প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৭ কোটি টাকার বিক্রি হয়েছে। কিন্তু গত আগস্ট মাসে ২৯টি রেস্তোরাঁ ভ্যাট রিটার্নে বিক্রি কম দেখিয়ে প্রায় ৩ কোটি টাকার তথ্য গোপন করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য প্রকাশিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর) এই ফাঁকি উদ্ঘাটন করেছে।
মূসক গোয়েন্দা অধিদপ্তরের সাম্প্রতিক একটি বিশেষ অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায়, ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে অনুসন্ধান চালানো ২৯টি রেস্তোরাঁর মোট অনলাইন বিক্রির পরিমাণ ছিল ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকা। কিন্তু প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট মাসের ভ্যাট রিটার্নে (দাখিলপত্রে) ডাইন-ইন, পার্সেল ও অনলাইনসহ তাদের মোট বিক্রি মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা দেখিয়েছে। ফলে দাখিলপত্রের তুলনায় অনলাইন বিক্রির অতিরিক্ত ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা সম্পূর্ণরূপে গোপন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাজার সমীক্ষা অনুযায়ী একটি রেস্তোরাঁর মোট বিক্রির সর্বাধিক ১০ শতাংশ অনলাইনে আসে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি আউটলেটে বিক্রি হয়। অথচ দাখিলপত্রে পুরো রেস্তোরাঁর সব ধরনের বিক্রয় হিসাব থাকার কথা, কিন্তু প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র অনলাইনে হওয়া বিক্রির সমপরিমাণ অর্থও দাখিলপত্রে দেখায়নি। এর ফলে আউটলেটের বাকি ৯০ শতাংশ বিক্রির প্রায় পুরোটা এবং অনলাইনের বড় একটি অংশের রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
শীর্ষ প্রতিষ্ঠানগুলোর ফাঁকির চিত্র
পিৎজা বার্গ: প্রতিষ্ঠানটির ৯টি শাখায় (মিরপুর, উত্তরা, সাতমসজিদ রোড, বসুন্ধরা, ওয়ারী, পল্লবী, আদাবর, গুলশান-১) অনলাইন বিক্রির পরিমাণ ছিল ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার ৩১ টাকা। বিপরীতে দাখিলপত্রে মোট বিক্রি ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০ টাকা দেখানো হয়েছে। অর্থাৎ শুধুমাত্র অনলাইন হিসাবের তুলনায় তারা গোপন করেছে ৮৪ লাখ ৫ হাজার ৯৯১ টাকা।
বার্গার এক্সপ্রেস: বনানী শাখায় অনলাইন বিক্রি ২৯ লাখ ৩৮ হাজার টাকার বিপরীতে রিটার্নে মাত্র ২ লাখ ৪২ হাজার টাকা দেখানো হয়েছে (গোপন ২৬ লাখ ৯৬ হাজার টাকা)। এছাড়া কলাবাগানে ২০ লাখ ৯০ হাজার, মিরপুরে ২০ লাখ ৫৩ হাজার, মোহাম্মদপুরে ১৭ লাখ ৫৭ হাজার ও বেইলি রোডে ১১ লাখ ৮৪ হাজার টাকাসহ ৫টি শাখায় মোট ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বেশি বিক্রয় গোপন করা হয়েছে।
সুলতান’স ডাইন: গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় অনলাইন বিক্রির পরিমাণ ছিল ১ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকার বেশি। দাখিলপত্রে ১ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা দেখিয়ে গোপন করা হয়েছে ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকা।
লালবাগ বিরিয়ানি হাউস (ধানমন্ডি): অনলাইন বিক্রির পরিমাণ ১৪ লাখ ৮ হাজার টাকা হলেও দাখিলপত্রে মোট বিক্রি মাত্র ১ লাখ ২০ হাজার টাকা দেখানো হয়েছে (গোপন ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকা)।
চিলক্স: বনানী, মোহাম্মদপুর ও খিলগাঁও শাখায় মোট বিক্রয় গোপন ধরা পড়েছে ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনটি প্ল্যাটফর্ম মিলিয়ে দেশে প্রায় ৬ থেকে ৭ হাজার ইউনিক রেস্তোরাঁ রয়েছে। মাত্র ২৯টি রেস্তোরাঁর এক মাসের হিসাব পর্যালোচনার মাধ্যমে যদি প্রায় ৩ কোটি টাকার বিক্রয় গোপন পাওয়া যায়, তবে এই হাজার হাজার প্রতিষ্ঠানের গত কয়েক বছরের প্রকৃত হিসাব বের করলে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ শত শত কোটি টাকায় পৌঁছাবে।
এ অবস্থায় দেশের সব ভ্যাট কমিশনারকে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর বিগত ৫ বছরের অনলাইন বিক্রির তথ্য সংগ্রহ করে মূল দাখিলপত্রের সঙ্গে মিলিয়ে দ্রুত বকেয়া রাজস্ব আদায় নিশ্চিত করার ৫ দফা জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন