ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত


খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সম্মেলন, কেন্দ্রীয় কাউন্সিল ও মজলিসে শূরা।

রোববার রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়া ইসলামিয়া মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় দলের কেন্দ্রীয় ও জেলা নেতা, কাউন্সিলর এবং মজলিসে শূরার সদস্যদের উপস্থিতিতে দলীয়, জাতীয় ও কালেমার পতাকা উত্তোলনের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়।

আরও পড়ুন: কাল ইসির সংলাপে অংশ নেবে না বিএনপি, নতুন সময়ের দাবি

সকাল ১০টা থেকে শুরু হয় প্রতিনিধি সম্মেলন এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় মজলিসে শূরার বৈঠক। কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনে সংগঠনের সাংগঠনিক মূল্যায়ন, নেতৃত্ব ও দায়িত্ব বণ্টন, ভবিষ্যৎ কর্মসূচি এবং রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলনের মাধ্যমে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, আদর্শিক ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যকর কর্মপরিকল্পনার মাধ্যমে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার সংকল্প করা হয়।

মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী, দলের আমির পদে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মহাসচিব হিসেবে মাওলানা ইউসুফ সাদেক হক্কানী পুনর্নির্বাচিত হন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন।

দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

আরও পড়ুন: ফিলিস্তিনে দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী উল্লেখ করেন, "একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু দেশের মানুষের অর্থনৈতিক সংকট নিরসন হচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হচ্ছে না, জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। যত দিন পর্যন্ত খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত না হবে, তত দিন পর্যন্ত দেশে শান্তি আসবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’ প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টায়, পিবিআই’র হাতে ৫ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’ প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টায়, পিবিআই’র হাতে ৫ গ্রেপ্তার

গজারি বনে অটোরিকশাচালক জাহিদ রহমানকে (২০) হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর ৫ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচন্নপাড়া গ্রামের ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর উপজেলার বামনগাঁও গ্রামের হাবিবুল্লাহ (২৭), শ্রীপুর পৌরসভার কাজীপাড়া এলাকার আলমগীর হোসেন আলম (৩৪), কাপাসিয়া উপজেলার নলীপলাশ গ্রামের জাহাঙ্গীর ফকির (৪২) এবং কালীগঞ্জ উপজেলার বড়াইয়া পূর্বপাড়া (আওড়াখালী বাজার) গ্রামের ইব্রাহিম খলিলুল্লাহ খলিল (৪০) অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের কাছ থেকে অটোরিকশা বিক্রির সাড়ে ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

নিহত জাহিদ রহমান কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর (পূর্বপাড়া) গ্রামের হবিবুর রহমান হাবির ছেলে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের সাভারচালা (পশ্চিমপাড়া) গ্রামের গভীর গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের গ্রেপ্তার করা হয়েছে শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে। পিবিআই গাজীপুরের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর অটোরিকশাচালক জাহিদ রহমান তার অটোরিকশা নিয়ে কাপাসিয়ার কেওয়া ঘাট থেকে যাত্রী উঠিয়ে লতিফপুর-গোসিংগার দিকে যান। ওই দিন তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তার বাবা কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে ছেলের মরদেহ গজারি বনের ভেতর পড়ে থাকার খবর আসে। পরে সাভারচালা (পশ্চিমপাড়া) গভীর গজারি বনের ভেতর থেকে হাত-পা, মুখ ও গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় তার মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক জাহিদ রহমানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অটোরিকশাচালকের বাবা হাবিবুর রহমান হবি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা (নং-৫৪) দায়ের করেন। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় তারা স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে। পরে তদন্ত কর্মকর্তা তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অটোরিকশাচালক জাহিদ রহমান হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পান এবং তাদের গ্রেপ্তার করেন। তাদের মধ্যে তিনজন হত্যার ঘটনায় জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও জানান, নিহত জাহিদ ও আসামি ইন্তাজ পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজন হলে আসামি ইন্তাজ ও সহযোগী আসামিরা জাহিদকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামি ইন্তাজ আলী গজারি বন থেকে লাকড়ি আনার কথা বলে জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলোর মোড়ে যেতে বলেন। পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে তাকে গজারি বনে নিয়ে যান। তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামি হাবিবুল্লাহ দড়ি কিনে রাখেন। সেখানে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। অটোরিকশাটি বিক্রির জন্য আসামি আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেন তারা।

পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, "একজন নিরীহ অটোরিকশাচালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। অপরাধীরা ভেবেছিল নির্জন স্থানে ক্লুলেস অপরাধ ঘটিয়ে পার পেয়ে যাবে। পিবিআইয়ের গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর অটোরিকশাচালক হত্যার মূল আসামিদের গ্রেপ্তার করতে পেরেছি। হত্যাকাণ্ডের ঘটনায় আরও কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে পিবিআই আদালতে দ্রুততম সময়ের মধ্যে নিখুঁত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দিতে পারে: শফিকুল আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


ভারত শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দিতে পারে: শফিকুল আলম

ঢাকার অনুরোধের প্রেক্ষিতে শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দিতে পারে ভারত, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২৯ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পোস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যক্রম, সরকারের ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে ১১টি পর্যবেক্ষণ তুলে ধরেন।

শফিকুল আলম লিখেছেন, আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের মধ্যে উগ্রপন্থীরা দেশে থাকা সমর্থকদের ‘সর্বোচ্চ চেষ্টা’ করার আহ্বান জানাচ্ছেন। যদিও অনেকে এতে সাড়া দিলেও গোপালগঞ্জে অধিকাংশ তৎপরতা দেখা গেছে। তার ভাষ্যমতে, সহিংসতার আহ্বান এখন আগের মতো শোনা যাচ্ছে না। আওয়ামী লীগের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা হলেও পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের সমর্থকেরা তা প্রতিহত করেছেন।

গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় আওয়ামী লীগের কয়েক শ সমর্থক মশাল মিছিল, ভাঙচুর এবং একটি মহাসড়ক দখল করে রাখার ঘটনা ঘটিয়েছেন বলে তিনি পোস্টে উল্লেখ করেন। তার দাবি, সেখানে পুলিশ ও বিজিবির বড় বাহিনী মোতায়েন থাকলেও এখন পর্যন্ত কঠোর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও উল্লেখ করেছেন, বিএনপি কর্মীদের হত্যা এবং বিএনপি সংসদ সদস্যদের বাড়ি ও পুলিশ স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর গোপালগঞ্জের আওয়ামী লীগের মধ্যে নতুন করে সহিংসতায় জড়ানোর আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। বরং কেউ কেউ আশঙ্কা করছেন, নতুন করে অস্থিরতা সৃষ্টি হলে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন অভিযান শুরু করতে পারে।

শফিকুল আলমের পর্যবেক্ষণ অনুযায়ী, বিচ্ছিন্নভাবে ‘হিট অ্যান্ড রান’ হামলা ও সহিংসতার ঘটনা এখনো ঘটছে, তবে সেগুলোর তীব্রতা কমেছে। একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা এবং কয়েকটি চলাচল বন্ধ থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব হামলায় প্রাণহানি কম হওয়াকে আওয়ামী লীগের জন্য সৌভাগ্যজনক বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি কোনো হামলায় এক ডজনের মতো মানুষ নিহত হন, তাহলে আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পত্তির ওপর ব্যাপক গণপ্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে। ইতিমধ্যে কয়েকটি জেলায় প্রতিশোধমূলক হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের ভূমিকা নিয়ে শফিকুল আলম বলেন, সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখন পর্যন্ত সংযম ও শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। গোপালগঞ্জে পুলিশ স্টেশন এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার পর কর্তৃপক্ষ পুলিশ বাহিনীর ভেতরে দীর্ঘদিনের প্রত্যাশিত শুদ্ধি অভিযান শুরু করেছে। তার মতে, চাকরি হারানোর ভয় এবং নজরদারির আশঙ্কা অনেক পুলিশ কর্মকর্তাকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করতে বাধ্য করবে।

তিনি লিখেছেন, শেখ হাসিনা ও তার সমর্থকেরা ছোট পরিসরে বিদ্রোহী তৎপরতা শুরু করার সাহস পেয়েছিলেন মূলত দুটি কারণে। এর একটি ছিল পুলিশের দুর্বলতা। সরকার যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে, তা স্পষ্ট। পোশাকশিল্পের অস্থিরতা ও মজুরি-সংক্রান্ত সমস্যাও সরকার ভালোভাবে সামাল দিয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, মজুরি বৃদ্ধিতে শ্রমিকেরা সন্তুষ্ট এবং বিক্ষোভও থেমে গেছে বলে মনে হচ্ছে।

আওয়ামী লীগের সুযোগ কাজে লাগানোর দ্বিতীয় কারণ হিসেবে জুলাই বিপ্লবে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদের কথা উল্লেখ করেন শফিকুল আলম। তার মতে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাইয়ের বৃহত্তর ঐক্যের আহ্বান এবং বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের ফলে দলগুলোর মধ্যে দৃশ্যমান দূরত্ব কমেছে। অন্তত ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দলগুলোর মধ্যে কিছুটা ঐকমত্য তৈরি হয়েছে।

শেখ হাসিনার মৃত্যুর গুজব নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই প্রেস সচিব। তিনি বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর গুজব সাম্প্রতিক মাসগুলোতে শোনা সবচেয়ে উদ্ভট খবরগুলোর একটি। তবে অনেক মানুষই এখন এসব গুজব বিশ্বাস করতে শুরু করেছেন। গ্রামাঞ্চলে এ প্রচারণা আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে প্রভাব ফেলছে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ সমর্থক তার কয়েকজন আত্মীয়ও শেখ হাসিনা কেন সরাসরি সামনে আসেন না, কেন শুধু তার কণ্ঠস্বর শোনা যায়—এমন প্রশ্ন করেছেন বলে পোস্টে উল্লেখ করেন শফিকুল আলম।

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছে। বিশেষ করে ইসলামপন্থী দলগুলো এ ধরনের ইস্যু নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মন্তব্য এবং আসামে বাঙালি মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। এতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

লন্ডন পুলিশের হাতে সুশান্ত দাস গুপ্তের গ্রেফতারের ঘটনাকেও আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর বলে উল্লেখ করেন শফিকুল আলম। তার মতে, বাংলাদেশের প্রবাসী রাজনৈতিক মহলে ঘটনাটি বড় বিষয় বলে মনে না হলেও সুশান্ত ও তার উগ্রপন্থী সহযোগীদের সহিংস কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের সহিংস কৌশলকে উন্মোচিত করেছে। যুক্তরাজ্য, ইউরোপের মূল ভূখণ্ড ও উত্তর আমেরিকায় বসবাস করে দেশে থাকা সমর্থকদের সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, গ্রেপ্তারের ঘটনা—পরে জামিন পেলেও—অবরোধ কর্মসূচি পরিচালনার ধরনে প্রভাব ফেলেছে।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলাকে আওয়ামী লীগের জন্য ‘রাজনৈতিক আত্মহত্যার শামিল’ বলে মন্তব্য করেন শফিকুল আলম। তার দাবি, আওয়ামী লীগের কর্মীরা শতাধিক শাখায় আগুন দিয়েছেন কিংবা হামলা চালিয়েছেন। এসব ঘটনায় জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর সরকার গুরুত্ব দেবে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, পশ্চিমা বিশ্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূস অত্যন্ত শ্রদ্ধাভাজন। গ্রামীণ ব্যাংকের মডেল যুক্তরাষ্ট্রেও কার্যকারিতা প্রমাণ করেছে। তাই এসব হামলাকে দরিদ্র নারীদের পাশাপাশি অধ্যাপক ইউনূসের অর্জন ও উত্তরাধিকারের ওপর আঘাত হিসেবে দেখা হতে পারে। শিগগিরই এসব হামলার তদন্তের জোরালো দাবি উঠতে পারে এবং এর দায় শেখ হাসিনার ওপর বর্তাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের হাতে পরিস্থিতি বদলানোর জন্য দুই মাসেরও কম সময় রয়েছে বলে মনে করেন শফিকুল আলম। তার মতে, ফেব্রুয়ারির শুরুতে রমজান শুরু হওয়ার আগেই শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে হবে, যা এখন বেশ অসম্ভব বলেই মনে হচ্ছে। রমজানের পর বর্ষাকাল শুরু হবে। এদিকে জানুয়ারি থেকে দেশে দীর্ঘ প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সমর্থকেরা রাজনৈতিক প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে ফিরে আসার সুযোগ পেতে পারেন।

পোস্টের শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নিজের ধারণা তুলে ধরেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের ছোট পরিসরের বিদ্রোহী তৎপরতা স্তিমিত হওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন। তবে তিনি নিজের শর্তে এবং শক্তিশালী অবস্থান থেকে সফর করতে চাইবেন বলে মনে করেন শফিকুল আলম। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য লালগালিচা সংবর্ধনার আয়োজন করতে হলে নয়াদিল্লিকে কিছু ছাড় দিতে হতে পারে। এর মধ্যে হাদির হত্যাকারীদের হস্তান্তর, ট্রান্সশিপমেন্ট চুক্তি পুনর্বহাল এবং ঢাকার অনুরোধে শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দেওয়ার বিষয় থাকতে পারে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তার ধারণা, এমন সফর জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ছিন্নভিন্ন মরদেহ, গণনাও করা যাচ্ছে না’, মিয়ানমারে ফের গণহত্যায় নিহত ছাড়াল ৭০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


‘ছিন্নভিন্ন মরদেহ, গণনাও করা যাচ্ছে না’, মিয়ানমারে ফের গণহত্যায় নিহত ছাড়াল ৭০

মিয়ানমারে টানা দুই দিনে একাধিক স্থানে সরকারি বাহিনী বিমান হামলা চালাচ্ছে। দেশটির বিরোধী গোষ্ঠী, উদ্ধারকারী দলের এক কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এসব হামলায় শিশুসহ ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। খবরটি এপির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের একটি বিয়ের অনুষ্ঠানস্থল, স্কুল ও আবাসিক এলাকায় এসব হামলা পরিচালিত হয়েছে, যেখানে আরও ৭০ জনের বেশি মানুষ নিহত হন।

সামরিক বাহিনী-সমর্থিত সরকার এই হামলা এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সেনাবাহিনী বরাবরই দাবি করে আসছে যে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানে এবং প্রতিরোধ বাহিনীগুলোকে ‘সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্ত করে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকে মিয়ানমারে চরম অস্থিরতা বিরাজ করছে। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংস দমন-পীড়নের পর অনেক বিরোধী পক্ষ অস্ত্র হাতে তুলে নিয়েছে, যার ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়েছে।

রোববার (২৯ নভেম্বর) কারেন্নি রাজ্যের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিষদের সেক্রেটারি-২ বানিয়া খুং অং আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, ২৮ নভেম্বরের এক বিমান হামলায় শিশুসহ ২১ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, শান রাজ্যের পেখন টাউনশিপের লে কি লোন গ্রামে একটি বিয়ের প্রস্তুতির সময় একটি যুদ্ধবিমান থেকে একটি স্কুল ও বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরের কাছে বোমাবর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, ‘আকাশ বা স্থল যেখান থেকেই দেখা হোক না কেন, এটি যে একটি বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির তা অত্যন্ত স্পষ্ট। এরপরও সেখানে বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বোমাবর্ষণ করা যুদ্ধাপরাধের শামিল।’

ঘটনাস্থল পরিদর্শনকারী স্থানীয় এক জ্যেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা ওয়াই হুন অং জানান, ২৮ নভেম্বর বিকেল ৪টা ও রাত ৮টার দিকে রাখাইন রাজ্যের ম্রাউক-উ টাউনশিপের পাশাপাশি দুটি আবাসিক ওয়ার্ডে পৃথক দুটি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ২৪ জন নিহত এবং দুই ডজনেরও বেশি মানুষ আহত হন।

রোববার এপিকে তিনি বলেন, ‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কিছু মরদেহ আর গণনা করার অবস্থায় নেই; সেগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহতদের সবাই ছিলেন বেসামরিক নাগরিক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লতিফুল ইসলাম শিবলী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


লতিফুল ইসলাম শিবলী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন লতিফুল ইসলাম শিবলী, যিনি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এবং গীতিকবি।

সরকার রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

নিয়োগের বিষয়ে লতিফুল ইসলাম শিবলী মন্তব্য করেন, ‘আশা করছি আগামীকাল সোমবার কর্মস্থলে যোগ দেব। শিল্পকলা তো বাংলাদেশের সংস্কৃতির একটি আয়না। এখানে দীর্ঘ ১৬ বছরের একটি ফ্যাসিবাদী শাসন ও ফ্যাসিবাদী কালচারের পর যে আমূল পরিবর্তনের প্রত্যাশা ছিল, বাস্তবে সেভাবে তা হয়নি। জুলাই অভ্যুত্থানের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার বাস্তবায়নও হয়নি। আমার কাছে সেই প্রত্যাশা পূরণ করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

জুলাই অভ্যুত্থানের পর শিল্পকলা একাডেমিতে প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় মহাপরিচালক পদে তিন দফা পরিবর্তন ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া নাট্যজন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ ছয় মাসের মাথায় পদত্যাগ করেন। এরপর কবি রেজাউদ্দিন স্টালিন মহাপরিচালকের দায়িত্ব নেন, যার মেয়াদ ২১ সেপ্টেম্বর শেষ হয়। পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এদিকে, জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান লতিফুল ইসলাম শিবলী। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে দুই বছরের চুক্তিতে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%