শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৪ পি.এম
বাংলাদেশের মাঠের পারফরম্যান্স বর্তমানে সন্তোষজনক নয়। এই ব্যর্থতার দায়ভার সবার ওপর এসে পড়েছে। তবে দলের খারাপ পারফরম্যান্সের প্রধান প্রভাব কোচের ওপর পড়েছে। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসদের খেলার সময় ভালো না যাওয়ার কারণে প্রধান কোচ পরিবর্তনের গুঞ্জন ক্রিকেট মহলে শোনা যাচ্ছে।
বর্তমান কোচ ফিল সিমন্সকে বিদায় জানিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আলোচনায় বসতে যাচ্ছে। আগামীকাল বিকেল ৩টায় বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এই সভায় কোচ পরিবর্তনের পাশাপাশি ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি চালু এবং ২০৩১ বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
সিমন্সের চুক্তির মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। শুধু কোচের বিষয় নয়, শিষ্যদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হবে। সভায় নারী ক্রিকেট দলের আগামী সিরিজ, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি এবং অলিম্পিকের বাছাইপর্ব নিয়েও পরিচালকরা আলোচনা করবেন।
এছাড়া বিসিবির কিছু বিভাগের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। মামলাটি গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী টুঙ্গিপাড়া থানায় দায়ের করেন।
মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালুসহ) মোট আটজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরো পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে টহল দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে তাদের পথরোধ করে। বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, "বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরীতে জুমার নামাজের পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। তবে তাদের মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন। এরপর তারা মিছিল বের করেন। মিছিলটি কিছু দূর এগোতেই পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। পরে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে প্রবেশ করেন।
এদিকে, মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যাচ্ছে।
চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির কালের কণ্ঠকে জানান, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। আমরা অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করেছি। বাকিদের আটকে অভিযান চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে যদি অনিয়মের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ হিসেবে বিদেশে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হতে পারে।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে আরিফুল হক চৌধুরী জানান, গতকাল সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়ায় যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা প্রদানের জন্য ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে।
মন্ত্রী জানান, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় মন্ত্রী প্রবাসীদের নিজ-নিজ অবস্থানরত দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান।
বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। ইতোমধ্যে জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। এছাড়া সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে জন্য তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
অনুষ্ঠানে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি মন্তব্য করেছেন, স্বাস্থ্য খাতে নির্লজ্জ দলীয়করণ চলছে, যা পতিত ফ্যাসিবাদীদের মতো। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে সব খাতকে দলীয়করণ করতে চেষ্টা করলেও বিএনপি ক্ষমতা গ্রহণের সাথে সাথেই এই প্রক্রিয়া শুরু করেছে। বিএনপি সরকারের এই নির্লজ্জ দলীয়করণের ফলে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
বৃহস্পতিবার রাতে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃত্বে চিকিৎসক সমাজ যেভাবে ফ্যাসিবাদের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছিল, সেই ঐক্য বজায় রেখে ভবিষ্যতেও যেকোনো অপশক্তির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলন আমাদের জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে। এই ঐক্য বজায় রেখেই জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্য বিনষ্ট করতে দেশি-বিদেশি অনেক শক্তি চেষ্টা করছে এবং সরকারের ভেতরেও এসব শক্তির বিচরণ দেখা যাচ্ছে। তিনি বলেন, এরা জাতির দুশমন, তাদের চিনে রাখতে হবে।
ড. মাসুদ এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের ডাক দেওয়ার পরও যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, তাহলে বুঝতে হবে দল ও সরকার প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, সরকার ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। তবে সেই সংলাপ এক টেবিলে বসে কেন সম্ভব হবে না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, সত্যিকারের ঐক্য প্রতিষ্ঠার জন্য সব পক্ষের অংশগ্রহণে একসঙ্গে সংলাপ হওয়া প্রয়োজন। আলাদা আলাদা বৈঠক কখনো সংলাপ হতে পারে না; বরং এটি সংলাপের নামে সরকারের নতুন তামাশা। তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকারকে আহ্বান জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে একটি সংলাপের আয়োজন করতে। তাহলে কোন দল কীভাবে জাতীয় ঐক্য চায়, তা জাতির সামনে পরিষ্কার হবে। যারা সত্যিকারের ঐক্য চায় না, তারাই এক টেবিলে বসতে ভয় পায়।
ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) মতিঝিল জোন পরিচালক ডা. মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে এবং মতিঝিল জোন সভাপতি ডা. রাইয়ান হাসারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার ও সেক্রেটারি ডা. নূর উদ্দিন তালুকদার। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের স্থানীয় অধ্যাপক, কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ