১০:৩১ এম
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২ হাজার ১৫ পিস ইয়াবা ও ১ লাখ টাকাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় উপজেলার ২ নং ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ মোজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং মৃত আমির হোসেন দফাদারের ছেলে এমাদুল দফাদার (৩৮), যারা ২ নং ধানীসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাত নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই মুস্তফা শওকত জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০ টার দিকে সাফা বাজারে অভিযান শুরু করে। অভিযানের সময় মেসার্স উর্মি এন্টারপ্রাইজের সামনে সন্দেহজনক অবস্থায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় রুবেল নামক ব্যক্তির জিন্সের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৭টি পোটলা ও ১ লাখ টাকা উদ্ধার হয়। পরে পোটলাগুলো খুললে ২ হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৬ হাজার টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি চক্র বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হোসেন আল মাহাবুব জানিয়েছেন, শনিবার রাতে সাফা বাজার থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: রংপুরে এক হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী আফসানা মরিয়ম গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন