ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১৮ বছর বয়সী ব্রিটিশ ফুটবলার কৃশ মহাত্মা


যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১৮ বছর বয়সী ব্রিটিশ ফুটবলার কৃশ মহাত্মা

১৮ বছর বয়সী ব্রিটিশ তরুণ কৃশ মহাত্মা ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু মিসিসিপিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তাঁর সেই স্বপ্নের অপমৃত্যু ঘটে। তিনি সতীর্থদের সঙ্গে একটি টাকো রেস্তোরাঁর বাইরে অবস্থান করছিলেন, তখন গুলিতে নিহত হন।

ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্যাকসনে রেস্তোরাঁটির বাইরে এই ভয়াবহ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মহাত্মা চলতি বছরের শুরুতে ক্রীড়া ও শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি কপিয়াহ-লিংকন কমিউনিটি কলেজের ফুটবল দলের সদস্য হিসেবে খেলতেন। তিনি দলের হয়ে ১৪টি ম্যাচে অংশগ্রহণ করেন। গত সেপ্টেম্বরে তিনি ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশের সামনে পাকিস্তান ‘এ’ দল

মহাত্মার মৃত্যুতে যুক্তরাষ্ট্রভিত্তিক কলেজ ফুটবল রিক্রুটিং সংস্থা এসআরইউএসএ শোক প্রকাশ করেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, মহাত্মা তাদের পরিবারের একজন মূল্যবান সদস্য ছিলেন এবং তাঁর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে, মহাত্মার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করেছে সংস্থাটি।

ডেইলি স্পোর্টস জানাচ্ছে, এটি বিশ্ব ফুটবলে গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় শোকাবহ মৃত্যুর ঘটনা। এর আগের দিন আইসল্যান্ডের ক্লাব ভিকিংগুরের ৩৭ বছর বয়সী গোলরক্ষক ইঙ্গভার ইয়োনসনের মৃত্যুর খবর প্রকাশিত হয়, যিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

অল্প বয়সে মহাত্মার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর সতীর্থ, পরিবার ও পরিচিতজনদের মধ্যে।

আরও পড়ুন: লুসাইলে নতুন টায়ার ব্যবহারের নিয়ম, রেস কৌশলে প্রভাব পড়বে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্ক-ইরাক ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পে তেল বিক্রির অর্থ ব্যবহার করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


তুরস্ক-ইরাক ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পে তেল বিক্রির অর্থ ব্যবহার করবে

তুরস্ক ও ইরাক ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি চূড়ান্ত করেছে, যা তেল বিক্রির অর্থ দিয়ে পরিচালিত হবে। দুই দেশের মধ্যে ১২ হাজার কিলোমিটার দীর্ঘ ‘ইরাক ডেভেলপমেন্ট রোড’ প্রকল্পের অর্থায়ন নিয়ে সকল মতপার্থক্য দূর হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশ দুটি। প্রকল্পটির নির্মাণকাজ চার বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বুধবার বাগদাদে ইরাকের সংশ্লিষ্ট মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু এসব তথ্য জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে (এমইই) দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রকল্পের অর্থায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে যে অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোর সমাধান হয়েছে। এখন চুক্তি সইয়ের অপেক্ষা।

উরালোগলু বলেন, ‘ইরাক সরকার চায়, আগামী জানুয়ারিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের উপস্থিতিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক।’

২০২৩ সালের মে মাসে প্রথমবারের মতো প্রকল্পটি ঘোষণা করা হয় এবং তখন একে ‘শুষ্ক খাল’ হিসেবে অভিহিত করা হয়েছিল। প্রকল্পের আওতায় ইরাকের বসরা অঞ্চলের গ্র্যান্ড ফাও বন্দর থেকে সড়ক ও রেলপথে তুরস্ক হয়ে ইউরোপের সঙ্গে যুক্ত হবে দেশটি। এর সঙ্গে জ্বালানি পরিবহনের সংযোগও যুক্ত হতে পারে।

তবে ঘোষণার পর থেকেই প্রকল্পটি নানা বাধার মুখে পড়ে। আঞ্চলিক কর্মকর্তারা এমইইকে জানিয়েছেন, প্রকল্পের প্রাথমিক অংশীদারদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও কাতার অর্থায়ন করতে না পারায় বাগদাদ ও আঙ্কারাকে বিকল্প অর্থের উৎস খুঁজতে হয়েছে।

তেল বিক্রির অর্থে নির্মাণকাজ

উরালোগলু জানান, আঙ্কারার প্রস্তাব করা তেল বিনিময়ে অবকাঠামো নির্মাণের একটি পরিকল্পনায় দুই দেশ সম্মত হয়েছে। এই ব্যবস্থায় ইরাক প্রতিদিন তুরস্কের কাছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল বিক্রি করবে। সেই তেল বিক্রির অর্থ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যবহার করা হবে।

তিনি বলেন, প্রকল্পের মধ্যে রেলপথ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুরো রেলপথজুড়ে ফাইবার অপটিক সংযোগ স্থাপন করা হবে, যা বসরা থেকে তুরস্ক পর্যন্ত একটি তথ্যপ্রযুক্তি সংযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।

তুরস্কের আরেক কর্মকর্তা এমইইকে জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অর্থায়নব্যবস্থা তৈরি করেছে আঙ্কারা। খনিজসম্পদে সমৃদ্ধ অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও এ পদ্ধতি ব্যবহার করা সম্ভব হতে পারে।

প্রস্তাবিত ব্যবস্থায় বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতি ব্যারেল তেলের দাম নির্ধারণ করবে ইরাকের কর্তৃপক্ষ। তেল বিক্রির অর্থ জমা হবে তুরস্কের একটি রাষ্ট্রীয় ব্যাংকে। পরে তুরস্ক ও ইরাকের যৌথ কনসোর্টিয়াম বা অংশীদারি সংস্থা ওই অর্থ ব্যবস্থাপনা করবে। নির্মাণকাজের অগ্রগতি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অর্থ পরিশোধ করা হবে। প্রকল্পে ইরাক ও তুরস্কের বিভিন্ন কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের ওই কর্মকর্তা বলেন, এ ব্যবস্থায় ঠিকাদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। ইরাকের সরকারি অর্থব্যবস্থার অনিশ্চয়তার কারণে নির্মাণপ্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে না। বাগদাদে সরকার পরিবর্তন হলেও প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কমবে। পাশাপাশি উচ্চ সুদের বিদেশি ঋণের প্রয়োজন হবে না।

উরালোগলু বলেন, ‘আমরা আগামী মাসেও অর্থায়ন চুক্তি সই করতে পারি। আর চার বছরের মধ্যে প্রকল্পটি শেষ করা সম্ভব।’

তবে ইরাকের রাজনৈতিক নেতৃত্বে বারবার পরিবর্তনের কারণে প্রকল্পের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান কঠিন হয়ে পড়েছিল বলে স্বীকার করেন তুরস্কের এই মন্ত্রী।

রাজনৈতিক পরিবর্তনে বারবার বাধাগ্রস্ত প্রকল্প

২০২৩ সালে ঘোষণার পর থেকে ইরাকে প্রধানমন্ত্রী পরিবর্তন এবং প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্বে রদবদলের কারণে উন্নয়ন রোড প্রকল্পটি প্রায় বাতিল হওয়ার মুখে পড়েছিল। সমালোচকদের অভিযোগ, গত তিন বছরে প্রকল্পটির তেমন কোনো অগ্রগতি হয়নি।

গত জুলাইয়ে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির আঙ্কারা সফরের সময় এ নিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সফরে উন্নয়ন রোড প্রকল্প নিয়ে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে ইরাকের কয়েকজন কর্মকর্তা অনীহা দেখান।

সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে ইরাকের পরিবহনমন্ত্রী ওয়াহাব আল-হাসানি উপস্থিত হননি। এতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে দৃশ্যত বিভ্রান্ত হতে দেখা যায়। পরে ইরাকের প্রধানমন্ত্রী আল-জায়েদি হস্তক্ষেপ করেন। নৈশভোজের সময় তেল বিক্রির অর্থ দিয়ে অবকাঠামো নির্মাণের ভিত্তি তৈরির ওই সমঝোতা স্মারক সই নিশ্চিত করেন তিনি।

বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি এমইইকে জানিয়েছেন, প্রস্তাবিত রেলপথ নিয়ে ইরাকের কুর্দি কর্তৃপক্ষের আপত্তি ওই ঘটনার অন্যতম কারণ ছিল। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, রেলপথটি ইরাকি কুর্দিস্তানের বেশির ভাগ এলাকা এড়িয়ে ওভাকয় এলাকার কাছে তুরস্কের সীমান্তে পৌঁছাবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এতে এই পথ দিয়ে ইরাকের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি ঝুঁকির মুখে পড়েছে। দেশটির মোট তেল উৎপাদনের ৮০ শতাংশ এই পথে রপ্তানি করা হয়। ফলে নতুন করে উন্নয়ন রোড প্রকল্পের গুরুত্ব বিবেচনা করছে বাগদাদ।

ইরাক ডেভেলপমেন্ট রোড প্রকল্পের আঞ্চলিক বিশেষজ্ঞ মেহমেত আলাকা এমইইকে বলেন, ‘হরমুজ সংকট আল-জায়েদির জন্য একটি সতর্কবার্তা ছিল। এতে তিনি বুঝতে পেরেছেন, যোগাযোগ অবকাঠামো প্রকল্পে গুরুত্ব দেওয়া এবং বাগদাদের রপ্তানির বিকল্প পথ তৈরি করা প্রয়োজন।’

তিনি আরো বলেন, অতীতে ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ও অর্থায়নসংক্রান্ত সমস্যার কারণে প্রকল্পটি বাধার মুখে পড়েছিল। তবে নতুন অর্থায়নব্যবস্থা এসব সমস্যা সমাধানে সহায়ক হতে পারে।

কুর্দি ইস্যুতে নতুন উত্তেজনা

তবে প্রকল্প বাস্তবায়নে কুর্দিদের ভূমিকা নিয়ে এখনো জটিলতা রয়েছে। উরালোগলুর বাগদাদ সফরের সময় ইরাকের সাংবিধানিক আদালতের একটি রায়ের ভিত্তিতে কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে (কেআরজি) সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিতে বলে প্রধানমন্ত্রী আল-জায়েদির সরকার। একই সঙ্গে ইরাকের সংবিধান অনুযায়ী বিরোধপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোর তেলক্ষেত্রের নিয়ন্ত্রণও কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।

এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মেহমেত আলাকার মতে, কুর্দি কর্তৃপক্ষের ওপর বাগদাদ ক্ষুব্ধ। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে, যেখানে অনাকাঙ্ক্ষিত সংঘাতও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে উত্তেজনা প্রশমনের সুযোগও রয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, উন্নয়ন রোডের রেলপথের গতিপথ নিয়ে সমাধান বের করা সম্ভব। প্রস্তাবিত পথটি দোহুক হয়ে ফায়েশ খাবুরের কাছে গিয়ে শেষ হবে। এলাকাটি বর্তমানে ইরাকি কুর্দিস্তানের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

উরালোগলু বলেন, রেলপথের মূল গতিপথে ছোটখাটো পরিবর্তন এবং ইরাকি কুর্দিস্তানের বিভিন্ন স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপনে আঙ্কারার আপত্তি নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বাগদাদকে।

কুর্দিদের সঙ্গে উত্তেজনার কারণে উন্নয়ন রোড প্রকল্প বিলম্বিত হবে কি না, এমন প্রশ্নের জবাবে তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দীর্ঘ মেয়াদে এই উত্তেজনা প্রকল্পের ওপর প্রভাব ফেলবে না।

এদিকে স্থল ও সমুদ্রসীমা নিয়ে কুয়েত ও ইরাকের বিরোধও প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে উরালোগলু বলেন, আঙ্কারা ও বাগদাদ কেউই এ বিরোধকে তাৎক্ষণিক কোনো বাধা হিসেবে দেখছে না। ফাও বন্দরে নির্মাণকাজও নির্বিঘ্নে এগোচ্ছে।

তুরস্কের এই মন্ত্রী বলেন, কুয়েতও প্রকল্পে যুক্ত হতে পারে। কারণ, এতে অংশগ্রহণকারী সব দেশের জন্যই সম্ভাব্য সুবিধা রয়েছে। আঙ্কারায় অবস্থানরত আঞ্চলিক কূটনীতিকদের মতে, এ পথে তুরস্কে তেল পরিবহনের সুযোগ পেতে পারে কুয়েত।

তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, ইরাক ডেভেলপমেন্ট রোড প্রকল্পের মাধ্যমে আগামী ১০ বছরে দেশটির অর্থনীতিতে ৬১ দশমিক ৫ বিলিয়ন ডলার অবদান রাখতে পারে। এ ছাড়া উৎপাদন ও সরবরাহকেন্দ্র গড়ে তোলার মাধ্যমে বছরে গড়ে ৭১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বাড়ছে ক্যানসার রোগী, পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রের অভাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


চট্টগ্রামে বাড়ছে ক্যানসার রোগী, পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রের অভাব

চট্টগ্রামে ক্যানসার রোগীর সংখ্যা ও চিকিৎসার চাহিদা বৃদ্ধি পেলেও, এখনো পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র গড়ে ওঠেনি। সরকারি হাসপাতালে বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে চলছে এ রোগের চিকিৎসা। কোথাও কেমোথেরাপি, কোথাও রেডিওথেরাপি, আবার কোথাও রক্তের ক্যানসারের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে ক্যানসার শনাক্তকরণ থেকে শুরু করে অস্ত্রোপচার, আধুনিক চিকিৎসা ও পরবর্তী পর্যবেক্ষণ—সব সেবা এক জায়গায় না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরকারি হাসপাতালগুলোতে বিশেষায়িত এসব রোগের কিছু চিকিৎসাসেবা চালু থাকলেও আধুনিক প্রযুক্তি, মলিকুলার ল্যাব ও সমন্বিত চিকিৎসাব্যবস্থার অভাবে জটিল রোগীদের একটি বড় অংশকে রাজধানীমুখী হতে হচ্ছে।

আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা কেউ কেউ উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাচ্ছেন। এতে রোগী ও স্বজনদের আর্থিক চাপ ও ভোগান্তি বাড়ছে। রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের রোগীদের চিকিৎসার দীর্ঘদিনের সংকট অনেকটাই সমাধান হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ক্যানসারের চিকিৎসা বিভিন্ন বিভাগে দেওয়া হচ্ছে। পাকস্থলী ও যকৃতের ক্যানসারের চিকিৎসা ৩৮ নম্বর ওয়ার্ডের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে চলছে। রক্তের ক্যানসারের চিকিৎসা ৩৭ নম্বর ওয়ার্ডের হেমাটোলজি বিভাগে প্রদান করা হচ্ছে। ফুসফুস, কিডনিসহ অন্যান্য অঙ্গের ক্যানসারের চিকিৎসাও সংশ্লিষ্ট বিভাগগুলোতে সীমিত পরিসরে দেওয়া হচ্ছে।

এছাড়া হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। স্তন, জরায়ু, বৃহদান্ত্র, কিডনি, মুখগহ্বর, পাকস্থলী, ফুসফুস, কোলন ও থাইরয়েড ক্যানসারে আক্রান্ত রোগীদের কেমোথেরাপি ও রেডিওথেরাপি প্রদান করা হচ্ছে।

চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী আসগর চৌধুরী জানিয়েছেন, প্রতিদিন গড়ে ১২০ জনের বেশি ক্যানসার রোগী এ বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু রোগ শনাক্তকরণের জন্য অত্যাধুনিক মলিকুলার ল্যাব না থাকায় রোগীদের বিভিন্ন জায়গায় পরীক্ষা করাতে হচ্ছে। এতে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

তিনি বলেন, মলিকুলার ল্যাব না থাকায় রোগীর জন্য কোন ধরনের টার্গেট থেরাপি প্রয়োজন, জিনগত বৈশিষ্ট্য কী কিংবা কোন চিকিৎসা বেশি কার্যকর হবে, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। লিকুইড বায়োপসির মতো আধুনিক পরীক্ষার সুবিধাও এখানে নেই। এসব পরীক্ষা চালু হলে ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার ধরন নির্ধারণ সহজ হবে।

আসগর চৌধুরী আরো জানান, ক্যানসার চিকিৎসায় বর্তমানে লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন ব্যবহার করা হচ্ছে। এ মেশিনের মাধ্যমে উচ্চশক্তির রশ্মি প্রয়োগ করে নির্ভুলভাবে টিউমারের ক্যানসার কোষ ধ্বংস করা সম্ভব। চমেক হাসপাতালে মেশিনটি স্থাপনের জন্য সরকারের কাছে চাহিদাপত্র দেওয়া হয়েছে। এটি স্থাপন করা হলে সরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের আধুনিক রেডিওথেরাপি পাওয়ার সুযোগ বাড়বে।

চমেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পুরোনো ও নতুন মিলিয়ে ২৭ হাজার ৭৭৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি বছর আনুমানিক ২৫ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। দুই বছরে মোট প্রায় ৫২ হাজার ৭৭৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি মাথা ও ঘাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৭২৪ জন (২১ শতাংশ)। এরপর ফুসফুসের ক্যানসারে ৫৫২ জন (১৬ শতাংশ), বৃহদান্ত্রের ক্যানসারে ৪১৪ জন (১২ শতাংশ), খাদ্যনালির ক্যানসারে ২৪১ জন (৭ শতাংশ) এবং পাকস্থলীর ক্যানসারে ২০৭ জন (৬ শতাংশ)। অন্যান্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১,৩১৩ জন (৩৮ শতাংশ)।

নারীদের মধ্যে সবচেয়ে বেশি স্তন ক্যানসার শনাক্ত হয়েছে ৬৯৩ জনের (২৫ শতাংশ)। জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন (১৮ শতাংশ), মাথা ও ঘাড়ের ক্যানসারে ৩৩২ জন (১২ শতাংশ)। এছাড়া বৃহদান্ত্রের ক্যানসারে ২২১ জন (৮ শতাংশ) এবং ফুসফুসের ক্যানসারে ১৯৫ জন (৭ শতাংশ)। অন্যান্য ক্যানসারে আক্রান্ত হয়েছেন ৮৩২ জন (৩০ শতাংশ)।

চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগে রক্তের ক্যানসারসহ বিভিন্ন রক্তরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। শরীরে দুর্বলতা, বারবার জ্বর, অস্বাভাবিক রক্তপাত কিংবা রক্ত পরীক্ষায় অস্বাভাবিকতা—এসব লক্ষণের পর পরীক্ষায় অনেকের লিউকেমিয়া, লিম্ফোমা কিংবা মাইলোমার মতো রক্তের ক্যানসার শনাক্ত হয়। এরপর শুরু হয় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ব্যয়ের চাপ।

হেমাটোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এস এম জসিম উদ্দিন জানিয়েছেন, ২০০৮ সালে হাসপাতালের রক্তরোগ বিভাগের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে রক্তের ক্যানসারসহ বিভিন্ন রক্তরোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি, বহির্বিভাগ, ডে-কেয়ার ও রেফারেল—এই চার ধরনের সেবার মাধ্যমে রোগীদের চিকিৎসা চলছে।

এই বিভাগের গত পাঁচ বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে মোট ৮,৬৬৫ রোগী সেবা নেন। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯,৫৩৭ জনে। ২০২৪ সালে ৯,৮০৪ এবং ২০২৫-এ ১০ হাজার ৬৯৪ রোগী চিকিৎসা নিয়েছেন। ২০২৫ সালে ভর্তি হন ৬৬৪ জন, রেফারেল রোগী ছিলেন ১,৫৬৪, বহির্বিভাগে সেবা নেন ৬,১২৫ জন এবং ডে-কেয়ারে চিকিৎসা নেন ২,৩৪১ রোগী।

হেমাটোলজিতে ২০২২ সালে ১৪ জন, ২০২৩ সালে ১৬, ২০২৪-এ ২২ এবং ২০২৫ সালে ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরের অক্টোবর পর্যন্ত মারা গেছেন আরো ১৫ জন। সব মিলিয়ে গত পাঁচ বছরে বিভাগটিতে ৮০ জন রোগীর মৃত্যু হয়েছে।

বিভাগটিতে বোনম্যারো, সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম (পিবিএফ), পিটি-এপিটিটি ও বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। তবে রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবা সম্প্রসারণ ও আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছর নতুন ও পুরাতন মিলিয়ে সেখানে ১৫ হাজার ৬৩৩ জন ক্যানসার রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নতুন রোগী ছিলেন ৪,৭৭২ জন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ চলছে। সেখানে ক্যানসারের সব ধরনের চিকিৎসার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকবে। ২০২৮ সালের মধ্যে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধীন ল্যাবরেটরি অব ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন অ্যান্ড ফাংশন এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারির (ক্রিকস) যৌথ সমীক্ষায় ক্যানসারের ঝুঁকি ও আক্রান্তের ধরন নিয়ে তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় খাদ্যাভ্যাস, তামাক সেবন ও জীবনযাত্রার বিভিন্ন বিষয়কে ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হিসেবে তুলে ধরা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার পরিবর্তন ও অসচেতনতার কারণে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে চিকিৎসায় ভালো ফল পাওয়া সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসিক ব্যাংকের তারল্য স্বস্তি, তবে খেলাপি ঋণ ও মূলধন সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩০ এম


বেসিক ব্যাংকের তারল্য স্বস্তি, তবে খেলাপি ঋণ ও মূলধন সংকটে

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক তারল্য পরিস্থিতি স্বস্তিদায়ক হলেও মূলধন সংকট, বিপুল খেলাপি ঋণ ও দুর্বল আর্থিক ভিত্তিতে ধুঁকছে। ব্যাংকটির ঋণমান ও আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের জন্য মূলধন পুনর্গঠন, খেলাপি ঋণ আদায় এবং লাভজনক বিনিয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। একইসঙ্গে, ব্যাংকটির পরিচালনা পর্ষদকে সরকারের পক্ষ থেকে তিন বছর মেয়াদি একটি বাস্তবসম্মত পুনর্গঠন পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর সংকট উত্তোরণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এক সভায় বেসিক ব্যাংকের জন্য এসব কৌশলগত সুপারিশ তুলে ধরা হয়।

সূত্র জানায়, বেসিক ব্যাংকের খেলাপি ঋণের হার ৬৪ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকটির লিকুইডিটি কভারেজ রেশিও (এলসিআর) ৩৬৩ দশমিক ৩৫ শতাংশ হলেও লিভারেজ রেশিও ঋণাত্মক ১৬ দশমিক ৫১ শতাংশ। অর্থাৎ, তারল্যের পর্যাপ্ততা থাকলেও ব্যাংকটির মূলধন কাঠামোতে গুরুতর দুর্বলতা রয়েছে। এ অবস্থায়, শুধু তারল্যের স্বস্তিকে আর্থিক সক্ষমতার লক্ষণ হিসেবে বিবেচনা না করে মূলধন পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বেসিক ব্যাংকের আর্থিক পরিস্থিতি উন্নয়নে খেলাপি ঋণ আদায়কে পরিচালনা পর্ষদের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে নেওয়ার সুপারিশ করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ জন্য সময়সীমা নির্ধারণ করে একটি আদায় কৌশল প্রণয়ন, বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবলোপন করা ঋণ পুনরুদ্ধার এবং আইনি দাবি আদায়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

ব্যাংকটির প্রতিটি শাখাকে ঋণ আদায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলারও পরামর্শ দেওয়া হয়েছে। শাখাভিত্তিক মাসিক আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রকৃত নগদ আদায়ের হিসাব নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু ঋণ পুনঃতফসিল বা হিসাবের সমন্বয়ের মাধ্যমে আদায়ের অগ্রগতি দেখানোর পরিবর্তে বাস্তবে অর্থ আদায় নিশ্চিত করতে বলা হয়েছে।

আমানতের ব্যয় কমানো ও আয়

বাড়ানোর তাগিদ

সভায় উপস্থাপিত তথ্যে বেসিক ব্যাংকের তহবিল সংগ্রহের ব্যয় ৯ দশমিক ১৪ শতাংশ এবং স্বল্প ব্যয়ের আমানতের অনুপাত মাত্র ২২ দশমিক ৩৮ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে উচ্চ সুদের আমানতের ওপর নির্ভরতা কমিয়ে চলতি ও সঞ্চয়ী হিসাব (সিএএসএ) থেকে আমানত সংগ্রহ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ব্যাংকটির অ্যাডভান্স-ডিপোজিট রেশিও (এডিআর) ৭২ দশমিক ১৫ শতাংশ। এ অবস্থায় বিদ্যমান তারল্যকে মানসম্মত ও আয়বর্ধক সম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ঋণ বিতরণ বাড়ানোর ক্ষেত্রে ঋণগ্রহীতার সক্ষমতা যাচাই, ঋণের মান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কোনো আপস না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ করে ক্ষুদ্র, কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষি এবং উৎপাদনশীল খাতে মানসম্মত ঋণ বিতরণের মাধ্যমে টেকসই মুনাফা অর্জনের সুপারিশ করা হয়েছে।

বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় শৃঙ্খলা

ফেরানোর নির্দেশনা

বেসিক ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাতেও জরুরি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপস্থাপিত তথ্যে ব্যাংকটির নিট উন্মুক্ত বৈদেশিক মুদ্রা অবস্থান (নেট ওপেন পজিশন—এনওপি) ৩৩ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সীমা ৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রপ্তানি বিল আদায় জোরদারের কথা বলা হয়েছে।

বেসিক ব্যাংককে ঘুরে দাঁড়াতে পরিচালনা পর্ষদের অনুমোদনে তিন বছর মেয়াদি একটি বিশ্বাসযোগ্য পুনর্গঠন পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এ পরিকল্পনায় পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্ব এবং প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কাছে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন পাঠানোর সুপারিশ করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নে খেলাপি ঋণ আদায়, মূলধনের উন্নতি, মুনাফা, তহবিল সংগ্রহের ব্যয় এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।

শাখাগুলোর বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে প্রতিটি শাখার জন্য পৃথক মাসিক মূল্যায়ন ব্যবস্থাও চালুর সুপারিশ করা হয়েছে। এতে নিট সুদ আয়, নগদ ঋণ আদায়, স্বল্প ব্যয়ের আমানত সংগ্রহ, মানসম্মত ঋণ বিতরণ, পরিচালন ব্যয় ও নিয়মনীতি পরিপালনের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে পরিচালনা পর্ষদের উদ্দেশে বলা হয়েছে, তারল্য ব্যাংককে সাময়িক স্বস্তি দিতে পারে; কিন্তু মূলধন পুনরুদ্ধার, খেলাপি ঋণ আদায় এবং লাভজনক ব্যাংকিং কার্যক্রমই বেসিক ব্যাংকের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। অন্যদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রতিটি শাখায় ঋণ আদায় বাড়ানো, কম ব্যয়ের আমানত সংগ্রহ, উন্নত ঋণ ব্যবস্থাপনা এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী আমার দেশকে বলেন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার যথাযথভাবে পরিপালন করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঋণ অবলোপনের (রাইট-অফ) কার্যক্রমও পরিচালিত হচ্ছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুসরণ করেই ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমানে ৯টি স্কিমে ঋণ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে শাখাগুলোকে ঋণের প্রস্তাবনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজে মনিটরিং করছেন। পরিচালনা পর্ষদও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করছে। কোনো কাজই অযথা ঝুলিয়ে রাখা হচ্ছে না।

বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা আমার দেশকে বলেন, ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি বা সম্পদের গুণগত মান উন্নত হলে আয় বাড়বে। এ লক্ষ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে খেলাপি ঋণ কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে পরিচালনা পর্ষদ সচেষ্ট রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াডাঙ্গীতে ৫০ জনের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ এম


বালিয়াডাঙ্গীতে ৫০ জনের মাঝে আস সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের একটি গ্রামে ৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন।

এসময় কম্বল, হুডি,টুপি,মোজা ও বই প্রদান করা হয়।

সংগঠনটি মানুষের মাঝে বিভিন্ন সামাজিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মুসলমানদের নিজ ধর্মের ব্যাপারে অবগত করতে দাওয়াতের কাজও চলমান রেখেছেন।
তাই শীতবস্ত্রের পাশাপাশি ইসলামিক দোয়ার বই ও বিতরণ করেন।

উল্লেখ্য থাকে যে, এবছর আস সুন্নাহ ফাউন্ডেশন ৩০,০০০জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%