প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্ক ও ইরাক ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি চূড়ান্ত করেছে, যা তেল বিক্রির অর্থ দিয়ে পরিচালিত হবে। দুই দেশের মধ্যে ১২ হাজার কিলোমিটার দীর্ঘ ‘ইরাক ডেভেলপমেন্ট রোড’ প্রকল্পের অর্থায়ন নিয়ে সকল মতপার্থক্য দূর হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ চুক্তি সইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশ দুটি। প্রকল্পটির নির্মাণকাজ চার বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
বুধবার বাগদাদে ইরাকের সংশ্লিষ্ট মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু এসব তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে (এমইই) দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রকল্পের অর্থায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে যে অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোর সমাধান হয়েছে। এখন চুক্তি সইয়ের অপেক্ষা।
উরালোগলু বলেন, ‘ইরাক সরকার চায়, আগামী জানুয়ারিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের উপস্থিতিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক।’
২০২৩ সালের মে মাসে প্রথমবারের মতো প্রকল্পটি ঘোষণা করা হয় এবং তখন একে ‘শুষ্ক খাল’ হিসেবে অভিহিত করা হয়েছিল। প্রকল্পের আওতায় ইরাকের বসরা অঞ্চলের গ্র্যান্ড ফাও বন্দর থেকে সড়ক ও রেলপথে তুরস্ক হয়ে ইউরোপের সঙ্গে যুক্ত হবে দেশটি। এর সঙ্গে জ্বালানি পরিবহনের সংযোগও যুক্ত হতে পারে।
তবে ঘোষণার পর থেকেই প্রকল্পটি নানা বাধার মুখে পড়ে। আঞ্চলিক কর্মকর্তারা এমইইকে জানিয়েছেন, প্রকল্পের প্রাথমিক অংশীদারদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও কাতার অর্থায়ন করতে না পারায় বাগদাদ ও আঙ্কারাকে বিকল্প অর্থের উৎস খুঁজতে হয়েছে।
তেল বিক্রির অর্থে নির্মাণকাজ
উরালোগলু জানান, আঙ্কারার প্রস্তাব করা তেল বিনিময়ে অবকাঠামো নির্মাণের একটি পরিকল্পনায় দুই দেশ সম্মত হয়েছে। এই ব্যবস্থায় ইরাক প্রতিদিন তুরস্কের কাছে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ব্যারেল তেল বিক্রি করবে। সেই তেল বিক্রির অর্থ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যবহার করা হবে।
তিনি বলেন, প্রকল্পের মধ্যে রেলপথ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পুরো রেলপথজুড়ে ফাইবার অপটিক সংযোগ স্থাপন করা হবে, যা বসরা থেকে তুরস্ক পর্যন্ত একটি তথ্যপ্রযুক্তি সংযোগ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।
তুরস্কের আরেক কর্মকর্তা এমইইকে জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অর্থায়নব্যবস্থা তৈরি করেছে আঙ্কারা। খনিজসম্পদে সমৃদ্ধ অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও এ পদ্ধতি ব্যবহার করা সম্ভব হতে পারে।
প্রস্তাবিত ব্যবস্থায় বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতি ব্যারেল তেলের দাম নির্ধারণ করবে ইরাকের কর্তৃপক্ষ। তেল বিক্রির অর্থ জমা হবে তুরস্কের একটি রাষ্ট্রীয় ব্যাংকে। পরে তুরস্ক ও ইরাকের যৌথ কনসোর্টিয়াম বা অংশীদারি সংস্থা ওই অর্থ ব্যবস্থাপনা করবে। নির্মাণকাজের অগ্রগতি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে অর্থ পরিশোধ করা হবে। প্রকল্পে ইরাক ও তুরস্কের বিভিন্ন কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
তুরস্কের ওই কর্মকর্তা বলেন, এ ব্যবস্থায় ঠিকাদারদের অর্থ পরিশোধের প্রক্রিয়া স্বচ্ছ থাকবে। ইরাকের সরকারি অর্থব্যবস্থার অনিশ্চয়তার কারণে নির্মাণপ্রতিষ্ঠানগুলো ঝুঁকিতে পড়বে না। বাগদাদে সরকার পরিবর্তন হলেও প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কমবে। পাশাপাশি উচ্চ সুদের বিদেশি ঋণের প্রয়োজন হবে না।
উরালোগলু বলেন, ‘আমরা আগামী মাসেও অর্থায়ন চুক্তি সই করতে পারি। আর চার বছরের মধ্যে প্রকল্পটি শেষ করা সম্ভব।’
তবে ইরাকের রাজনৈতিক নেতৃত্বে বারবার পরিবর্তনের কারণে প্রকল্পের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান কঠিন হয়ে পড়েছিল বলে স্বীকার করেন তুরস্কের এই মন্ত্রী।
রাজনৈতিক পরিবর্তনে বারবার বাধাগ্রস্ত প্রকল্প
২০২৩ সালে ঘোষণার পর থেকে ইরাকে প্রধানমন্ত্রী পরিবর্তন এবং প্রকল্পসংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্বে রদবদলের কারণে উন্নয়ন রোড প্রকল্পটি প্রায় বাতিল হওয়ার মুখে পড়েছিল। সমালোচকদের অভিযোগ, গত তিন বছরে প্রকল্পটির তেমন কোনো অগ্রগতি হয়নি।
গত জুলাইয়ে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির আঙ্কারা সফরের সময় এ নিয়ে দুই দেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সফরে উন্নয়ন রোড প্রকল্প নিয়ে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে ইরাকের কয়েকজন কর্মকর্তা অনীহা দেখান।
সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে ইরাকের পরিবহনমন্ত্রী ওয়াহাব আল-হাসানি উপস্থিত হননি। এতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে দৃশ্যত বিভ্রান্ত হতে দেখা যায়। পরে ইরাকের প্রধানমন্ত্রী আল-জায়েদি হস্তক্ষেপ করেন। নৈশভোজের সময় তেল বিক্রির অর্থ দিয়ে অবকাঠামো নির্মাণের ভিত্তি তৈরির ওই সমঝোতা স্মারক সই নিশ্চিত করেন তিনি।
বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তি এমইইকে জানিয়েছেন, প্রস্তাবিত রেলপথ নিয়ে ইরাকের কুর্দি কর্তৃপক্ষের আপত্তি ওই ঘটনার অন্যতম কারণ ছিল। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, রেলপথটি ইরাকি কুর্দিস্তানের বেশির ভাগ এলাকা এড়িয়ে ওভাকয় এলাকার কাছে তুরস্কের সীমান্তে পৌঁছাবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এতে এই পথ দিয়ে ইরাকের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি ঝুঁকির মুখে পড়েছে। দেশটির মোট তেল উৎপাদনের ৮০ শতাংশ এই পথে রপ্তানি করা হয়। ফলে নতুন করে উন্নয়ন রোড প্রকল্পের গুরুত্ব বিবেচনা করছে বাগদাদ।
ইরাক ডেভেলপমেন্ট রোড প্রকল্পের আঞ্চলিক বিশেষজ্ঞ মেহমেত আলাকা এমইইকে বলেন, ‘হরমুজ সংকট আল-জায়েদির জন্য একটি সতর্কবার্তা ছিল। এতে তিনি বুঝতে পেরেছেন, যোগাযোগ অবকাঠামো প্রকল্পে গুরুত্ব দেওয়া এবং বাগদাদের রপ্তানির বিকল্প পথ তৈরি করা প্রয়োজন।’
তিনি আরো বলেন, অতীতে ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ও অর্থায়নসংক্রান্ত সমস্যার কারণে প্রকল্পটি বাধার মুখে পড়েছিল। তবে নতুন অর্থায়নব্যবস্থা এসব সমস্যা সমাধানে সহায়ক হতে পারে।
কুর্দি ইস্যুতে নতুন উত্তেজনা
তবে প্রকল্প বাস্তবায়নে কুর্দিদের ভূমিকা নিয়ে এখনো জটিলতা রয়েছে। উরালোগলুর বাগদাদ সফরের সময় ইরাকের সাংবিধানিক আদালতের একটি রায়ের ভিত্তিতে কুর্দিস্তান আঞ্চলিক সরকারকে (কেআরজি) সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিতে বলে প্রধানমন্ত্রী আল-জায়েদির সরকার। একই সঙ্গে ইরাকের সংবিধান অনুযায়ী বিরোধপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোর তেলক্ষেত্রের নিয়ন্ত্রণও কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।
এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মেহমেত আলাকার মতে, কুর্দি কর্তৃপক্ষের ওপর বাগদাদ ক্ষুব্ধ। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে, যেখানে অনাকাঙ্ক্ষিত সংঘাতও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে উত্তেজনা প্রশমনের সুযোগও রয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, উন্নয়ন রোডের রেলপথের গতিপথ নিয়ে সমাধান বের করা সম্ভব। প্রস্তাবিত পথটি দোহুক হয়ে ফায়েশ খাবুরের কাছে গিয়ে শেষ হবে। এলাকাটি বর্তমানে ইরাকি কুর্দিস্তানের কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।
উরালোগলু বলেন, রেলপথের মূল গতিপথে ছোটখাটো পরিবর্তন এবং ইরাকি কুর্দিস্তানের বিভিন্ন স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপনে আঙ্কারার আপত্তি নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বাগদাদকে।
কুর্দিদের সঙ্গে উত্তেজনার কারণে উন্নয়ন রোড প্রকল্প বিলম্বিত হবে কি না, এমন প্রশ্নের জবাবে তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দীর্ঘ মেয়াদে এই উত্তেজনা প্রকল্পের ওপর প্রভাব ফেলবে না।
এদিকে স্থল ও সমুদ্রসীমা নিয়ে কুয়েত ও ইরাকের বিরোধও প্রকল্পটির বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে উরালোগলু বলেন, আঙ্কারা ও বাগদাদ কেউই এ বিরোধকে তাৎক্ষণিক কোনো বাধা হিসেবে দেখছে না। ফাও বন্দরে নির্মাণকাজও নির্বিঘ্নে এগোচ্ছে।
তুরস্কের এই মন্ত্রী বলেন, কুয়েতও প্রকল্পে যুক্ত হতে পারে। কারণ, এতে অংশগ্রহণকারী সব দেশের জন্যই সম্ভাব্য সুবিধা রয়েছে। আঙ্কারায় অবস্থানরত আঞ্চলিক কূটনীতিকদের মতে, এ পথে তুরস্কে তেল পরিবহনের সুযোগ পেতে পারে কুয়েত।
তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, ইরাক ডেভেলপমেন্ট রোড প্রকল্পের মাধ্যমে আগামী ১০ বছরে দেশটির অর্থনীতিতে ৬১ দশমিক ৫ বিলিয়ন ডলার অবদান রাখতে পারে। এ ছাড়া উৎপাদন ও সরবরাহকেন্দ্র গড়ে তোলার মাধ্যমে বছরে গড়ে ৭১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন