ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে সাজানোর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে সাজানোর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সরকার নগর স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর অন্তর্ভুক্ত করে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, এমনটি জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি উল্লেখ করেছেন, ক্রমবর্ধমান নগরায়ণের প্রেক্ষাপটে নগর স্বাস্থ্যসেবাকে মূল ধারার বাইরে রেখে একটি টেকসই জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে সিএসও ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘টেকসই এসআরএইচআর ইকোসিস্টেম’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর দেশে শহুরে জনসংখ্যা ছিল ১০ শতাংশেরও কম। সেই সময় স্বাস্থ্য ব্যবস্থার অধিকাংশ মনোযোগ ছিল গ্রামীণ জনগণের দিকে। বর্তমানে দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ শহরে বসবাস করে এবং ২০৫০ সালের মধ্যে এই হার ৫০ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

তিনি বলেন, “আমরা শুধু আজকের জন্য স্বাস্থ্য ব্যবস্থা গড়ছি না, আগামী দিনের কথাও ভাবছি। তাই নগর স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মূল ধারার অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ড. মুহিত জানান, এতদিন নগর স্বাস্থ্যসেবা মূলত সিটি করপোরেশন, পৌরসভা ও এনজিওগুলোর মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। ইতিবাচক দিকগুলো বিবেচনায় নিয়ে সরকার এখন একটি পূর্ণাঙ্গ ও টেকসই কাঠামো তৈরি করার উদ্যোগ নিয়েছে।

নতুন কাঠামোতে স্বাস্থ্যসেবা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে কাজ করবে, বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

 

আরও পড়ুন: ছুটির দিনে সড়কে ঝরল ১২ জনের প্রাণ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী নতুন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিদ্যমান ৪০ হাজার কর্মীর সঙ্গে নতুন কর্মীদের একই কাঠামোর আওতায় এনে সমন্বিত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এসব ‘কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিং’ কর্মীদের হাতে আধুনিক ডায়াগনস্টিক কিট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডিজিটাল অ্যাপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক পরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ দিতে পারবেন।

নগরের নিম্ন আয়ের কর্মজীবী মানুষের কথা বিবেচনায় নিয়ে সান্ধ্যকালীন ক্লিনিক চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, এমনটি জানান ড. মুহিত। পাশাপাশি ভাসমান জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

নগর স্বাস্থ্যসেবার রূপরেখা বাস্তবায়নে দ্রুত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) চূড়ান্ত করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছরের জন্য জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ১৯ বছরের যুবক মিঠু মিয়াকে সামুরাইসহ গ্রেপ্তার

অনুষ্ঠানে আইপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও সিএসও ফোরামের আহ্বায়ক ডা. সায়েদ রুবাইয়েতের সঞ্চালনায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিনাত রেহানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার মকরমপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন—উজ্জল (৬৪), পিতা শৈয়ব আলী এবং তফিজুল ইসলাম (জেন্টু) (৬৫), পিতা তহরুল ইসলাম।

অভিযানে তাদের কাছ থেকে ৪৭ বোতল চোলাই মদ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে আটক দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এদিকে জব্দ করা ৪৭ বোতল চোলাই মদ জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালিয়া ইউনিয়ন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, গোমস্তাপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে স্বায়ত্তশাসন জরুরি: ড. সৈয়দ রেফাত আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে স্বায়ত্তশাসন জরুরি: ড. সৈয়দ রেফাত আহমেদ

সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, বিচারকের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বাহ্যিক হস্তক্ষেপ মুক্ত থাকা পূর্ণ স্বাধীনতার একমাত্র শর্ত নয়; বরং নিয়োগ, প্রশাসন, অর্থায়ন এবং সাংগঠনিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও স্বায়ত্তশাসন থাকা অপরিহার্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘বার্ষিক ল লেকচার ২০২৬’-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব মন্তব্য করেন।

এবারের ল লেকচারের বিষয় ছিল ‘বিয়ন্ড জুডিশিয়াল ইনডিপেনডেন্স: কনস্টিটিউশনাল আইডেন্টিটি অ্যান্ড দ্য কোয়েস্ট ফর ইনস্টিটিউশনাল অটোনমি ইন বাংলাদেশ’। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজের অনারারি অ্যান্ড ভিজিটিং ফেলো ড. সৈয়দ রেফাত আহমেদ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

মূল প্রবন্ধে সাবেক প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ সংবিধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, "সংবিধান শুধু কিছু লিখিত আইনগত দলিল নয়; এটি জাতির ঐতিহাসিক স্মৃতি, সংগ্রাম ও আকাঙ্ক্ষার প্রতিফলন।" তবে তিনি সতর্ক করেন যে, এই মূল্যবোধ তখনই কার্যকর হয়, যখন তা বাস্তবায়নের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে গণতন্ত্র এবং আইনের শাসনের কথা থাকলেও দীর্ঘমেয়াদে তা কার্যকর রাখার জন্য স্থিতিশীল প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে প্রতিষ্ঠানের চরিত্র বদলালে সাংবিধানিক শাসনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে বলেও তিনি সতর্ক করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের কথা উল্লেখ করে ড. রেফাত আহমেদ বলেন, ওই সময় সাংবিধানিক অঙ্গীকার এবং প্রাতিষ্ঠানিক বাস্তবতার মধ্যে দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছিল। তবে এই পরিবর্তন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং শক্তিশালী করার একটি সুযোগ তৈরি করেছে। প্রকৃত প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, "কোনো সংস্কার যদি কেবল নির্দিষ্ট নেতৃত্বের সময় পর্যন্ত টিকে থাকে, সেটিকে প্রকৃত সংস্কার বলা যায় না।" টেকসই শাসনব্যবস্থার জন্য ক্ষমতার ব্যক্তিনির্ভরতার বদলে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা অপরিহার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, "ন্যায়বিচার ও ন্যায্যতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক ভিত্তি।" তিনি প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের পাশাপাশি জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা এবং গবেষণার পাশাপাশি ন্যায় ও নৈতিকতার মূল্যবোধ ধারণ করে সমাজের ইতিবাচক পরিবর্তনে নেতৃত্ব দিতে হবে। পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে দক্ষ এবং নৈতিকতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, গবেষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যে ‘নো কমেন্টস’ ইসি সচিবের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মন্তব্যে ‘নো কমেন্টস’ ইসি সচিবের

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখের ঘোষণা নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ পাল্টা মন্তব্য করতে রাজি হননি।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, "উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না। নো কমেন্টস ফ্রম মাই সাইড।"

এর আগে সচিবালয়ে স্থানীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের ভোটের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না বলে মন্তব্য করেছিলেন।

ইসি সচিব জানান, "স্থানীয় সরকার নির্বাচন হবে, এটি নিশ্চিত। তবে নির্বাচন কবে এবং কী পদ্ধতিতে বা কোন পর্যায়ে হবে, তা নিয়ে কমিশনে গত দুই দিন ধরে প্রাক-প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে।"

 

তিনি বলেন, এর ধারাবাহিকতায় গতকাল একটি টেন্টেটিভ (প্রাথমিক) সময়সূচি করা হয়েছে। সেখানে পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। পাশাপাশি দুটি ধাপ রিজার্ভ রাখা হয়েছে। তবে এটি একেবারেই প্রাথমিক সময়সূচি।

ইসি সচিব জানান, আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয় ও নির্বাচন কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় ইনপুট নেওয়া হবে। এরপর এসব মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।

মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর প্রয়োজনীয় ইনপুট পাওয়ার ভিত্তিতে কমিশনই এ বিষয়ে বিস্তারিত জানাবে।

এ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব জানান, আলোচনা তো একটা চলমান প্রক্রিয়া। কার সঙ্গে কখন, কিভাবে আলোচনা হয়েছে, এ বিষয়ে এই মুহূর্তে বাড়তি কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

 

ছয় মাস ধরে নির্বাচন হলে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর এ বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। এরপর কমিশন এ বিষয়ে বাড়তি তথ্য জানাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬২৩ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ কোটি ২৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


৬২৩ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ কোটি ২৮ লাখ

গত ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই সপ্তাহের মধ্যে ৬২৩টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৯১ টাকা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে এ তথ্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, ব্যাটারিচালিত রিকশাগুলোর অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে। সরকার অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে।

ডা. জাহেদ উর রহমান জানান, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। গত ১৪ দিনে এ কার্যক্রমে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ৬০টি অভিযান ছিল মোবাইল কোর্টের। অবৈধভাবে নেওয়া ৬২৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং জরিমানা বাবদ ১ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৯১ টাকা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

তিনি আরও জানান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি (ডেসকো) অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। ডেসকো ৩০টি অভিযান চালিয়ে ২১টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ (নেসকো) বিদ্যুৎ খাতের অন্যান্য প্রতিষ্ঠানও নিজেদের এলাকায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। সামগ্রিকভাবে ৩৭৪টি অভিযান পরিচালনা করা হয়েছে, অবৈধ ১ হাজার ২৫৮টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%