শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৮ পি.এম
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের জাঁকজমককে টেক্কা দিতে চেয়েছেন বিহার রাজ্যের বিধায়ক অনন্ত সিং। তাঁর মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথিকে আপ্যায়ন করা হয়েছে, ৫ লাখ মিষ্টি বিতরণ করা হয়েছে, ৫০০ বাবুর্চি রান্নার কাজে নিয়োজিত ছিলেন এবং অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
গত বুধবার (২৬ নভেম্বর) বিহারের নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়িতে বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাত্র রিশিকেশ কুমার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী।
আয়োজিত বিয়ের অনুষ্ঠানে প্রায় আড়াই হেক্টর জায়গাজুড়ে উপস্থিত ছিলেন ৪ লাখ অতিথি। ভারতে জাঁকজমকপূর্ণ বিয়ের প্রচলন থাকলেও অতিথির এই সংখ্যা ছিল সত্যিই বিস্ময়কর।
বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয়েছে প্রায় ৫ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। খাবার প্রস্তুত করতে ৫০০ বাবুর্চি ও রাঁধুনি কাজ করেছেন। কাবাব ও বিভিন্ন পদ রান্নার জন্য প্রায় এক হাজার কেজি খাসির মাংস ব্যবহার করা হয়েছে।
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হেলিকপ্টারে আসা বিশেষ অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। বর রিশিকেশ কুমার সানগ্লাস পরে এবং হাতে কমলা রঙের স্কার্ফ নিয়ে ১৫১টি গাড়ির বহরসহ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিজোড় সংখ্যাকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বরকে উপহার হিসেবে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার প্রদান করা হয়।
বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির প্রচণ্ড জট তৈরি হয়। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের মতে, যানজটে আটকে পড়া এক অতিথি শেষ পর্যন্ত ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অতিথিদের আপ্যায়নে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে বাহারি সাজসজ্জা তৈরি করা হয়। আতশবাজির আয়োজনও ছিল।
বিনোদনের জন্য ডিজের পরিবর্তে ঘোড়দৌড় প্রতিযোগিতার পরিকল্পনা করেছিলেন বিধায়ক। প্রতিযোগিতা দেখার জন্য উৎসুক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। তবে অতিরিক্ত বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতাটি বাতিল করতে হয়। প্রতিযোগিতার বিজয়ীর জন্য একটি এসইউভি গাড়িও রাখা হয়েছিল।
তবে অনন্ত সিং ভারতের রাজনীতিতে বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত। পাঁচবার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হওয়া এই বিধায়কের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।
সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের ওয়েবসাইটে এসব মামলার তথ্য রয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন অনন্ত সিং।
বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে আয়োজনের বিশালতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে অস্বাভাবিক বলে মানতে চাননি। অনন্ত সিং বলেন, ‘আমার বড় মেয়ের বিয়েতেও ঠিক একই ধরনের আয়োজন করেছিলাম।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় চলমান ভূমি জরিপ কার্যক্রমে অনিয়ম, ঘুষ লেনদেন এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির রেকর্ড পরিবর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও নিজের ৯০ শতাংশ জমি সঠিকভাবে রেকর্ডভুক্ত করার দাবি জানিয়েছেন নাসরিন আরা বেগম নামে এক ভুক্তভোগী নারী।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা চত্বরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। নাসরিন আরা বেগম উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাইফুল ইসলামের স্ত্রী ও ফজরন নেছার মেয়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আরা বেগম জানান, উপজেলার ২৮ নম্বর গোপালপুর মৌজায় তাঁর ও পূর্বপুরুষদের প্রায় ১৫০ বছরের ভোগদখলীয় পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া মোট ৯০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ বসতবাড়ি শ্রেণির এবং ৪৫ শতাংশ পালান শ্রেণির জমি।
তিনি বলেন, এসব জমি নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে এবং আদালত জমির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছেন। কিন্তু চলমান হাল জরিপে আদালতের নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের ভোগদখল উপেক্ষা করে জমির রেকর্ড পরিবর্তন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নাসরিন আরা বেগমের অভিযোগ, আলফাডাঙ্গা উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার ও সহকারী সেটেলমেন্ট অফিসার (চলতি দায়িত্ব) মো. আলী আকরাম স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আশ্রয় নিয়ে অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে জমির রেকর্ড পরিবর্তন করেছেন। তাঁর দাবি, ৪৫ শতাংশ বসতবাড়ির জমির মধ্যে মাত্র ২৮ শতাংশ এবং ৪৫ শতাংশ পালান শ্রেণির জমির মধ্যে ১৩ দশমিক ২১ শতাংশসহ মোট ৪১ দশমিক ২১ শতাংশ জমি তাঁর নামে রেকর্ড করা হয়েছে। বাকি ৪৮ দশমিক ৭৯ শতাংশ জমি অন্যের নামে রেকর্ডভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি দুটি দাবি জানান। দাবিগুলো হলো—অভিযুক্ত কর্মকর্তা মো. আলী আকরামের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নিষেধাজ্ঞা ও বৈধ কাগজপত্র পর্যালোচনা করে অন্যের নামে রেকর্ড করা জমির রেকর্ড বাতিল বা সংশোধনের মাধ্যমে সম্পূর্ণ ৯০ শতাংশ জমি তাঁর নামে সঠিকভাবে রেকর্ডভুক্ত করার ব্যবস্থা গ্রহণ।
এ বিষয়ে ভূমি উপদেষ্টা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, ফরিদপুরের জেলা প্রশাসক, জোনাল সেটেলমেন্ট অফিসার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. আলী আকরামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ ব্যাংক ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ নিয়ে এসেছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে দেশের ৮টি জেলা থেকে ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণের কার্যক্রম এখনো চলমান রয়েছে, যা আগামী ৩০ নভেম্বর শেষ হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে প্রথম ধাপে দেশের ৮ জেলার ৬৪ উপজেলা থেকে সংগ্রহকৃত আবেদনগুলোর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪টি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এসব উপজেলা থেকে মোট ৬৪০ জন উদ্যোক্তা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
এদিকে, বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণের কার্যক্রম এখনো চলমান রয়েছে। গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে এসব জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ঋণ-প্রত্যাশী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ এবং ঋণের সমপরিমাণ অর্থ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটী-সাটুরিয়া সড়কের কাজ তিন বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি। ২৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এখন সাধারণ যাত্রীদের জন্য এক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্পের কাজ বাস্তবায়ন না হওয়ায় যাত্রীদের দুর্ভোগ যেন কমছেই না।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন খানাখন্দে পড়ে থাকার পর ২০২৩ সালে সড়কটির টেন্ডার অনুষ্ঠিত হয়। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২৯৪ কোটি টাকা ব্যয়ে মোট ২৪.৬৫০ কিলোমিটার রাস্তার কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
টাঙ্গাইল অংশ থেকে কাজ শুরু করে ১২ কিলোমিটার পর্যন্ত কাজ সম্পন্ন হলেও অদৃশ্য কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্মাণ কাজ বন্ধ করে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ এবং ঠিকাদারের মধ্যে দর কষাকষির এক পর্যায়ে ঠিকাদার মামলা করেন। এরপর থেকে আর কাজ শুরু হয়নি।
এদিকে, খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে এবং গাড়ি বিকল হচ্ছে। সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত রয়েছে, যা বৃষ্টির পর পুকুরে পরিণত হয়ে যায়। এসব কারণে সাধারণ যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। বছরের পর বছর ধরে এই ব্যস্ততম সড়কটি নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তির মাত্রা বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম মন্তব্য করেন, "দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা। এর আগে ঠিকাদার কাজ শুরু করলেও হঠাৎ আর কাজ করতে দেখছি না।" তিনি আরও জানান, "এই সড়ক দিয়ে চলাচল করতে প্রায় প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ছেন। যানবাহন নষ্ট হচ্ছে।"
গাড়িচালক আজগর আলী বলেন, "এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন গাড়ি নষ্ট হচ্ছে। অনেক সময় অটোরিকশার যন্ত্রপাতি খুলে পড়ে থাকে সড়কে।"
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, "সড়কটি দিয়ে চলাচল এতটাই কষ্ট হয় যে, মুমূর্ষু রোগী হাসপাতালে নিতে গেলে আরও বেশি অসুস্থ হয়ে পরে।" তিনি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলম বলেন, "দেলদুয়ার-লাউহাটী সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে কাজ চলমান ছিল। কাজের ধীরগতির কারণে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা হয়। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ঠিকাদার আদালতে মামলা করেন। মামলা চলমান থাকায় কাজ করা যাচ্ছে না।"
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান হলে টাঙ্গাইলের দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া সড়কটির কাজ শেষ হলে মানিকগঞ্জের সঙ্গে টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের যোগাযোগ সহজ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ