১০:২৭ এম
উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় রোববার (৮ নভেম্বর) আবারও তাপমাত্রা হ্রাস পেয়েছে।
দিনের বেলা গরম আবহাওয়া বিরাজমান থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে। সেইসঙ্গে কুয়াশা নামতে শুরু করেছে। ভোরে হালকা কুয়াশা থাকলেও, অধিকাংশ সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে জেলার চারপাশ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে আজ রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সরেজমিনে ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রোববার ভোর সকাল থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার পরিমাণ কম লক্ষ্য করা গেছে। তবে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হীম বাতাসের তীব্রতা ছিল।
স্থানীয়রা জানাচ্ছেন, রাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হওয়ায় প্রয়োজনের সময় গরম কাপড় পড়ে বের হতে হচ্ছে।
পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আস্তে আস্তে শীতের অনুভূতি বাড়ে। রাতে কম্বল কাথা ছাড়া ঘুমানো সম্ভব হচ্ছে না। একই সাথে সকালে গরম কাপড় ছাড়া বের হওয়া কঠিন হয়ে পড়ছে।
মেহেদী হাসান নামে একজন সময় সংবাদকে বলেন, পঞ্চগড় জেলায় শীত নেমে এসেছে। কিছুদিন ঘন কুয়াশায় ঢাকা থাকে, আবার কিছুদিন হালকা থাকে। তবে দিনে খানিকটা গরম আবহাওয়া থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।
আরও পড়ুন: আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস: ৫ দিনে বজ্রসহ বৃষ্টি হতে পারে
এ সময় মইনুদ্দিন নামে এক রিকশা চালক ও ফজলুল নামে এক মোটরসাইকেল আরোহীর সাথে কথা হয়। তারা সময় সংবাদকে জানান, রাতেও সকালে শীতের কাপড় ছাড়া গাড়ি চালানো সম্ভব হয় না। গাড়ি চালানোর সময় প্রচন্ড ঠাণ্ডা বাতাস শরীরে লাগে। এ সময় জ্যাকেট পরে কাজের উদ্দেশ্যে বের হতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল ছয়টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, একই তাপমাত্রা সকাল নটায়ও রেকর্ড হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
এর আগে গতকাল শনিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আগামীতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন