা মেরামতের কাজেও বাধা সৃষ্টি করবে ইরান।
আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাদের একজন বলেছেন, “যদি ইরানের ওপর হামলা চালানো হয়, তবে আর কোনো রেড লাইন থাকবে না... সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে সামরিক ঘাঁটি, এমনকি গোপন ঘাঁটিগুলোও এর আওতাভুক্ত হবে।”
ওয়াশিংটনকে ‘আগুন নিয়ে না খেলতে’ সতর্ক করে ওই কর্মকর্তা জানান, সাবমেরিন ক্যাবলগুলোর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ইচ্ছা করলে সেগুলো সহজেই ধ্বংস করা সম্ভব।
গত বুধবার (২১ অক্টোবর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি জানিয়েছেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালির তলদেশে থাকা সাতটি প্রধান ইন্টারনেট ক্যাবলকে লক্ষ্যবস্তু বানাতে পারে তেহরান।
জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিকের প্রায় ৯৯ শতাংশই সাবমেরিন ক্যাবলের ওপর নির্ভরশীল। তবে টেলিকমিউনিকেশন গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মউল্ডিনের মতে, ইরানের এ ধরনের হামলার বৈশ্বিক প্রভাব সীমিত হতে পারে, কারণ আন্তর্জাতিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম হরমুজ প্রণালির মধ্য দিয়ে প্রবাহিত হয়।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন