০৫:৫৫ পি.এম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফিরিয়ে দেওয়া, ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং এস আলম গ্রুপের সম্পদ বাজেয়াপ্তসহ সাত দফা দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে ব্যাংকের তিন কোটি গ্রাহক ও শেয়ারহোল্ডারদের নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি দৈনিক বাংলা মোড় ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংকের তিন কোটি গ্রাহকের আমানতের সুরক্ষা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট পক্ষগুলো এসব দাবিকে যৌক্তিক হিসেবে স্বীকার করলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।
আরও পড়ুন: পদ্মা ব্যাংকের সব সেবা ২৪ থেকে ২৮ নভেম্বর কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়নে বন্ধ
তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক ধ্বংসের নীলনকশা বাস্তবায়নকারী এস আলমকে পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। জনস্বার্থে সাত দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সদিচ্ছা থাকলেও সরকারের ভেতরের একটি অংশ এস আলম গ্রুপের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে এসব দাবি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করছে।
অধ্যাপক নুর নবী মানিক আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রশাসক জহির হোসেন ছয় হাজার ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহের নামে ব্যাংকটিকে সরকারের হাতে তুলে দেওয়ার নীলনকশা বাস্তবায়নে কাজ করছেন। ইসলামী ব্যাংককে কোনোভাবেই সরকার কিংবা এস আলমের হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকটির প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ইসলামী ব্যাংক নিয়ে যেকোনো ষড়যন্ত্র গ্রাহক ও শেয়ারহোল্ডারদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। চলমান ষড়যন্ত্র বন্ধ না হলে গ্রাহক ও শেয়ারহোল্ডাররা রাজপথে নামতে বাধ্য হবেন।
সাত দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ইসলামী ব্যাংকের বিদ্যমান সংকট আরও বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট সমাধানে অর্থমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের বারবার আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকারের নীরব ভূমিকা দেখে মনে হচ্ছে, শান্তিপূর্ণভাবে দাবিগুলো বাস্তবায়নে সরকার আগ্রহী নয়। ফোরামের নেতৃত্বে হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন। দাবি বাস্তবায়ন না হলে তিন কোটি গ্রাহক তাঁদের আমানতের সুরক্ষা ও ব্যাংকের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
আরও পড়ুন: রহিমআফরোজ ব্যাটারিজের ডিলার সম্মেলন ২০২৬, আলোচনা ও সম্মাননা প্রদান
সমাবেশে ফোরামের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, অংশীজনদের সঙ্গে আলোচনা করে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন। সংগঠনটির দাবি, পাঁচ মাসের বেশি সময় পার হলেও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনে দৃশ্যমান অগ্রগতি নেই।
দ্বিতীয় দাবিতে ২০১৭ সালে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে কেড়ে নেওয়া ব্যাংকের প্রকৃত মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ফোরামের অভিযোগ, এস আলমের অবৈধভাবে দখল করা ৮২ শতাংশ শেয়ার উদ্ধার করে মূল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং ছয় হাজার ৪০০ কোটি টাকা মূলধন বৃদ্ধির নামে ৭৮ দশমিক ৮ শতাংশ শেয়ার সরকারের হাতে তুলে দেওয়ার আয়োজন চলছে।
তৃতীয় দাবিতে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের পরিবর্তে পূর্ণাঙ্গ এমডি নিয়োগ, ব্যাংকের ভেতরে এস আলমের সহযোগীদের চিহ্নিত করে অপসারণ এবং চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অবসরে পাঠানো জ্যেষ্ঠ নির্বাহীদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।
চতুর্থ দাবিতে ইসলামী ব্যাংকগুলোকে ঘিরে আতঙ্ক দূর করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: গ্রামীণফোন কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্সে গোল্ড পুরস্কার অর্জন করেছে
পঞ্চম দাবিতে বিশেষ টাস্কফোর্স গঠন করে এস আলমের বিরুদ্ধে ব্যাংক থেকে লুণ্ঠিত ৮২ হাজার কোটি টাকা উদ্ধারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধ এবং অর্থঋণ আদালতে বিশেষ সেল গঠন করে লুটেরাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত ও বিক্রির মাধ্যমে ব্যাংকের দেনা পরিশোধের দাবি করা হয়েছে।
ষষ্ঠ দাবিতে এস আলমের পুনর্বাসন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার অপতৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। এ ছাড়া ব্যাংকের দায়ের করা মামলার কার্যক্রম দুর্বল করার উদ্দেশ্যে যোগ্য আইনজীবী পরিবর্তনের অভিযোগ তুলে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সংগঠনটি।
সপ্তম দাবিতে ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের ভবিষ্যৎ নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গ্রাহক ও শেয়ারহোল্ডারদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুন: ওষুধ আবিষ্কারের গবেষণায় নতুন দিগন্ত: বাংলাদেশের ‘ডনডক’ সফটওয়্যার যুক্তরাষ্ট্রের ‘পাইরেক্স’কে ফেলল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন