শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৯ এম
॥ মোশতাক আহমদ ॥
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা প্রদান করছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করছেন, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
২০২৬-২৭ অর্থবছরে এই কর্মসূচির বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কর্মসূচির আওতায় আনা।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এই তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে।
জনপ্রশাসন উপদেষ্টা জানিয়েছেন, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী সম্মানী পাবেন।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন।
এছাড়া, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এই কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে তাদের দায়িত্ব পালন করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ সীমিত। নিয়মিত সম্মানী প্রদানের মাধ্যমে তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী প্রদানের কার্যক্রম প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন এবং অবশিষ্টরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনপ্রশাসন উপদেষ্টা জানিয়েছেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সদরে মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।
এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতৃবৃন্দের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে।
সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।
এ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বাসস’কে বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সুবিধাভোগী নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি তালিকা প্রণয়নের কাজে সহায়তা করছেন। প্রতিষ্ঠান নির্বাচন কিংবা তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।
উপদেষ্টা জানান, বর্তমানে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা রয়েছে। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, সরকার দায়িত্বে থাকা অবস্থায় প্রতিবছর ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সব ধর্মের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য একটি ধারাবাহিক রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থা গড়ে উঠবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচি শুধু ধর্মীয় ব্যক্তিত্বদের আর্থিক সহায়তাই নয়, বরং দেশের ধর্মীয় সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে, সামাজিক কর্মকাণ্ডে তাদের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
তবে কর্মসূচির সফল বাস্তবায়নে প্রকৃত দায়িত্ব পালনকারীদের তালিকা প্রণয়ন, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ ও অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে প্রশাসনিক জটিলতার কারণে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে তদারকি প্রয়োজন।
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের ‘এ’ দলের সামনে। এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা খেলতে নামছেন। আজ বিকেল ৪টায় তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল। এই হাইভোল্টেজ ম্যাচটি কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই দলের জন্য ২৯ নভেম্বরের ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ রয়েছে।
গ্রুপপর্বে দারুণ ছন্দে থেকে সেমিফাইনালের মঞ্চে পৌঁছেছে উভয় দল। গ্রুপ ‘বি’-তে সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ এবং নেপালকে পরাজিত করে পাকিস্তান অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে। তাদের সর্বশেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯৬ রানের বড় জয় এসেছে। অপরদিকে, গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কিছুটা মন্থর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচের শুরুতে ব্যাটারদের জন্য ধৈর্য ধরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ে মূল ভরসা হিসেবে সাইফ হাসান ও আফিফ হোসেনকে দেখা যাবে। অন্যদিকে, পাকিস্তান ‘এ’ দলের হয়ে ছন্দে থাকা হায়দার আলি ও আবদুল সামাদ ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। সব মিলিয়ে ফর্ম ও কন্ডিশনের লড়াইয়ে জমজমাট একটি সেমিফাইনালের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিজের কথা বলার পাশাপাশি অন্যদের গল্প মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তোলার জন্য ‘ডে অফ লিসেনিং’ আহ্বান জানায়। পরিবারের সদস্য, বন্ধু কিংবা পরিচিত মানুষের জীবনের গল্প শোনার মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করা এবং মূল্যবান স্মৃতি সংরক্ষণ করাই এই বিশেষ দিনের মূল উদ্দেশ্য।
মানুষের জীবন মানেই নানা গল্প। কারও জীবনে সাফল্যের স্মৃতি রয়েছে, আবার কারও অভিজ্ঞতায় ব্যর্থতার কাহিনি। কিছু মানুষের মনে জমে রয়েছে শৈশবের মধুর মুহূর্ত, জীবনের কঠিন লড়াই, কিংবা না বলা অনেক কথা। কিন্তু ব্যস্ততার ভিড়ে অন্যের কথা মন দিয়ে শোনার সময় ক্রমশ কমে যাচ্ছে। অথচ একটু মনোযোগ দিয়ে কারও কথা শোনার মাধ্যমে গভীর সম্পর্ক তৈরি করা সম্ভব। এই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর পালিত হয় ‘ডে অফ লিসেনিং’ বা শ্রবণ দিবস।
প্রতি বছর আমেরিকায় থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার এই বিশেষ দিনটি পালিত হয়। সেই হিসাবে ২০২৬ সালের ২৭ নভেম্বর, শুক্রবার শ্রবণ দিবস পালিত হবে। দিনটির মূল লক্ষ্য হচ্ছে পরিবার, বন্ধু এবং পরিচিত-অপরিচিত মানুষের জীবনের গল্প মনোযোগ দিয়ে শোনা। পাশাপাশি, তাদের অভিজ্ঞতা রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতেও উৎসাহিত করা হয়।
যেভাবে শুরু হয়েছিল শ্রবণ দিবস
২০০৮ সালে অলাভজনক সংস্থা ‘স্টোরিকর্পস’-এর উদ্যোগে এই বিশেষ দিনের সূচনা হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির অন্যতম লক্ষ্য হল সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনকাহিনি সংগ্রহ করে সংরক্ষণ করা।
আমেরিকার বিভিন্ন প্রান্তের মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা গল্প নথিবদ্ধ করার উদ্যোগ নেয় সংস্থাটি। স্টোরিকর্পসের উদ্যোগে ছয় লক্ষেরও বেশি মানুষ তাদের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এই কথোপকথনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে বিভিন্ন প্রজন্মের মানুষের স্মৃতি, পারিবারিক ইতিহাস এবং সমাজজীবনের নানা অজানা অধ্যায়।
এই উদ্যোগের ভাবনার সঙ্গে মিল রয়েছে ১৯৩০-এর দশকে আমেরিকার ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’-এরও। সেই প্রকল্পেও সাধারণ মানুষের জীবন ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার চেষ্টা হয়েছিল।
কেন গুরুত্বপূর্ণ অন্যের কথা শোনা?
শোনা মানে শুধু কারও কথা কানে নেওয়া নয়, বরং তার অনুভূতি, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। মনোযোগ দিয়ে অন্যের কথা শুনলে পারস্পরিক বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। একই সঙ্গে যিনি নিজের কথা বলছেন, তিনিও অনুভব করেন যে তাঁর অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব রয়েছে।
অন্যের কথা শোনার অভ্যাস একাকিত্ব কমাতে, মানসিক স্বস্তি দিতে এবং সহমর্মিতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি, অন্যের জীবনের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শেখার সুযোগ তৈরি হয়।
বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের জীবনের গল্প অত্যন্ত মূল্যবান। তাদের শৈশব, পুরনো দিনের জীবনযাপন, পারিবারিক ইতিহাস কিংবা জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা আগামী প্রজন্মের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে।
যেভাবে পালন করবেন শ্রবণ দিবস
এই দিন পালনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। সামান্য সময়, আন্তরিক আগ্রহ এবং মনোযোগই যথেষ্ট। কয়েকটি সহজ উপায়ে দিনটিকে স্মরণীয় করে তুলতে পারেন।
১. গল্পের আসর বসান: পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিতদের নিয়ে ছোট্ট গল্পের আসর আয়োজন করুন। প্রত্যেকে নিজের জীবনের বিশেষ কোনও স্মৃতি বা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।
২. একে অপরের সাক্ষাৎকার নিন: পরিবারের সদস্য বা বন্ধুকে তার ছোটবেলা, প্রথম চাকরি, জীবনের আনন্দের মুহূর্ত কিংবা কঠিন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করুন। চাইলে কথোপকথন মোবাইলে রেকর্ড করে রাখতে পারেন।
৩. প্রবীণদের গল্প শুনুন: দাদু-ঠাকুমা কিংবা পরিবারের প্রবীণ সদস্যদের কাছে পুরনো দিনের গল্প, উৎসব, পারিবারিক ইতিহাস ও জীবনের অভিজ্ঞতা জানতে চান।
৪. হাঁটতে হাঁটতে কথা বলুন: কাছের কোনও পার্কে বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়ুন। একজন নিজের কথা বলবেন, অন্যজন মন দিয়ে শুনবেন। পরে দু'জনে নিজেদের ভূমিকা বদলে নিন।
৫. স্মৃতির দেয়াল তৈরি করুন: বাড়ির কোনও দেওয়ালে বড় কাগজ লাগিয়ে পরিবারের সদস্যদের শোনা গল্প, অনুভূতি ও স্মৃতির কথা লিখে রাখতে পারেন।
৬. প্রিয় গানের গল্প ভাগ করুন: প্রত্যেকে নিজের পছন্দের একটি গান বেছে নিয়ে জানান, গানটির সঙ্গে কী স্মৃতি জড়িয়ে রয়েছে। এতে গানের পাশাপাশি একে অপরের অনুভূতি জানার সুযোগও তৈরি হবে।
৭. গল্প রেকর্ড করে রাখুন: মোবাইলের সাহায্যে পরিবারের সদস্যদের জীবনের গল্প ও কথোপকথন রেকর্ড করে রাখতে পারেন। ভবিষ্যতে এই রেকর্ডিং হয়ে উঠতে পারে পরিবারের স্মৃতির মূল্যবান দলিল।
মন দিয়ে শোনারও রয়েছে কিছু নিয়ম
অন্যের কথা মন দিয়ে শোনার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কথা বলার মাঝখানে বাধা দেওয়া যাবে না। নিজের মতামত চাপিয়ে না দিয়ে বক্তার বক্তব্য বোঝার চেষ্টা করতে হবে। কথা শোনার সময় মোবাইল ফোন সরিয়ে রেখে বক্তার দিকে মনোযোগ দেওয়াও প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য শুনতে হবে।
শ্রবণ দিবসের মূল বার্তা খুবই সহজ। প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে শোনার মতো কোনও না কোনও গল্প। কখনও একটি আন্তরিক প্রশ্ন, কখনও কয়েক মিনিটের মনোযোগ, আবার কখনও নীরবে পাশে বসে থাকাও কারও কাছে অনেক বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে। তাই এই দিনে শুধু নিজের গল্প বলার নয়, অন্যের গল্প মন দিয়ে শোনার অভ্যাসও গড়ে তুলুন। কারণ, প্রতিটি গল্পেরই নিজস্ব মূল্য রয়েছে, আর প্রত্যেক মানুষেরই রয়েছে শোনার মতো কিছু কথা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরব এবং ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যেখানে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল অবকাঠামো এবং সমুদ্রবন্দর লক্ষ্যবস্তু হয়েছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এই হামলায় নেপালের একজন কর্মী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। হামলার পর শোধনাগারে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখা হয়।
একদিন আগে, হুতিরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে। বুধবার ধারণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, উপকূলীয় ওই এলাকা থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
হুতি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী দাবি করে যে, হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত রাস তানুরা স্থাপনায় আগুন ধরে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রফতানি টার্মিনালের অংশ।
বৃহস্পতিবার সিএনএনকে এক সূত্র জানায়, হামলার পর টার্মিনালটিতে তেল জাহাজীকরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে তা আবার চালু হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাস তানুরার আকাশসীমায় চারটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাস তানুরা শোধনাগারের দৈনিক পরিশোধন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে সৌদি আরবের প্রধান অপরিশোধিত তেল রফতানি টার্মিনালও এই বৃহত্তর স্থাপনা কমপ্লেক্সের অংশ ছিল।
এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে, বুধবার রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে হামলার দায়ও স্বীকার করেছে হুতিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন। সিএনএনকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত আকাশচুম্বী ভবনটির ভেতরেই সৌদি আরবের এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতর অবস্থিত।
পরে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, হুতিদের ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এ ঘটনার ‘কঠোর জবাব’ দেওয়ারও হুঁশিয়ারি দেয় জোটটি।
অন্যদিকে, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।
বৃহস্পতিবার জোটটি জানায়, হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা একটি ‘নির্ভুল সামরিক অভিযান’ পরিচালনা করেছে। এই অভিযানে সানা, হোদেইদা ও সাদা প্রদেশজুড়ে ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, যেগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু বলে দাবি করেছে জোটটি।
এর একদিন আগে, হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে তাদের ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে সাদা ও আমরান প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ গ্রামে এসে গণপিটুনিতে প্রাণ হারালেন জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পুলিশের নজর এড়িয়ে মাঝে মাঝে এলাকায় আসতেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জালাল ওই গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন। তবে মাঝে মাঝে গোপনে নিজ এলাকায় আসতেন। বৃহস্পতিবার রাতে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে তাকে দেখতে পান স্থানীয় কয়েকজন। তখন তাকে ঘিরে ধরে একদল লোক। পরে উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত জালাল ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝে মাঝে এলাকায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার রাতে তাকে কলাবাগানে দেখতে পেয়ে একদল লোক পিটুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ