প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সারদের প্রচারণার প্রভাবে অনলাইনে কেনা একটি রং ফরসাকারী ক্রিম ব্যবহারের পর কেরালার ১৭ বছর বয়সী এক কিশোরী গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসকেরা শনিবার (২১ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন।
কেরালার মালাপ্পুরমের 'অ্যাস্টার মিমস মাদার হাসপাতালের' চিকিৎসকদের মতে, ওই কিশোরী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের প্রচারণামূলক ভিডিও দেখে ক্রিমটি অর্ডার করেছিল। বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল যে, এই ক্রিম ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর করতে সক্ষম।
কিশোরীটি সাংবাদিকদের জানায়, ইনস্টাগ্রামে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সে পণ্যটি অর্ডার করেছিল। প্রথমদিকে ক্রিমটি ব্যবহার করে ভালো ফল পাওয়ার পর এক বছরের মধ্যে সে আরও কয়েক বোতল ক্রিম কিনে ব্যবহার করে।
কিশোরীটি জানায়, এরপর থেকেই তার শরীরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে শুরু করে। এর মধ্যে হঠাৎ রক্তচাপ কমে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা ছিল। পাশাপাশি তার পা ফুলে যায়, যার ফলে হাঁটাচলা করা এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করা তার জন্য কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে সে চিকিৎসার জন্য হাসপাতালে যায়।
কিশোরীর চিকিৎসাধীন নেফ্রোলজিস্ট (কিডনি রোগ বিশেষজ্ঞ) ডা. গৌরী এস সাংবাদিকদের জানান, বিস্তারিত শারীরিক পরীক্ষায় তার রক্তে ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের (মার্কারি) উপস্থিতি পাওয়া গেছে।
ডা. গৌরী বলেন, “পারদ কিডনির ছাঁকনি বা ফিল্টারিং ইউনিটগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।” তিনি আরও জানান, ওই কিশোরী 'মেমব্রেনাস নেফ্রোপ্যাথি' নামক একটি গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়েছে, যা চিকিৎসা না করালে ভবিষ্যতে আরও বড় জটিলতা তৈরি করতে পারে।
চিকিৎসক জানান, ওই ক্রিমটি পরীক্ষা করে তাতে প্রতি মিলিয়নে ১২ হাজার ৫০০ অংশ (পিপিএম) পারদ পাওয়া গেছে, যেখানে স্বাভাবিক অনুমোদিত মাত্রা ১ পিপিএমেরও কম। পরীক্ষায় এটি স্পষ্ট হয়েছে যে, অতিরিক্ত পারদযুক্ত এই ক্রিম ব্যবহারের ফলেই কিশোরীটির কিডনি বিকল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
রং ফরসাকারী ক্রিমের মাধ্যমে রাতারাতি ফল পাওয়া বা ত্বকের রং দ্রুত উজ্জ্বল করার চটকদার বিজ্ঞাপন থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডা. গৌরী। তিনি বলেন, ত্বকের কোনো সমস্যা দেখা দিলে এ ধরনের পণ্যের ওপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা নেওয়া উচিত।
ভুক্তভোগী কিশোরী জানায়, শারীরিক সমস্যার বিষয়টি সে সংশ্লিষ্ট কোম্পানিকে জানিয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পায়নি। তার অভিযোগ, কোম্পানিটি শুরুতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দিলেও পরে তার মেসেজের আর কোনো উত্তর দেয়নি।
এ ঘটনায় কিশোরীটির পরিবার সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ভোক্তা আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইনি প্রক্রিয়ার স্বার্থে তারা এখনই ক্রিমটির নাম প্রকাশ করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন