ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের সামনে পাকিস্তান ‘এ’ দল


বাংলাদেশের সামনে পাকিস্তান ‘এ’ দল

ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের ‘এ’ দলের সামনে। এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা খেলতে নামছেন। আজ বিকেল ৪টায় তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল। এই হাইভোল্টেজ ম্যাচটি কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুই দলের জন্য ২৯ নভেম্বরের ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ রয়েছে।

গ্রুপপর্বে দারুণ ছন্দে থেকে সেমিফাইনালের মঞ্চে পৌঁছেছে উভয় দল। গ্রুপ ‘বি’-তে সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ এবং নেপালকে পরাজিত করে পাকিস্তান অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে। তাদের সর্বশেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯৬ রানের বড় জয় এসেছে। অপরদিকে, গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে রানার্সআপ হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কিছুটা মন্থর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচের শুরুতে ব্যাটারদের জন্য ধৈর্য ধরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: লুসাইলে নতুন টায়ার ব্যবহারের নিয়ম, রেস কৌশলে প্রভাব পড়বে

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিংয়ে মূল ভরসা হিসেবে সাইফ হাসান ও আফিফ হোসেনকে দেখা যাবে। অন্যদিকে, পাকিস্তান ‘এ’ দলের হয়ে ছন্দে থাকা হায়দার আলি ও আবদুল সামাদ ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। সব মিলিয়ে ফর্ম ও কন্ডিশনের লড়াইয়ে জমজমাট একটি সেমিফাইনালের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন পালিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন পালিত হচ্ছে

নিজের কথা বলার পাশাপাশি অন্যদের গল্প মন দিয়ে শোনার অভ্যাস গড়ে তোলার জন্য ‘ডে অফ লিসেনিং’ আহ্বান জানায়। পরিবারের সদস্য, বন্ধু কিংবা পরিচিত মানুষের জীবনের গল্প শোনার মাধ্যমে সম্পর্ককে দৃঢ় করা এবং মূল্যবান স্মৃতি সংরক্ষণ করাই এই বিশেষ দিনের মূল উদ্দেশ্য।

মানুষের জীবন মানেই নানা গল্প। কারও জীবনে সাফল্যের স্মৃতি রয়েছে, আবার কারও অভিজ্ঞতায় ব্যর্থতার কাহিনি। কিছু মানুষের মনে জমে রয়েছে শৈশবের মধুর মুহূর্ত, জীবনের কঠিন লড়াই, কিংবা না বলা অনেক কথা। কিন্তু ব্যস্ততার ভিড়ে অন্যের কথা মন দিয়ে শোনার সময় ক্রমশ কমে যাচ্ছে। অথচ একটু মনোযোগ দিয়ে কারও কথা শোনার মাধ্যমে গভীর সম্পর্ক তৈরি করা সম্ভব। এই ভাবনাকে সামনে রেখেই প্রতি বছর পালিত হয় ‘ডে অফ লিসেনিং’ বা শ্রবণ দিবস।

প্রতি বছর আমেরিকায় থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার এই বিশেষ দিনটি পালিত হয়। সেই হিসাবে ২০২৬ সালের ২৭ নভেম্বর, শুক্রবার শ্রবণ দিবস পালিত হবে। দিনটির মূল লক্ষ্য হচ্ছে পরিবার, বন্ধু এবং পরিচিত-অপরিচিত মানুষের জীবনের গল্প মনোযোগ দিয়ে শোনা। পাশাপাশি, তাদের অভিজ্ঞতা রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতেও উৎসাহিত করা হয়।

যেভাবে শুরু হয়েছিল শ্রবণ দিবস

২০০৮ সালে অলাভজনক সংস্থা ‘স্টোরিকর্পস’-এর উদ্যোগে এই বিশেষ দিনের সূচনা হয়। ২০০৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির অন্যতম লক্ষ্য হল সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনকাহিনি সংগ্রহ করে সংরক্ষণ করা।

আমেরিকার বিভিন্ন প্রান্তের মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা গল্প নথিবদ্ধ করার উদ্যোগ নেয় সংস্থাটি। স্টোরিকর্পসের উদ্যোগে ছয় লক্ষেরও বেশি মানুষ তাদের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এই কথোপকথনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে বিভিন্ন প্রজন্মের মানুষের স্মৃতি, পারিবারিক ইতিহাস এবং সমাজজীবনের নানা অজানা অধ্যায়।

এই উদ্যোগের ভাবনার সঙ্গে মিল রয়েছে ১৯৩০-এর দশকে আমেরিকার ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’-এরও। সেই প্রকল্পেও সাধারণ মানুষের জীবন ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার চেষ্টা হয়েছিল।

কেন গুরুত্বপূর্ণ অন্যের কথা শোনা?

শোনা মানে শুধু কারও কথা কানে নেওয়া নয়, বরং তার অনুভূতি, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। মনোযোগ দিয়ে অন্যের কথা শুনলে পারস্পরিক বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। একই সঙ্গে যিনি নিজের কথা বলছেন, তিনিও অনুভব করেন যে তাঁর অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব রয়েছে।

অন্যের কথা শোনার অভ্যাস একাকিত্ব কমাতে, মানসিক স্বস্তি দিতে এবং সহমর্মিতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি, অন্যের জীবনের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শেখার সুযোগ তৈরি হয়।

বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের জীবনের গল্প অত্যন্ত মূল্যবান। তাদের শৈশব, পুরনো দিনের জীবনযাপন, পারিবারিক ইতিহাস কিংবা জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা আগামী প্রজন্মের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে।

যেভাবে পালন করবেন শ্রবণ দিবস

এই দিন পালনের জন্য বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। সামান্য সময়, আন্তরিক আগ্রহ এবং মনোযোগই যথেষ্ট। কয়েকটি সহজ উপায়ে দিনটিকে স্মরণীয় করে তুলতে পারেন।

১. গল্পের আসর বসান: পরিবারের সদস্য, বন্ধু বা পরিচিতদের নিয়ে ছোট্ট গল্পের আসর আয়োজন করুন। প্রত্যেকে নিজের জীবনের বিশেষ কোনও স্মৃতি বা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।

২. একে অপরের সাক্ষাৎকার নিন: পরিবারের সদস্য বা বন্ধুকে তার ছোটবেলা, প্রথম চাকরি, জীবনের আনন্দের মুহূর্ত কিংবা কঠিন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করুন। চাইলে কথোপকথন মোবাইলে রেকর্ড করে রাখতে পারেন।

৩. প্রবীণদের গল্প শুনুন: দাদু-ঠাকুমা কিংবা পরিবারের প্রবীণ সদস্যদের কাছে পুরনো দিনের গল্প, উৎসব, পারিবারিক ইতিহাস ও জীবনের অভিজ্ঞতা জানতে চান।

৪. হাঁটতে হাঁটতে কথা বলুন: কাছের কোনও পার্কে বন্ধুর সঙ্গে হাঁটতে বেরিয়ে পড়ুন। একজন নিজের কথা বলবেন, অন্যজন মন দিয়ে শুনবেন। পরে দু'জনে নিজেদের ভূমিকা বদলে নিন।

৫. স্মৃতির দেয়াল তৈরি করুন: বাড়ির কোনও দেওয়ালে বড় কাগজ লাগিয়ে পরিবারের সদস্যদের শোনা গল্প, অনুভূতি ও স্মৃতির কথা লিখে রাখতে পারেন।

৬. প্রিয় গানের গল্প ভাগ করুন: প্রত্যেকে নিজের পছন্দের একটি গান বেছে নিয়ে জানান, গানটির সঙ্গে কী স্মৃতি জড়িয়ে রয়েছে। এতে গানের পাশাপাশি একে অপরের অনুভূতি জানার সুযোগও তৈরি হবে।

৭. গল্প রেকর্ড করে রাখুন: মোবাইলের সাহায্যে পরিবারের সদস্যদের জীবনের গল্প ও কথোপকথন রেকর্ড করে রাখতে পারেন। ভবিষ্যতে এই রেকর্ডিং হয়ে উঠতে পারে পরিবারের স্মৃতির মূল্যবান দলিল।

মন দিয়ে শোনারও রয়েছে কিছু নিয়ম

অন্যের কথা মন দিয়ে শোনার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। কথা বলার মাঝখানে বাধা দেওয়া যাবে না। নিজের মতামত চাপিয়ে না দিয়ে বক্তার বক্তব্য বোঝার চেষ্টা করতে হবে। কথা শোনার সময় মোবাইল ফোন সরিয়ে রেখে বক্তার দিকে মনোযোগ দেওয়াও প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য শুনতে হবে।

শ্রবণ দিবসের মূল বার্তা খুবই সহজ। প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে শোনার মতো কোনও না কোনও গল্প। কখনও একটি আন্তরিক প্রশ্ন, কখনও কয়েক মিনিটের মনোযোগ, আবার কখনও নীরবে পাশে বসে থাকাও কারও কাছে অনেক বড় প্রাপ্তি হয়ে উঠতে পারে। তাই এই দিনে শুধু নিজের গল্প বলার নয়, অন্যের গল্প মন দিয়ে শোনার অভ্যাসও গড়ে তুলুন। কারণ, প্রতিটি গল্পেরই নিজস্ব মূল্য রয়েছে, আর প্রত্যেক মানুষেরই রয়েছে শোনার মতো কিছু কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে রিয়াদের হামলা জোরদার, সৌদির তেল অবকাঠামোয় হুতিদের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


ইয়েমেনে রিয়াদের হামলা জোরদার, সৌদির তেল অবকাঠামোয় হুতিদের আঘাত

সৌদি আরব এবং ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যেখানে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা, তেল অবকাঠামো এবং সমুদ্রবন্দর লক্ষ্যবস্তু হয়েছে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এই হামলায় নেপালের একজন কর্মী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। হামলার পর শোধনাগারে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে কিছু কার্যক্রম বন্ধ রাখা হয়।

একদিন আগে, হুতিরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করে। বুধবার ধারণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, উপকূলীয় ওই এলাকা থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

হুতি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী দাবি করে যে, হামলায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত রাস তানুরা স্থাপনায় আগুন ধরে যায়। এটি বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রফতানি টার্মিনালের অংশ।

বৃহস্পতিবার সিএনএনকে এক সূত্র জানায়, হামলার পর টার্মিনালটিতে তেল জাহাজীকরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে তা আবার চালু হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাস তানুরার আকাশসীমায় চারটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাস তানুরা শোধনাগারের দৈনিক পরিশোধন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে সৌদি আরবের প্রধান অপরিশোধিত তেল রফতানি টার্মিনালও এই বৃহত্তর স্থাপনা কমপ্লেক্সের অংশ ছিল।

এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

এদিকে, বুধবার রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে হামলার দায়ও স্বীকার করেছে হুতিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন। সিএনএনকে এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত আকাশচুম্বী ভবনটির ভেতরেই সৌদি আরবের এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দফতর অবস্থিত।

পরে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, হুতিদের ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এ ঘটনার ‘কঠোর জবাব’ দেওয়ারও হুঁশিয়ারি দেয় জোটটি।

অন্যদিকে, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী।

বৃহস্পতিবার জোটটি জানায়, হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা একটি ‘নির্ভুল সামরিক অভিযান’ পরিচালনা করেছে। এই অভিযানে সানা, হোদেইদা ও সাদা প্রদেশজুড়ে ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে, যেগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু বলে দাবি করেছে জোটটি।

এর একদিন আগে, হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে তাদের ‘অপারেশনাল সক্ষমতা’ লক্ষ্য করে হামলা চালানোর কথা জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। একই সঙ্গে সাদা ও আমরান প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪২ এম


নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামি গণপিটুনিতে নিহত

কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ গ্রামে এসে গণপিটুনিতে প্রাণ হারালেন জালাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পুলিশের নজর এড়িয়ে মাঝে মাঝে এলাকায় আসতেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জালাল ওই গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়া দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিলেন। তবে মাঝে মাঝে গোপনে নিজ এলাকায় আসতেন। বৃহস্পতিবার রাতে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে তাকে দেখতে পান স্থানীয় কয়েকজন। তখন তাকে ঘিরে ধরে একদল লোক। পরে উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনার খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত জালাল ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝে মাঝে এলাকায় যাতায়াত করতেন। বৃহস্পতিবার রাতে তাকে কলাবাগানে দেখতে পেয়ে একদল লোক পিটুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থ্যাংকসগিভিং ডে-তে যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিপর্যয়, নিউ জার্সি ও পেনসিলভেনিয়ায় প্লাবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


থ্যাংকসগিভিং ডে-তে যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বিপর্যয়, নিউ জার্সি ও পেনসিলভেনিয়ায় প্লাবন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্যে শক্তিশালী উপকূলীয় ঝড়ের কারণে বিপর্যয় সৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টির ফলে সড়ক ও বাড়িঘর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। বিমান চলাচলও ব্যাহত হচ্ছে।

নিউ জার্সির উপকূলীয় জনপদ জলোচ্ছ্বাসের পানির নিচে রয়েছে। থ্যাংকসগিভিং ডে-তে এই শক্তিশালী ঝড়ের ফলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, গত চার দশকের মধ্যে এমন তীব্র জলোচ্ছ্বাস তারা কখনো দেখেননি।

নিউ জার্সির কেপ মে এলাকায় অনেক মানুষ বন্যার পানিতে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করছে।

একাধিক সড়ক পানির নিচে থাকায় বন্ধ রয়েছে। প্রবল বাতাসের কারণে ডেলাওয়্যার নদীর ওপর অবস্থিত কমোডর ব্যারি সেতুও বন্ধ করে দেয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন যে উপকূলীয় এলাকায় ২ থেকে ৩ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

ফিলাডেলফিয়াসহ আশপাশের অঞ্চলে ৫০ থেকে ৬০ মাইল এবং জার্সি শোর ও ডেলাওয়্যার উপকূলে ঘণ্টায় প্রায় ৭০ মাইল বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%