সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২৩ এম
জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোয় কিছু পরিবর্তনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় মজলিসে শূরা দলের উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়টি অনুমোদন করেছে। একই সঙ্গে, জেলা ও মহানগর আমির নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কেন্দ্রের ন্যায় এই দুই শাখার আমির নির্বাচনেও প্যানেল গঠন করা হবে।
গত শনিবার অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এই দুটি সিদ্ধান্ত গঠনতন্ত্রে যুক্ত করার কথা জানানো হয়েছে। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
জামায়াতের একজন সহকারী সেক্রেটারি জেনারেল রোববার আমার দেশকে জানান, মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রে দুটি বিষয় যুক্ত হবে। প্রথম বিষয়টি হলো- জামায়াতের একটি উপদেষ্টা পরিষদ থাকবে। এই পরিকল্পনার বিষয়ে কেন্দ্রীয় মজলিসে শূরা একমত হয়েছে। তবে এর বিস্তারিত কাঠামো ঠিক করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে শিগ্গিরই বিষয়টি চূড়ান্ত হবে।
তিনি আরো জানান, এখন থেকে জেলা ও মহানগর আমির নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রের ন্যায় তিন সদস্যের প্যানেল গঠনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রুকনরা প্যানেলের যে কোনো একজন অথবা বাইরের কাউকে ভোট দিতে পারবেন। বর্তমানে জেলা ও মহানগর আমির নির্বাচনে প্যানেল ছাড়াই রুকনরা তাদের পছন্দমতো যে কাউকে ভোট দিতে পারতেন।
দলীয় সূত্র আরো জানায়, মজলিসে শূরায় রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী জাতীয় ঐক্যের বিষয়ে একমত। শূরা মনে করে, চব্বিশের যে ঐক্য ছিল, তা জুলাই সনদ ও গণভোটের রায় না মানার কারণে বিভক্তি সৃষ্টি এবং ফ্যাসিবাদীরা আস্কারা পেয়েছে। তাই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন।
উল্লেখ্য, মজলিসে শূরায় গৃহীত ৬ দফা প্রস্তাবের মধ্যেও অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের কথা বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য, নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
রোববার বিকেলে, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী এতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান আশিক উল্লেখ করেন, "গত ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির কার্যালয় এবং শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।" তিনি বলেন, এসব নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, "জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন।" তবে তিনি সতর্ক করে দেন যে, বাঁশখালীতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তা প্রতিহত করবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুল হক ও এসএম আশেক উল্লাহ, বাঁশখালী পৌরসভা ছাত্রদল নেতা জিহান, উপজেলা যুবদলের সদস্য জুনায়েদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলটি প্রেমবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ