ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা নিয়ে আত্মবিশ্বাসী গিল


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা নিয়ে আত্মবিশ্বাসী গিল

ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে। তবে কলম্বোয় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার খুব কাছাকাছি পৌঁছেও ড্র করতে হয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন দলের।

 

সিরিজ ২-০ ব্যবধানে জিততে না পারার জন্য কিছুটা আক্ষেপ থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা হারাচ্ছেন না ভারত অধিনায়ক। অধিনায়ক হিসেবে দুই বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে গিলের এটি প্রথম জয়।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

ভারতের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই উল্লেখ করে গিল জানান, ‘আমরা প্রায় ২৫০ ওভার ফিল্ডিং করেছি। যা যা করার ছিল, সবই করেছি।

 

আমার মনে হয় না আমরা অন্য কিছু করতে পারতাম। শ্রীলঙ্কা যে ভাবে ফিরে এল, সেটা সত্যিই অসাধারণ। ওদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে।’

ভারতীয় ব্যাটারদের মধ্যে পাডিক্কাল এবং রাহুলের প্রশংসা করেন গিল।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

 

তিনি বলেন, ‘দেবদত্ত দুর্দান্ত খেলেছে। রাহুলও খুব ভালো ব্যাট করেছে। আমাদের বোলাররাও ভালো বল করেছে।’

কলম্বো টেস্টে ভারতীয় দলের তরুণ স্পিনার মানব সুতার নজর কেড়েছেন। তাঁর ধারাবাহিকতা এবং বল ছাড়ার ধরন বিশেষভাবে পছন্দ হয়েছে গিলের।

 

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

ভারত অধিনায়ক বলেন, ‘সুতার খুব ধারাবাহিক। ও যে ভাবে বল ছাড়ে, সেটা আমার খুব ভালো লাগে। আগামী বছরগুলোতে ও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আমার মনে হয়।’

অন্যদিকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েও মুখ খুলেছেন গিল। তাঁর মতে, ম্যাচের ফল জানার পর সিদ্ধান্ত নিয়ে বিচার করা সহজ। কিন্তু মাঠে সেই মুহূর্তে সেরা সিদ্ধান্তটাই নিতে হয়। গিল বলেন, ‘এখন পিছন ফিরে তাকিয়ে ফলো-অন নিয়ে অনেক কিছু বলা যায়। কিন্তু তখন পরিস্থিতির মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হয়। সেই মুহূর্তে আমরা যেটাকে সবচেয়ে ভালো সিদ্ধান্ত মনে করেছি, সেটাই নিয়েছি। শুধু সেই সিদ্ধান্তটা আমাদের পক্ষে যায়নি।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা ছাড়ছেন না গিল। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এরপর দেশের মাটিতে গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে ভারত।

ভারতীয় অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা নিউজিল্যান্ডে যাচ্ছি। সেটা আমাদের জন্য খুব ভালো একটা সিরিজ হবে। তারপর দেশের মাটিতেও গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। আমরা বিশ্বাস ধরে রাখব। আশা করি, শেষ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারব। শ্রীলঙ্কাও দুর্দান্ত খেলেছে।’

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

কলম্বোয় জয় হাতছাড়া হলেও ম্যাচের শেষটা ইতিবাচকভাবে দেখতে চান গিল। তাঁর কথায়, ‘ম্যাচটা দুর্দান্ত হয়েছে। আমার মনে হয়, আজ শেষ পর্যন্ত জয় হয়েছে টেস্ট ক্রিকেটেরই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগুন নিয়ে খেলবেন না, যুক্তরাজ্যকে রাশিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ এম


আগুন নিয়ে খেলবেন না, যুক্তরাজ্যকে রাশিয়ার হুঁশিয়ারি

রাশিয়া যুক্তরাজ্যকে হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেনকে দীর্ঘপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করার ঘোষণা দেওয়ার পর। মস্কো জানায়, এ ধরনের সহায়তার প্রতিক্রিয়ায় ইউক্রেনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যেকোনো সামরিক স্থাপনায় যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা আঘাত হতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই পদক্ষেপকে ‘আগুন নিয়ে খেলা’ হিসেবে চিহ্নিত করেছেন। একই সময়ে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান মস্কো সফর করেছেন এবং ক্রেমলিনকে ন্যাটো জোটভুক্ত দেশে হামলা না করার বিষয়ে গোপন বার্তা ও সতর্কতা প্রদান করেছেন বলে জানা গেছে।

সম্প্রতি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ঘোষণা করেছেন যে, কিয়েভকে তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ‘স্টর্ম শ্যাডো’ নামের দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের সুযোগ দেওয়া হবে। ফ্রান্সও এই প্রযুক্তিতে সহায়তা করতে সম্মত হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, রাশিয়ার অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন ও তাদের মিত্রদের পাশে দাঁড়াতে তারা একটুও পিছপা হবে না এবং রাশিয়ার হুমকি তাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিআইএ প্রধান জন র‌্যাটক্লিফ সম্প্রতি গোপনে মস্কো সফর করেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার ধারণা, রাশিয়া ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করার জন্য সীমান্তবর্তী কোনো সদস্য দেশে সীমিত পরিসরে হামলা বা সাইবার আক্রমণের পরিকল্পনা করছে। বিশেষ করে বাল্টিক অঞ্চলের দেশগুলো এই ঝুঁকির সম্মুখীন হতে পারে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব অভিযোগ ও প্রতিবেদনকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি কাল্পনিক গল্প হিসেবে উড়িয়ে দিয়েছেন এবং রাশিয়ার এমন কোনো পরিকল্পনা নেই বলে দাবি করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা হবে দেশের অন্যতম সেরা শহর: মনিরুল হক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ এম


কুমিল্লা হবে দেশের অন্যতম সেরা শহর: মনিরুল হক চৌধুরী

কুমিল্লার উন্নয়নের ক্ষেত্রে বিগত সময়ে যথেষ্ট কাজ করা হয়নি, এমন মন্তব্য করে সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়ন কাজে যে অগ্রগতি হয়েছে, তা গত ৩০ বছরে কখনোই দেখা যায়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুমিল্লা ক্লাবে অনুষ্ঠিত এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এমপি মনিরুল হক চৌধুরী আরও জানান, দীর্ঘ প্রচেষ্টার পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং মাত্র তিন মাসের মধ্যে ওয়াসা গঠিত হয়েছে, যার এমডি নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে। এছাড়াও, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প নতুন মহাসড়ক নির্মাণের কাজ অনেক অগ্রগতি লাভ করেছে। শুক্রবার এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কুমিল্লায় আসছেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় ঢাকা-কুমিল্লা রেলপথের কাজও শীঘ্রই শুরু হবে।

তিনি আরো বলেন, কুমিল্লা বিমানবন্দর অচিরেই চালু হতে যাচ্ছে এবং এর সীমানা প্রায় ৩০০ বর্গকিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। এসব উদ্যোগের ফলে কুমিল্লা অচিরেই ‘ওয়ান অব দ্য বেস্ট সিটি’-তে রূপান্তরিত হবে। তবে, এই শহর গড়ার দায়িত্ব একার কারো নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং সিডিএ’র চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ধস: নিখোঁজের তালিকায় ৩৫ দেশের নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫১ এম


নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ধস: নিখোঁজের তালিকায় ৩৫ দেশের নাগরিক

নেপাল ও তিব্বত সীমান্ত অঞ্চলে আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভূমিধসের ফলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। এই মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পরিস্থিতিতে ৩৯২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ১,৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

দুর্যোগের ভয়াবহতা এবং সার্বিক বিশৃঙ্খলার কারণে নিখোঁজ ব্যক্তিদের মোট সংখ্যা অন্তত ১,৪৬৮ জনে পৌঁছেছে, যার মধ্যে ৩৫টি ভিন্ন দেশের নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে। প্রাণহানি এবং নিখোঁজের সংখ্যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। দ্বৈত নাগরিকত্ব, উদ্ধার হওয়া মরদেহ শনাক্তকরণ এবং বিভ্রান্তির কারণে এই পরিসংখ্যান ওঠানামা করছে বলে জানা গেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, দেশে অন্তত ৯১০ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে কমপক্ষে ৫১৭ জন বিদেশি নাগরিক। তবে বিদেশিদের জাতীয়তাভিত্তিক পৃথক হিসাব এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অন্যদিকে, তিব্বত সীমান্তে চীনের অংশে ২৬০ জন বিদেশিসহ মোট ৫৫৮ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে বেইজিং। সব মিলিয়ে দুই সীমান্তে নিখোঁজের সংখ্যা ১,৪৬৮ জনে পৌঁছেছে।

এদিকে, নেপাল ট্যুরিজম বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে, নিখোঁজ পর্যটক ও ভ্রমণকারীর সংখ্যা নেপালি ও বিদেশি মিলিয়ে মোট ৬৬৭ জন, যার মধ্যে ১২৭ জন স্থানীয় নেপালি দর্শনার্থী রয়েছেন। তবে স্থানীয় স্থায়ী বাসিন্দাদের মধ্যে কতজন নিখোঁজ তা এখনো পরিষ্কার নয়।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ভারতের ১৭৮ জন নাগরিক বর্তমানে নিখোঁজ রয়েছেন, যদিও ইতিমধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রায় ১০০ জন নাগরিক নেপালে নিখোঁজ রয়েছেন, তবে নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে এই সংখ্যা ২৪। তিব্বত সীমান্তের নিজস্ব ভূখণ্ডে নিখোঁজ থাকা ৫৫৮ জনের মধ্যে ২৬০ জন বিদেশির জাতীয়তার বিস্তারিত তথ্য বেইজিং এখনো প্রকাশ করেনি।

পাশ্চাত্যের দেশগুলোর ক্ষেত্রেও বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তাদের ৯০ জন নাগরিক নিখোঁজ রয়েছেন এবং ৩ জনকে উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া যায়নি। যদিও নেপাল ট্যুরিজম বোর্ড বৃহস্পতিবারের শুরুতে এই সংখ্যা ৬৫ জন বলে জানিয়েছিল। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় জানায়, তাদের ৫৬ জন নাগরিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যাচ্ছে না। মন্ত্রণালয় আরও যোগ করে যে, যাচাইকৃত তথ্য অনুযায়ী হতাহত বা আহতদের মধ্যে কোনো ইউক্রেনীয় নাগরিক নেই। যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নাগরিক নিখোঁজ রয়েছেন বলে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে। তবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, নেপাল ও তিব্বতে থাকা তাদের ৩০ জন কানাডীয় নাগরিক ও স্থায়ী বাসিন্দার বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার জানিয়েছেন, নেপালে ৫০ জনেরও বেশি মালয়েশীয় নাগরিকের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, নেপাল ট্যুরিজম বোর্ড যা ৫১ জন বলে উল্লেখ করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং শুক্রবার নিশ্চিত করেছেন যে, তাদের নিখোঁজ নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানায়, রসুয়া জেলায় বন্যায় তাদের ৯ জন জলবিদ্যুৎকেন্দ্র কর্মী নিখোঁজ রয়েছেন, তবে নেপাল ট্যুরিজম বোর্ড বৃহস্পতিবার তাদের ৪ জনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। সিঙ্গাপুরের ৯ জন এবং জার্মানির ৮ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। রাশিয়ার ৮ জন নিখোঁজ হলেও ২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্যানুযায়ী, আরও বহু দেশের নাগরিক এই দুর্যোগের শিকার হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ও লাটভিয়ার ৬ জন করে; জাপান ও নিউজিল্যান্ডের ৫ জন করে; ফ্রান্স ও স্পেনের ৪ জন করে; বেলজিয়াম, হাঙ্গেরি ও পর্তুগালের ৩ জন করে এবং নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও কাজাখস্তানের ২ জন করে নাগরিক নিখোঁজ রয়েছেন। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ৪ জন বললেও নেপাল ট্যুরিজম বোর্ড ৩ জনের কথা উল্লেখ করেছে। হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয় ৩ জন নিখোঁজের কথা বললেও নেপালের তালিকায় রয়েছে ১ জন। ইতালি জানিয়েছে তাদের ৩ জন নিখোঁজ এবং ২ জনকে উদ্ধার করা হয়েছে। পর্তুগালের এক নাগরিকের সন্ধান মিলেছে বলে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এ ছাড়া বেলারুশ, ফিনল্যান্ড, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইন ও সার্বিয়ার ১ জন করে নাগরিক নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করা হয়েছে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, তাদের ১ জন সুইডিশ নাগরিক এবং অজ্ঞাত জাতীয়তার অপর এক সুইডিশ বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, সুইজারল্যান্ড ও বুলগেরিয়ার ১ জন করে নাগরিককে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি, যেসব ৮ জন ব্যক্তির পরিচয় বা জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তাদেরও জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা। ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে ব্যাপক তৎপরতা চালিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৪ এম


বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, সামনে এল নতুন তথ্য

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মাঝরাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার রহস্যজনক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনে উল্লেখ করা ঠিকানা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল নম্বর নিয়ে নতুন রহস্য তৈরি হয়েছে।

পুলিশের ধারণা, আলোচিত মোটরসাইকেলটির (ঢাকা মেট্রো-ল ৫১-৫৩২৪) রেজিস্ট্রেশনে দেওয়া দুটি মোবাইল নম্বরই ভুয়া। নম্বর প্লেটের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে। দুটি মোবাইল নম্বরের মধ্যে একটির শেষ তিন সংখ্যা ১৫২, যা এক শোরুম মালিকের।

তবে তিনি জানিয়েছেন, ওই মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি এবং কিভাবে তার নম্বর সেখানে এসেছে, তা তিনি জানেন না। অন্য একটি নম্বর দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে বাইকের তিন আরোহীকে ঢাকার রাস্তায় দেখা যায়। ওমরাহ সফর শেষ করে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেলকে অনুসরণ করেন।

তিনি লক্ষ্য করেন, মোটরসাইকেল চালকের পেছনে বসা এক যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছেন। তরুণীটির পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে নিথর হয়ে ঝুলছিল। সন্দেহজনক এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার চেষ্টা করেও সংযোগ পাননি। পরে তিনি মোটরসাইকেলের নম্বর প্লেটসহ স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

টঙ্গী পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল আরোহীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। রেজিস্ট্রেশনের অসংগতি ও মোবাইল নম্বর বন্ধ থাকায় ঘটনার রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

ফেসবুক পোস্টটি ভাইরাল হওয়ার পর ‘জারা চৌধুরী রাত্রি’ নামের একটি ফেসবুক আইডি থেকে কমেন্টে দাবি করা হয়, মেয়েটি উত্তরার একটি বারে মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েছিল। ওই আইডি থেকে কমেন্ট করা হয়, ‘এই মেয়েটা উত্তরায় একটি বারে মদ খেয়ে মাতাল হয়ে অসুস্থ হয়ে যায়। পরে তাকে হুইলচেয়ারে করে নিচে নামানো হয়। আমি ওই বারে ছিলাম। তাই বিষয়টি জানি।’

এই দাবি সম্পর্কে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করলে আইডি থেকে পাল্টা রিপ্লাই দিয়ে বলা হয়, ‘এটা আজকের ঘটনা। আমি ড্রেস দেখে মেয়েটিকে চিনেছি। আমি শিওর হওয়ার পর আমার বন্ধুদের দেখালাম। ওরাও শিওর হলো যে ওই মেয়েটাই।’

‘জারা চৌধুরী রাত্রি’ নামের ওই ফেসবুক আইডির দাবির সত্যতা যাচাই করা যায়নি। এছাড়া মোটরসাইকেল মালিকের আসল ঠিকানা এবং পরিচয় নিয়ে সন্দেহ থাকায় এই প্রতিবেদনে তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%