ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে সুইজারল্যান্ডে আজ গণভোট


জনসংখ্যা ১ কোটিতে সীমাবদ্ধ রাখতে সুইজারল্যান্ডে আজ গণভোট

জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইজারল্যান্ডের নাগরিকরা। প্রস্তাব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা ১ কোটি অতিক্রম করতে পারবে না। এ বিষয়ে রোববার (১৪ জুন) গণভোটে অংশ নেয়ার কথা রয়েছে ভোটারদের। প্রস্তাবটিকে ঘিরে দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

অভিবাসন সুইজারল্যান্ডের জন্য আশীর্বাদ, নাকি বাড়তি চাপ? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার ভোট নিচ্ছে দেশটি। ওয়াচারদের দাবি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইজারল্যান্ডের নাগরিকরা।

প্রস্তাব অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে দেশের জনসংখ্যা ১ কোটি অতিক্রম করতে পারবে না। আর জনসংখ্যা ৯৫ লাখ ছাড়ালেই সরকারকে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিতে হবে। ডানপন্থি সুইস পিপলস পার্টির দাবি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি বিভিন্ন খাতে চাপ তৈরি করছে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

২০০২ সালে সুইজারল্যান্ডের জনসংখ্যা ছিল ৭৩ লাখ। বর্তমানে তা বেড়ে ৯১ লাখে পৌঁছেছে। এর মধ্যে ২৭ শতাংশই অভিবাসী। প্রস্তাবের সমর্থকদের অভিযোগ, অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে ট্রেনে ভিড়, বাড়িভাড়া বৃদ্ধি, স্কুল ও সামাজিক সেবার ওপর চাপ বেড়েছে। তাদের ভাষায়, অভিবাসন নিয়ন্ত্রণ না করলে সুইজারল্যান্ডের স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হবে।

তবে ব্যবসায়ী সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং অধিকাংশ রাজনৈতিক দল এই উদ্যোগের বিরুদ্ধে। তাদের মতে, প্রস্তাবটি বাস্তবসম্মত নয় এবং এতে হোটেল, হাসপাতাল ও বৃদ্ধসেবা খাতে তীব্র কর্মী সংকট দেখা দিতে পারে। কারণ এসব খাতে বিদেশি কর্মীদের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। সুইজারল্যান্ডের হোটেল কর্মীদের প্রায় অর্ধেকই অভিবাসী।

জনসংখ্যা ১ কোটিতে পৌঁছালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ড থেকে অবাধ চলাচল সংক্রান্ত কিছু চুক্তি বাতিল করতে হতে পারে। বিরোধীদের যুক্তি, দেশটির প্রায় ২০ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি। ফলে ভবিষ্যতে অর্থনীতি সচল রাখা এবং বয়স্ক জনগোষ্ঠীর চাহিদা পূরণে আরও তরুণ কর্মী প্রয়োজন হবে, যা অভিবাসন ছাড়া পূরণ করা কঠিন।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংস্কৃতি একটি অন্যতম মাধ্যম: রাষ্ট্রদূত রইস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৮ এম


দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংস্কৃতি একটি অন্যতম মাধ্যম: রাষ্ট্রদূত রইস

বাংলাদের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাহরাইনে শুরু হয়েছে ১১ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী "From the Core to the Periphery: A Kaleidoscopic Journey"।

বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজ (বিএসিএ) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানটি ৭ জুন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের ডাইরেক্টর জেনারেল অব কালচার অ্যান্ড মিউজিয়াম ফারাহ মোহাম্মদ মাত্রার, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ রাশেদ আল সোয়েদী, বিভিন্ন দেশের কূটনীতিক, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠান শেষে, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি অতিথিদের নিয়ে প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনীতে বাংলাদেশী চার স্বনামধন্য শিল্পী— ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা এবং শাহনাজ কুহুর ৪০টি নির্বাচিত শিল্পকর্ম স্থান পেয়েছে।

চিত্রকর্মগুলোতে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা, প্রকৃতি, ঐতিহ্য, দর্শনীয় স্থান এবং বিভিন্ন উৎসবের নান্দনিক উপস্থাপনা দর্শনার্থীদের অত্যন্ত মুগ্ধ করে। শিল্পীদের সৃজনশীলতা ও শিল্পবোধের প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বলেন, "বাংলাদেশের চারজন খ্যাতিমান শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। শিল্প ও সংস্কৃতি মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংস্কৃতি একটি অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন বাংলাদেশ ও বাহরাইনের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করবে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।"

তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে শিল্প ও সাংস্কৃতিক সহযোগিতার পরিধি আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, প্রদর্শনীটি আগামী ১৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:১১ এম


শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ (১৪ জুন) পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজ (১৪ জুন) মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। নিরাপত্তার স্বার্থে ওই সাক্ষীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩ জুন তার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে এই মামলায় ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়।

মামলার ১৭ আসামির মধ্যে বর্তমানে ১০ জন গ্রেপ্তার অবস্থায় ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

অন্যদিকে পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশপ্রধান বেনজির আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক মো. খায়রুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:১১ এম


২৩ দিনের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের কারণে ২৩ দিনের দীর্ঘ ছুটি শেষে রোববার (১৪ জুন) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছে।

শনিবার (১৩ জুন) এই তথ্যটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করীম চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৩ দিনের ছুটির পর রোববার থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চলবে। তবে, ছুটি চলাকালীন সময়ে জরুরি প্রয়োজনে কিছু প্রশাসনিক কার্যক্রম চলমান ছিল।

সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শেষে শিক্ষার্থীরা ইতোমধ্যে আবাসিক হল ও মেসগুলোতে ফিরতে শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া, ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির কারণে ধারাবাহিক ভাবে ২৩ দিনের ছুটিতে যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৯:১২ এম


১০ জেলা হাসপাতালে আজ থেকে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আজ (১৪ জুন) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ চালু হচ্ছে। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি সাড়া ও মহামারি প্রস্তুতি প্রকল্পের আওতায় এই কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে।

রোববার (১৪ জুন) নতুন আইসলীগুলোর কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হাসপাতালগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ সাধারণ (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা সাধারণ হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে শিশুদের জন্য শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র ও অক্সিজেন সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব কেন্দ্র চালুর ফলে জেলা পর্যায়েই শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জরুরি ও উন্নত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%