মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৭ পি.এম
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে নরসিংদীর রায়পুরা উপজেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হান্নান মিয়া ওরফে ‘অস্ত্র হান্নান’ (৪০) এবং তার সহযোগী নুরুল ইসলামকে (৩৮)। হান্নান মিয়ার বিরুদ্ধে রয়েছে ১০টি মামলা, যার মধ্যে ৩টি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা এবং একটি মাদক মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে তেজগাঁও এলাকায় পুলিশের একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৬টায় রায়পুরা থানার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এসব তথ্য প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার উল্লেখ করেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হান্নান মিয়া, যিনি নিলক্ষা ইউনিয়নের বাসিন্দা, এবং মির্জাচর ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলাম তেজগাঁও এলাকায় অবস্থান করছেন। এরপর পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের এই কর্মকর্তা জানান, হান্নান মিয়া স্থানীয়ভাবে ‘অস্ত্র হান্নান’ নামে পরিচিত। গত জুন মাসে রায়পুরার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আলাল মুন্সি ও নাজিমুদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে, যেখানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া নামের এক যুবক নিহত হন, যিনি ওই হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।
তিনি আরও জানান, হান্নান মিয়ার বিরুদ্ধে রায়পুরা থানায় মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৩টি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা এবং একটি মাদক মামলা অন্তর্ভুক্ত। অভিযানের সময় তার সঙ্গে থাকা নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর জানান, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিচালক তিগমাংশু ধুলিয়ার নতুন সিনেমা ‘ঘামাসান’ ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রতীক গান্ধী এবং আরশাদ ওয়ারসি।
তবে, এই সিনেমায় অভিনয়ের জন্য প্রথমে শাহরুখ খানের কাছে যোগাযোগ করেছিলেন পরিচালক। কিন্তু শেষ পর্যন্ত বলিউডের ‘কিং খান’ প্রস্তাবটি ফিরিয়ে দেন।
সম্প্রতি সিনেমার প্রচারণার সময় তিগমাংশু নিজেই এই ঘটনা প্রকাশ করেছেন।
তিনি জানান, ‘ঘামাসান’-এর চিত্রনাট্য লেখার পর, প্রতীক গান্ধী যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রের জন্য শাহরুখ খান ছিলেন প্রথম পছন্দ।
‘বলিউড হাঙ্গামা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিগমাংশু বলেন, শাহরুখের সঙ্গে তার দীর্ঘ পরিচয় রয়েছে। তাদের পরিচয় ‘দিল সে’ সিনেমার সময় থেকে। পরে ‘জিরো’ সিনেমায় শাহরুখের বাবার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।
তিগমাংশু বলেন, চিত্রনাট্য নিয়ে শাহরুখের কাছে যাওয়ার পর, অভিনেতা সেটি মনোযোগ দিয়ে শোনেন এবং পরে খুব ভদ্রভাবে তার সিদ্ধান্ত জানান।
পরিচালকের বর্ণনায়, শাহরুখ তাকে বলেন, “ইয়ার তিশু, আমি এ ধরনের বাস্তবধর্মী সিনেমা করি না।”
শাহরুখের এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়, কেন তিনি ‘ঘামাসান’-এর প্রস্তাব গ্রহণ করেননি।
যদিও শাহরুখ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তবে এ বিষয়ে তিগমাংশুর কোনো আক্ষেপ নেই। বরং তিনি অভিনেতার পছন্দ ও কাজের ধরনকে সম্মান করেন।
অবশেষে শাহরুখের জন্য ভাবা চরিত্রটি করেন প্রতীক গান্ধী। সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আরশাদ ওয়ারসি।
শাহরুখের সিদ্ধান্তের বিষয়ে নিজের মতামত জানিয়েছেন আরশাদ ওয়ারসি। তার মতে, দর্শক শাহরুখকে বড় পর্দায় আরও জমকালো এবং অ্যাকশনধর্মী চরিত্রে দেখতে চান।
আরশাদ বলেন, তিনিও শাহরুখকে টম ক্রুজের মতো চরিত্রে দেখতে চান। শাহরুখ যদি বাস্তবধর্মী কোনো চরিত্রে অভিনয় করেন, তাহলে সেটি তার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হবে বলেও মন্তব্য করেন তিনি।
শাহরুখকে নিয়ে এই ঘটনার পাশাপাশি, সম্প্রতি আরেকটি মন্তব্যের কারণে আলোচনায় রয়েছেন তিগমাংশু ধুলিয়া। ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে তিনি সরাসরি সমালোচনা করেছেন।
‘দ্য ওয়্যার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক দাবি করেন, ‘ধুরন্ধর’-এর কোনো গল্প নেই। তার মতে, একজন ব্যক্তি পাকিস্তানে গিয়ে তাণ্ডব চালাচ্ছেন—এটিকে সিনেমার গল্প বলা যায় না।
বলিউডে ভালো গল্প বলার প্রবণতা কমে যাওয়ার জন্য তিনি অতিরিক্ত পুঁজিবাদী মানসিকতাকেও দায়ী করেন। তার দাবি, এখন সিনেমা থেকে শুরু করে মানুষের পোশাক, চেহারা এমনকি শহরের বৈশিষ্ট্যেও এক ধরনের একরূপতা তৈরি হয়েছে।
‘ঘামাসান’ হিন্দি বলয়ের পটভূমিতে নির্মিত একটি ক্যাট-অ্যান্ড-মাউস গল্প। সিনেমায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অপরাধজগতের মধ্যে দ্বন্দ্ব তুলে ধরা হবে।
পুরুষদের বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা এবং সম্পর্কের নানা জটিল দিকও গল্পে অন্তর্ভুক্ত রয়েছে। রুক্ষ ও শুষ্ক ভূদৃশ্যের মধ্যে সিনেমার কাহিনি এগিয়ে যাবে। এর সঙ্গে উঠে আসবে ওই অঞ্চলের কিছু অনালোচিত ইতিহাসও।
সিনেমায় প্রতীক গান্ধী এবং আরশাদ ওয়ারসি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আগামী ১১ সেপ্টেম্বর জি৫-এ মুক্তি পাবে তিগমাংশু ধুলিয়ার ‘ঘামাসান’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার মধ্যে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যানকে ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনার প্রেক্ষিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলো নগরীর পবা থানার মধুসূদনপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ মুনজিল আলী (৩২) এবং অপরজন আলাইবিদিরপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোঃ রেজাউল করিম (৩৩)।
আরএমপি সদর দপ্তরের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে পবা থানার আলাইবিদিরপুর এলাকা থেকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটির মালিক বিষয়টি পবা থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করেন। পুলিশ খবর পেয়ে ভ্যানটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা শুরু করে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর বিকাল ৪টার দিকে পবা থানা পুলিশ বিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে মুনজিল আলীকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করা হয় এবং তার সহযোগী রেজাউল করিমকেও গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে মুনজিল আলী ভ্যান চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পবা থানায় চুরির মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলা উপজেলায় সার বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি খামারবাড়ি) কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সঠিক সময়ে কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়ার প্রত্যয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নকলা পৌরশহর ও চন্দ্রকোনা বাজারের বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শনের পাশাপাশি সার বিতরণ ব্যবস্থা, ডিলারদের কার্যক্রম এবং কৃষি বিভাগের বিভিন্ন সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সার ডিলারদের স্টক রেজিস্টার ও তাদের গুদামে থাকা সারের বর্তমান মজুত পর্যবেক্ষণ পূর্বক যাচাই করেন। সার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে অতিরিক্ত মূল্য আদায় কার হচ্ছে কিনা এবং কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করার সম্ভাবনা তৈরি করা হচ্ছে কিনা এসব বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে সার বিক্রির ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম হলে এবং কৃষকদের অযথা হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাফ জানিয়ে দেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, উপজেলার কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত ও যথাসময়ে সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ডিলারদের স্টক ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কোনো ধরনের উদ্বেগ বা হতাশার কারণ নেই। তিনি সার ব্যবস্থাপনায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং সবাইকে ধৈর্যশীল থেকে নিয়ম মেনে সার সংগ্রহ করার পরামর্শ দেন। এছাড়া সংশ্লিষ্ট সার ডিলারদের প্রতি তিনি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি কৃষকের কাছে সার বিক্রির রশিদ প্রদান বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে বলেন।
জেলা কৃষি বিভাগের এ পরিদর্শনের মাধ্যমে সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও কৃষকদের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসের কর্মরত কর্মকর্তাগন, উপজেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সার ডিলারগন উপস্থিত ছিলেন।
এদিন সার বিতরণ ব্যবস্থাপনা পরিদর্শন ছাড়াও উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত বিভাগীয় পাক্ষিক অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিসাসহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অতিসম্প্রতি নিজের পছন্দের খাবার তালিকা নিয়ে মন্তব্য করেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। যার জেরে বর্তমানে তাকে নিয়ে নেটমাধ্যমে চলছে নানা সমালোচনা। এমনকি অভিনেতাকে ডিম ছোড়ার হুমকিও এসেছে।
চলতি মাসে বাংলাদেশ সফরকালে বিশ্বজিৎ চক্রবর্তীকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের কোন খাবার তার সবচেয়ে পছন্দের? জবাবে তিনি বলেন, গরুর মাংস এবং ইলিশ মাছ তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। দুপুরে মাংস ভাত খেয়েছেন, আর রাতে যাবেন গরুর মাংস খেতে।
এই ভিডিওটি প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে তুমুল বিতর্কের মুখে পড়েন বিশ্বজিৎ। অভিনেতার বক্তব্যের সমালোচনা করে নেটমাধ্যমে এক নেটিজেন লিখেছেন, ‘কথিত বুদ্ধিজীবী হিন্দুরা আসলে নিজেদের খুব কুল ভেবে এসব বলে। শুনলে আশ্চর্য লাগে।’ আরেকজনের মন্তব্য, ‘এবার কলকাতায় ফিরলে পাবলিক আপনাকে ডিম খাওয়াবে।’ অভিনেতাকে ঢাকাতেই রেখে দেওয়ার আহ্বান জানিয়ে অন্য আরেকজন লেখেন, ‘একে ঢাকাতেই পাকাপাকিভাবে রেখে দেওয়া হোক।’
এতসব সমালোচনার ভিড়েও কেউ কেউ অভিনেতার পক্ষ নিয়েছেন। একজন লিখেছেন, ‘এখানে যারা বিরোধিতায় সরব, তারা অনেকেই খেয়েছেন। কিন্তু এটা তাদের মুখোশ। মানুষ কী খাবে, সেটি তার নিজস্ব রুচির বিষয়।
এসব বিতর্কের মাঝে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভারতীয় সংবাদমাধ্যমকে বিশ্বজিৎ চক্রবর্তী জানান, বিষয়টি নিয়ে বিচলিত নন তিনি। পুরো বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব তার টাকাটাও আমার। সুতরাং আমি কী খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?
তিনি আরও বলেন, এক বোনের জন্মদিনের আমন্ত্রণে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়ে ৫ তারিখেই ফিরে এসেছি। সেখানকার আতিথেয়তায় আমি সত্যিই মুগ্ধ।
সোশ্যাল মিডিয়ায় ট্রোল ও হুমকির জবাবে কড়া বার্তা দিয়ে বিশ্বজিৎ চক্রবর্তী জানান, এই বিষয়ে তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন এবং মামলাটি যেহেতু আদালতের বিচারাধীন, তাই আপাতত এর বেশি কিছু বলতে চান না।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যজগতের একজন অত্যন্ত পরিচিত মুখ বিশ্বজিৎ চক্রবর্তী। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ধারাবাহিকভাবে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘রাজকাহিনি’র মতো সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ