০৫:৫৪ পি.এম
বাংলা ও হিন্দি গানের কালজয়ী সুরস্রষ্টা, গীতিকার ও সংগীত পরিচালক সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘ঠুমরী’ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে এক মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যার আয়োজন করেছে। গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত ‘শতবর্ষে সলিল চৌধুরী’ শীর্ষক এই আয়োজন সুর, স্মৃতি ও আবেগের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
সলিল চৌধুরীর কালজয়ী সব গানের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। বাংলা গানের স্বর্ণযুগের সুর ও সৃষ্টির মাধুর্য মনভরে উপভোগ করেন তারা। ‘সুস্থ সঙ্গীত, সুন্দর ভাবনা...’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ সন্ধ্যায় শিল্পীদের কণ্ঠে একের পর এক পরিবেশিত হয় সলিল চৌধুরীর জনপ্রিয় ও কালজয়ী গান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খন্দকার আনাম শাকিল, অনিরুদ্ধ সেনগুপ্ত, মান্নু জাহিদ ও আফসানা রুনা। সংগীত পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন জাহাঙ্গীর চৌধুরী, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনাও করেন।
আরও পড়ুন: নির্মাতার ক্ষোভ, বাসার নিচে পাভেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সলিল চৌধুরী বাংলা ও হিন্দি সংগীতের এমন এক কিংবদন্তি, যার সৃষ্টিতে লোকজ সুর, পাশ্চাত্য সংগীতের প্রভাব, ধ্রুপদি সংগীত ও আধুনিকতার অপূর্ব সমন্বয় ঘটেছে। তার গান বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সময়, সমাজ, প্রেম, প্রকৃতি ও মানুষের জীবনবোধের এক অনন্য শিল্পভাষ্য। সময়ের পরিক্রমায় তাঁর অনেক গান আজও সমান জনপ্রিয় ও শ্রোতাদের হৃদয়ে অমলিন রয়েছে।
২০১৯ সালের ২৭ এপ্রিল ‘ঠুমরী’র প্রথম আয়োজন বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি নিবেদন করা হয়। একই বছরের ১৯ জুলাই সংগঠনটির দ্বিতীয় আয়োজন ছিল নজরুল-রবীন্দ্রজয়ন্তী। পরবর্তী সময়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলা সংগীত ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করে আসছে সংগঠনটি। সম্প্রতি মহানায়ক উত্তম কুমার ও কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণেও বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে ‘ঠুমরী’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন