০৯:৩৯ পি.এম
লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের কারণে বাসার গেটে তালা লাগিয়ে ও বালুর বস্তা ফেলে একই পরিবারের ১৩ জনকে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষরা। একইভাবে মার্কেটের প্রতিটি দোকানে তালা লাগানো হয়।
খবর পেয়ে রোববার (২৯ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নতুন মহিলা কলেজ এলাকার ওই ভবন থেকে পুলিশ তাদের উদ্ধার করে। পরে অভিযুক্তরা মার্কেটের সামনে থেকে বালুর বস্তাও সরিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম আবির সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বাঞ্চানগর এলাকার জামাল হোসেন, তারেক হোসেন, রুবেল হোসেন, তোফায়েল আহমেদ ও মো. মোহনসহ অজ্ঞাত ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বনানী থানার আওয়ামী লীগ নেতা আতিক জামান গ্রেপ্তার
অন্যদিকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্তদের লোকজন গেট ও দোকানের তালা খুলে দিলেও কাউকে আটক করা হয়নি। গেটে তালাবদ্ধ অবস্থায় প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন ৯ জন নারী, তিনজন শিশু ও একজন বৃদ্ধ।
অভিযোগ সূত্রে জানা যায়, ৪৮ শতাংশ জমিতে ভবন নির্মাণ করে ভুক্তভোগী পরিবার সেখানে বসবাস করে আসছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই ভবনটি জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। দখল করতে ব্যর্থ হয়ে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে ভুক্তভোগী পরিবারের সদস্য রহিমা বেগমদের কাছ থেকে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রাতে মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে, বাসার গেটে তালা ও দোকানে তালা লাগিয়ে দেয় অভিযুক্তরা।
অবরুদ্ধ রহিমা বেগম, মুন্নীসহ কয়েকজন জানান- জামাল, তারেক, রুবেল, তোফায়েলসহ ১৫-২০ জন এসে গেট ও দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। এছাড়া গেটে ও মার্কেটের সামনে বালুর বস্তা ফেলে তাদের অবরুদ্ধ করে রাখে অভিযুক্তরা। তারা ভুক্তভোগীদের বিভিন্ন হুমকি-ধমকিও দেয়।
তবে নাম প্রকাশ না করার শর্তে অভিযুক্তদের পরিবারের এক সদস্য বলেন, "আমার বাবার সম্পদ রহিমা বেগমরা দখল করে রেখেছে। তাদের কাছে কোনো কাগজপত্র নেই। চাঁদা দাবির অভিযোগ মিথ্যা।"
আরও পড়ুন: সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়া সম্ভব নয়: এমপি মানিক
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তদের ডেকে তালা খুলে অবরুদ্ধদের উদ্ধার করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন