১১:০৩ এম
খুলনা নগরের যশোর রোডে অবস্থিত রেলস্টেশনের দেয়ালে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি কালি দিয়ে বিকৃত করার পর নতুন করে আঁকা হয়েছে। শনিবার দুপুরের সময় শিল্পী মো. রেজাউল করিম রেজা প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শুরু করেন।
প্রতিকৃতির দুই পাশে আগে লাগানো পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়। মুখে লেপন করা কালির ওপর সাদা প্লাস্টিক পেইন্টের প্রলেপ দিয়ে সেখানে রবীন্দ্রনাথের মার্কারি স্কেচ আঁকা হয়। স্কেচের কাজ সম্পন্ন হলে, এরপর প্রতিকৃতিতে রং করার কাজ শুরু হয়।
শিল্পী রেজাউল করিম বলেন, “এটা আমি আর্ট করেছিলাম। শিববাড়ী মোড় থেকে সঙ্গীতা হল পর্যন্ত আমি ও আমার দল দেয়ালচিত্রগুলো এঁকেছিলাম। কে বা কারা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিটি নষ্ট করেছে। মেয়র (প্রশাসক) সাহেব আমাকে আবার এটা আঁকতে বলায় কাজ শুরু করেছি।”
আরও পড়ুন: নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
তিনি আরও বলেন, “আমাকে কেউ যাতে ঝামেলায় ফেলতে না পারে, সে জন্য পেইন্ট করার (আঁকার) সময় পুলিশ এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা নিরাপত্তায় থাকবেন।” পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি পুরোপুরি আঁকার কাজ শেষ হয়।
দুপুর ১২টার দিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থল পরিদর্শন করেন। রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপন ও তাঁকে নিয়ে বিরূপ বক্তব্যসংবলিত পোস্টার লাগানোর ঘটনায় তিনি নিন্দা জানান।
কেসিসি প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর খুলনা আগমন উপলক্ষে আমরা দেয়ালে খুলনার অতীত ঐতিহ্য, উন্নয়ন ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এঁকেছি। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতিও ছিল। কিন্তু সেই ছবিতে কালি দেওয়ার ঘটনাকে আমাদের কাছে হিংস্রতা বলে মনে হয়েছে। এটি বিশ্ববরেণ্য কবির প্রতি অসম্মান।”
এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন। নজরুল ইসলাম বলেন, “একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা স্বচ্ছ ও সুন্দর খুলনা গড়ার চেষ্টা করছি। কিন্তু এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।”
আরও পড়ুন: মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও কথা বলেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, “যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করার জন্য আমরা পুলিশকে বলেছি। আমরা চাই এ ধরনের কাজে আর কেউ অংশ না নিক। দেয়ালচিত্রগুলো যাতে অক্ষত থাকে, সে জন্য পুলিশ টহল জোরদার করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন