ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে ১৫০ শিক্ষার্থী ভর্তি হবে


নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে ১৫০ শিক্ষার্থী ভর্তি হবে

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশের তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজে শিক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই কলেজগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। তিনটি কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে হালনাগাদকৃত আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এই তথ্য জানা গেছে।

গত রোববার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন

এর আগে ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদকরণ বিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালের ভিত্তিতে নতুন সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটির প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। হাসপাতাল ভবনের দুটি তলা শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।

আরও পড়ুন: ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার বিধি

সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান। এখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা পান। ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালটিকে কেন্দ্র করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে বিদ্যমান চিকিৎসাসেবা অবকাঠামোকে চিকিৎসা শিক্ষার কাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

এদিকে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে আসন পুনর্নিধারণের অংশ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ার আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্র্নিধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ মোট ১০৮টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৪০ টি ও বেসরকারি ৬৮টি। এছাড়াও আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে সাতটি।

আরও পড়ুন: সরকার ৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে

পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ নভেম্বর আসন পুনর্বিন্যাসের তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, নতুন তিনটিসহ দেশের ৪০ টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ২৭০ টি এবং ৬৮ টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২১ টি আসন রয়েছে। এছাড়াও নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৩৬০ টি আসন রয়েছে।

অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেকানিক্যাল ভেন্টিলেটর উদ্ভাবনে গোল্ড মেডেল পেল টিম ভেন্টাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


মেকানিক্যাল ভেন্টিলেটর উদ্ভাবনে গোল্ড মেডেল পেল টিম ভেন্টাস

দেশীয় প্রযুক্তিতে মেকানিক্যাল ভেন্টিলেটর উদ্ভাবনের জন্য ২০২৬ সালের বিএসএ-সিসিপি রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল অর্জন করেছে বাংলাদেশি গবেষণা দল টিম ভেন্টাস। প্রায় সাত বছরের গবেষণা ও প্রকৌশল প্রচেষ্টার ফলস্বরূপ তৈরি ভেন্টিলেটরটির জন্য জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি পেল দলটি।

বৃহস্পতিবার সাইন্স বি নামক এক ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের আয়োজনে ১৪ ও ১৫ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ ইন্টারন্যাশনাল অ্যানেস্থেসিওলজি কনফারেন্সে পুরস্কারটি প্রদান করা হয়। টিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের পরামর্শক এবং টিম ভেন্টাসের ক্লিনিক্যাল লিড ডা. আসিফ উর রহমান।

ভেন্টিলেটরটি তৈরি করতে দলের সদস্যদের প্রায় সাত বছর গবেষণা ও প্রকৌশল কাজ করতে হয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে যন্ত্রটির প্রাথমিক ক্লিনিক্যাল পারফরম্যান্স ট্রায়াল করা হয়। প্রকল্পটির লক্ষ্য হলো তুলনামূলক কম খরচে দেশে তৈরি ভেন্টিলেটর তৈরি করা এবং জীবনরক্ষাকারী আমদানি করা যন্ত্রের ওপর নির্ভরতা কমানো।

তবে এই পুরস্কারকে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখা যাবে না। নিয়মিত রোগীসেবায় ব্যবহারের আগে আরো ক্লিনিক্যাল মূল্যায়ন, প্রযুক্তিগত যাচাই এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন। সাশ্রয়ী দেশীয় ভেন্টিলেটর তৈরি হলে সংকটের সময়ে বাংলাদেশের হাসপাতালগুলো উপকৃত হতে পারে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব সেবায় রূপ দিতে এখন সবচেয়ে জরুরি হবে স্বচ্ছ পরীক্ষার ফল, নিরাপত্তা যাচাই এবং অনুমোদনের পরবর্তী ধাপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যাট রিটার্নে ৩ কোটি টাকা তথ্য গোপন করেছে সুলতান’স ডাইন ২৯ রেস্তোরাঁ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ এম


ভ্যাট রিটার্নে ৩ কোটি টাকা তথ্য গোপন করেছে সুলতান’স ডাইন ২৯ রেস্তোরাঁ

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৭ কোটি টাকার বিক্রি হয়েছে। কিন্তু গত আগস্ট মাসে ২৯টি রেস্তোরাঁ ভ্যাট রিটার্নে বিক্রি কম দেখিয়ে প্রায় ৩ কোটি টাকার তথ্য গোপন করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য প্রকাশিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর) এই ফাঁকি উদ্‌ঘাটন করেছে।

মূসক গোয়েন্দা অধিদপ্তরের সাম্প্রতিক একটি বিশেষ অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায়, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে অনুসন্ধান চালানো ২৯টি রেস্তোরাঁর মোট অনলাইন বিক্রির পরিমাণ ছিল ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা। কিন্তু প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট মাসের ভ্যাট রিটার্নে (দাখিলপত্রে) ডাইন-ইন, পার্সেল ও অনলাইনসহ তাদের মোট বিক্রি মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা দেখিয়েছে। ফলে দাখিলপত্রের তুলনায় অনলাইন বিক্রির অতিরিক্ত ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা সম্পূর্ণরূপে গোপন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাজার সমীক্ষা অনুযায়ী একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বাধিক ১০ শতাংশ অনলাইনে আসে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি আউটলেটে বিক্রি হয়। অথচ দাখিলপত্রে পুরো রেস্তোরাঁর সব ধরনের বিক্রয় হিসাব থাকার কথা, কিন্তু প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র অনলাইনে হওয়া বিক্রির সমপরিমাণ অর্থও দাখিলপত্রে দেখায়নি। এর ফলে আউটলেটের বাকি ৯০ শতাংশ বিক্রির প্রায় পুরোটা এবং অনলাইনের বড় একটি অংশের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ফাঁকির চিত্র

পিৎজা বার্গ: প্রতিষ্ঠানটির ৯টি শাখায় (মিরপুর, উত্তরা, সাতমসজিদ রোড, বসুন্ধরা, ওয়ারী, পল্লবী, আদাবর, গুলশান-১) অনলাইন বিক্রির পরিমাণ ছিল ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। বিপরীতে দাখিলপত্রে মোট বিক্রি ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা দেখানো হয়েছে। অর্থাৎ শুধুমাত্র অনলাইন হিসাবের তুলনায় তারা গোপন করেছে ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকা।

বার্গার এক্সপ্রেস: বনানী শাখায় অনলাইন বিক্রি ২৯ লাখ ৩৮ হাজার টাকার বিপরীতে রিটার্নে মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা দেখানো হয়েছে (গোপন ২৬ লাখ ৯৬ হাজার টাকা)। এছাড়া কলাবাগানে ২০ লাখ ৯০ হাজার, মিরপুরে ২০ লাখ ৫৩ হাজার, মোহাম্মদপুরে ১৭ লাখ ৫৭ হাজার ও বেইলি রোডে ১১ লাখ ৮৪ হাজার টাকাসহ ৫টি শাখায় মোট ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বেশি বিক্রয় গোপন করা হয়েছে।

সুলতান’স ডাইন: গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় অনলাইন বিক্রির পরিমাণ ছিল ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি। দাখিলপত্রে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা দেখিয়ে গোপন করা হয়েছে ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকা।

লালবাগ বিরিয়ানি হাউস (ধানমন্ডি): অনলাইন বিক্রির পরিমাণ ১৪ লাখ ৮ হাজার টাকা হলেও দাখিলপত্রে মোট বিক্রি মাত্র ১ লাখ ২০ হাজার টাকা দেখানো হয়েছে (গোপন ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকা)।

চিলক্স: বনানী, মোহাম্মদপুর ও খিলগাঁও শাখায় মোট বিক্রয় গোপন ধরা পড়েছে ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনটি প্ল্যাটফর্ম মিলিয়ে দেশে প্রায় ৬ থেকে ৭ হাজার ইউনিক রেস্তোরাঁ রয়েছে। মাত্র ২৯টি রেস্তোরাঁর এক মাসের হিসাব পর্যালোচনার মাধ্যমে যদি প্রায় ৩ কোটি টাকার বিক্রয় গোপন পাওয়া যায়, তবে এই হাজার হাজার প্রতিষ্ঠানের গত কয়েক বছরের প্রকৃত হিসাব বের করলে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ শত শত কোটি টাকায় পৌঁছাবে।

এ অবস্থায় দেশের সব ভ্যাট কমিশনারকে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর বিগত ৫ বছরের অনলাইন বিক্রির তথ্য সংগ্রহ করে মূল দাখিলপত্রের সঙ্গে মিলিয়ে দ্রুত বকেয়া রাজস্ব আদায় নিশ্চিত করার ৫ দফা জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মন্ত্রীর এপিএস ‘দাদা এমদাদ’ গ্রেপ্তার, শতকোটি টাকার সম্পদের মালিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


সাবেক মন্ত্রীর এপিএস ‘দাদা এমদাদ’ গ্রেপ্তার, শতকোটি টাকার সম্পদের মালিক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এমদাদুল হক ওরফে ‘দাদা এমদাদ’কে গ্রেপ্তার করেছে। রাজধানীর মগবাজার এলাকায় গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমদাদুল হক, যিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, তার বিপুল সম্পদ অর্জন, জমি দখল, চাঁদাবাজি ও বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগের কারণে নতুন করে আলোচনায় এসেছেন। সাবেক মন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালনকারী এই ব্যক্তির বিরুদ্ধে ৮৭ কোটি টাকার জমি দখল ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সিআইডির মামলা রয়েছে। ওই মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।

২০২৩ সালে কালের কণ্ঠের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এমদাদুল হকের সম্পদের বিস্তার ও রূপগঞ্জে তার কথিত প্রভাবের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছিল। অনুসন্ধানে দেখা যায়, ঢাকাসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং তার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, শাহজাদপুরে তার প্রায় শতকোটি টাকার সম্পদ রয়েছে। এছাড়া রাজধানীতে একাধিক বাড়ি ও ফ্ল্যাট, আবাসন ব্যবসায় বিনিয়োগ এবং রূপগঞ্জে ড্রেজার ও বালু ব্যবসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগও উঠে এসেছে।

৮৭ কোটি টাকার জমি দখলের মামলা

এমদাদুল হকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপগুলোর মধ্যে একটি ২০২৫ সালের ১১ ডিসেম্বর। ওই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার সাবেক পিএস এমদাদুল হকসহ আটজনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অভিযোগ, প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে ১৬ জনের মালিকানাধীন মোট ২ হাজার ৪০১ দশমিক ৪৬ শতাংশ জমি অবৈধভাবে দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। এসব জমির সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা। মামলাটি রূপগঞ্জ থানায় দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তোফায়েল আহমেদ আলমাছ, মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা, আনছার আলী, আলফাজ উদ্দিন ও দিমন ভূঁইয়া। সিআইডির অনুসন্ধানে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে জমি দখল ও ভুয়া দলিল তৈরির অভিযোগ উঠে এসেছে। তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ার সাপেক্ষে আসামিদের দায় নির্ধারিত হবে।

এপিএসের চাকরির আড়ালে সম্পদের পাহাড়

কালের কণ্ঠের অনুসন্ধান অনুযায়ী, এমদাদুল হক সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস হিসেবে এক যুগের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ৬ আগস্টের এক প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসদের সিনিয়র সহকারী সচিবের পদমর্যাদা এবং ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়।

ওই গ্রেডে সর্বোচ্চ বেতন ৬৭ হাজার ১০ টাকা ধরে হিসাব করলেও ১৩ বছরে তার বেতন থেকে আয় হওয়ার কথা এক কোটি টাকার কিছু বেশি। অথচ অনুসন্ধানে তার নামে-বেনামে বিপুল সম্পদের তথ্য উঠে এসেছে। এই সম্পদের উৎস নিয়েই প্রশ্ন তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা।

এমদাদুল হকের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার দরগাহপাড়া গ্রামে। তার বাবা মন্টু মিয়া। কালের কণ্ঠের অনুসন্ধানে দরগাহপাড়ার ৫ নম্বর ওয়ার্ডে তার প্রায় ৫০ শতাংশ জমির তথ্য পাওয়া যায়। ওই সময় প্রতি শতক জমির দাম অন্তত ২৫ লাখ টাকা হিসাবে এর মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।

শাহজাদপুরের মণিরামপুর বাজারে সাত শতাংশ জমির ওপর ১৪টি দোকান ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮০ লাখ টাকা। এর পাশেই চার শতাংশ জমির ওপর প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি ভবনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিয়াপুরেও তার ১৪ শতাংশ জমি থাকার তথ্য উঠে আসে।

স্থানীয়দের ভাষ্য ছিল, মন্ত্রীর এপিএস হওয়ার পর এমদাদের সম্পদ ও প্রভাব দ্রুত বাড়তে থাকে। নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা কালের কণ্ঠকে বলেছিলেন, তিনি এখন আর লাখ টাকার হিসাব করেন না, কোটি টাকার হিসাব করেন।

রাজধানীতে একাধিক বাড়ি ও ফ্ল্যাট

অনুসন্ধানে রাজধানীর দক্ষিণ বনশ্রী ও বাসাবো এলাকায় এমদাদের একাধিক বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। দক্ষিণ বনশ্রী জামে মসজিদসংলগ্ন উঁচু দেয়ালঘেরা একটি ভবন এবং একই এলাকার কে ব্লকের ১৩/৩ নম্বর রোডের ৩০/বি-৩০/সি নম্বর বাড়ির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য উঠে আসে।

তার সাবেক তত্ত্বাবধায়ক সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ী, বাসাবো এলাকায়ও তার দুটি বাড়ি রয়েছে। এর একটি ১০ তলা, অন্যটি ছয়তলা। অনুসন্ধানী দল উত্তর বাসাবোর ৩৬ নম্বর এলাকায় বেস্ট বেয়ারেক লিভিং অ্যাপার্টমেন্টে তার দুটি ফ্ল্যাট থাকার তথ্য পায়। ওই ভবনের প্রতিটি ফ্ল্যাটের দাম প্রায় দেড় কোটি টাকা বলে স্থানীয়রা জানিয়েছিলেন।

এ ছাড়া আবাসন ব্যবসায় বিনিয়োগের তথ্যও পাওয়া যায়। রিমঝিম আবাসনে তার ১৫ শতাংশ শেয়ার থাকার কথা উল্লেখ করা হয় কালের কণ্ঠের প্রতিবেদনে। রূপগঞ্জের বিভিন্ন আবাসন প্রকল্প থেকে নামে-বেনামে প্লট নেওয়ার অভিযোগও উঠে আসে।

রূপগঞ্জে গ্যাস সংযোগের বিশাল সিন্ডিকেট

এমদাদের বিরুদ্ধে রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিশাল নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ ছিল। কালের কণ্ঠের অনুসন্ধানে উঠে আসে, তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ সংযোগ দেওয়া হতো। এ কাজে তিতাসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ করা হয়।

প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, রূপগঞ্জে প্রায় দেড় লাখ আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। তারাব বেড়িবাঁধ, মোগরাকুল, বরাব, খাদুন, মৈকুলী, খিদিরপুর, নয়াপাড়া, বড়ভিটা ও আরাফাতনগরসহ ঢাকা-সিলেট মহাসড়কের আশপাশের বিভিন্ন ভবন ও কারখানায় এসব সংযোগের বিস্তার ছিল।

স্থানীয়দের অভিযোগ, প্রতিটি আবাসিক সংযোগের জন্য এককালীন ৩০ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হতো। সংযোগের ধরন ও গ্যাসের চাপ অনুযায়ী কোথাও কোথাও দুই লাখ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আদায় করা হতো। প্রশাসন অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও পরে আবার সংযোগ দেওয়া হতো বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

বালু ব্যবসা, নদী দখল ও চাঁদাবাজির অভিযোগ

সাবেক মন্ত্রীর এপিএস হওয়ার পর রূপগঞ্জের বালু ও ড্রেজার ব্যবসায়ও এমদাদের প্রভাব বাড়ে বলে অনুসন্ধানে উঠে আসে। ভোলাব, কুতুবপুর ও মোচারতালুক মৌজায় রিমঝিম আবাসন প্রকল্পে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের তথ্য পাওয়া যায়। এ ছাড়া এশিয়ান ডুপ্লেক্স টাউন, আমেরিকান সিটি ও ইস্টউড সিটিতেও তার ড্রেজার চলার অভিযোগ ছিল।

কালের কণ্ঠের প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, রূপগঞ্জের বিভিন্ন ড্রেজার থেকে বিক্রি হওয়া বালুর মূল্যের পাঁচ শতাংশ তাঁকে দিতে হতো। শীতলক্ষ্যা নদীর সীমানা পিলার সরিয়ে নদীর জমি দখল এবং সেই জমি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রির অভিযোগও উঠে আসে। মঠের ঘাট, দড়িকান্দি, বানিয়াদি, আতলাশপুর, হাটাব, ইছাখালী, পাড়াগাঁও, চনপাড়া, রূপসী ও গন্ধবপুরসহ বিভিন্ন এলাকায় নদীর তীর দখলের তথ্য ওই অনুসন্ধানে উল্লেখ করা হয়েছিল।

রূপগঞ্জের মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালিত হতো। এসব কারবারির কাছ থেকে মাসে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠে আসে।

ভুলতা গাউসিয়া এলাকার চার শতাধিক ফুটপাতের দোকান থেকে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগও ছিল। এ ছাড়া বিভিন্ন বাজার, পরিবহন স্ট্যান্ড ও সড়কে চলাচলকারী যানবাহন থেকে নিয়মিত অর্থ আদায়ের তথ্য প্রকাশ করে পত্রিকাটি। চাঁদা না দিলে দোকানপাট ও যানবাহন চলাচলে বাধা দেওয়ার অভিযোগও করেছিলেন স্থানীয়রা।

গ্রেপ্তারের পর সামনে যেসব প্রশ্ন

এমদাদুল হকের গ্রেপ্তার এবং এর আগে তার বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা, ২০২৪ সালের অনুসন্ধানী প্রতিবেদন ও স্থানীয়দের অভিযোগ মিলিয়ে তার সম্পদ অর্জন এবং রূপগঞ্জে কথিত প্রভাবের বিষয়টি আবার আলোচনায় এসেছে।

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের বিচারিক নিষ্পত্তি হয়েছে, এমন নয়। বিশেষ করে অনুসন্ধানে পাওয়া সম্পদের প্রকৃত উৎস, কথিত ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং জমি দখলের অভিযোগের বিষয়ে তদন্তের ফল গুরুত্বপূর্ণ।

এখন দেখার বিষয়, ডিবির এই গ্রেপ্তারের পর সিআইডির ৮৭ কোটি টাকার মানি লন্ডারিং মামলার তদন্তে কী অগ্রগতি হয় এবং তার নামে-বেনামে থাকা সম্পদের উৎস অনুসন্ধানে নতুন কোনো তথ্য সামনে আসে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%