রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:০৪ পি.এম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
শিক্ষা মন্ত্রণালয় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অধ্যাপক নূরুল ইসলামকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে হবে, সেসময় পর্যন্ত উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক নূরুল ইসলাম চলতি বছরের ১৬ মার্চ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এছাড়া, তিনি ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবেও দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক নূরুল ইসলাম ২০১১ সালে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৯২ ও ১৯৯৩ সালে যথাক্রমে বিএসসি (অনার্স) ও এমএসসি (থিসিস) সম্পন্ন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পালটা-পালটি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দুই দেশ। যুদ্ধপঞ্চম বছরে গড়ানোর মধ্যেও দুই পক্ষের হামলা-পালটা হামলা অব্যাহত রয়েছে। খবর দ্য ডনের
রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর ২০২২ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্মকাল পার করেছে অঞ্চলটি। এরপর মস্কো ও কিয়েভ উভয়েই হামলার মাত্রা বাড়িয়েছে।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিনও বারবার জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে সরে আসেনি।
ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় উত্তর-পূর্বাঞ্চলের সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের এক ১৭ বছর বয়সি কিশোরীও রয়েছে।
রাজধানী কিয়েভেও হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর এক দিন আগে রুশ হামলায় সেখানে সাতজন নিহত হন। যুদ্ধের আরেকটি শীত সামনে রেখে কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো বলে জানিয়েছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।
স্কো-সমর্থিত খেরসন অঞ্চলের কর্মকর্তা ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালায়। ধ্বংসস্তূপ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন বলেও জানান তিনি।
এ ছাড়া মস্কো-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতের ইউক্রেনীয় হামলায় দখলকৃত অঞ্চলের আরও তিনজন নিহত হয়েছেন।
জাতিসংঘের কর্মকর্তারা যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘হতে যাচ্ছে’। তবে অনেক পর্যবেক্ষকের মতে, যুদ্ধ অবসানের সম্ভাবনা এখনো দূরের বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি; অবসর সময় খেলাধুলার মধ্য দিয়ে কাটাই, এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামে জয়কুল ব্রাদার ক্লাবের উদ্যোগে আইরন জয়কুল স্কুল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় স্থানীয় ৪টি দল অংশগ্রহণ করে।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাঠালিয়া একাদশ’কে পরাজিত করে ‘জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদার, যুবদলের সদস্য সচিব শারিফুল আলম সোহেল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল, উপজেলা মৎস্যজীবী দলের সালাউদ্দিন মন্টু, সাবেক ইউপি সদস্য আফসার উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে তারা ভবিষ্যতেও এ ধরনের দেশীয় খেলার আয়োজন অব্যাহত রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১১ বছর বয়স। কিশোর বলা যায় কি? এই বয়সের শৈশব না কৈশোরের মধ্যে বিভাজন নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু যদি কেউ মহাদেশীয় গেমসে সোনা জিতেন, তাহলে বিষয়টি বিস্ময়কর হয়ে ওঠে।
এশিয়ান গেমসে এমন একটি ঘটনা ঘটেছে। জাপানের ১১ বছর বয়সী গেমার ইউকি কুরিহারা ই-স্পোর্টসের খেলা পুইও পুইও চ্যাম্পিয়নসে সোনা অর্জন করেছেন।
ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাং দং-শিনের বিরুদ্ধে তিনি প্রথমে ০-১ পিছিয়ে ছিলেন। এরপর তিনি ফিরে এসে ১০-২ ব্যবধানে জয়লাভ করেন। ইউকিকে এই গেমসের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে মনে করা হচ্ছে।
জয়ের পর ইউকি বলেন, “সত্যি কথা বলতে, আমার একটু লজ্জা লাগছিল, তাই আমি আমার মুখের ভাব খুব একটা বদলাতে পারিনি।” সোনার পদক হাতে নিয়ে তিনি বলেন, “আমি খুব খুশি। পদকটা সত্যিই সুন্দর, চকচকে আর ভারী।”
পুইও পুইও চ্যাম্পিয়নস একটি পাজল গেম। এই গেমে খেলোয়াড়রা রঙিন বল জুড়ে দিয়ে স্ক্রিন থেকে সেগুলো সরিয়ে ফেলেন। ইউকি প্রথম শ্রেণিতে থাকতেই এই গেম খেলা শুরু করেন। পরে তিনি প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন এবং জয়ী হতে থাকেন।
এই বছরের এপ্রিলে তিনি পেশাদার লাইসেন্স লাভ করেন। এরপর থেকে নিয়মিত বড়দের হারিয়ে দিচ্ছেন। গেমসের আগে ইউকি বলেছিলেন, স্কুল এবং অতিরিক্ত ক্লাসের পাশাপাশি ই-স্পোর্টস চালিয়ে যাওয়া সহজ নয়। তবে তিনি এই কাজটি উপভোগ করেন। গ্রীষ্মের ছুটিতে তিনি আরও অনুশীলন করে নতুন দক্ষতা তৈরির পরিকল্পনা করেছিলেন।
এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কমবয়সী পদকজয়ীদের নিয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে ২০১৮ সালে জাকার্তায় ১২ বছর বয়সী ইন্দোনেশিয়ার বুঙ্গা নিমাস মেয়েদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এর তিন বছর আগে হ্যাংজোতে ১৩ বছর বয়সী কুই চেনসি মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা জিতেছিলেন। তাই ইউকি যে রেকর্ড গড়েছেন, তা আপাতত বলাই যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। বাস্তব জীবনের এই জুটি এবার পর্দায় ফিরছেন 'রানাবালি' সিনেমার মাধ্যমে। সিনেমাটির মুক্তির ঠিক আগমুহূর্তে তাদের মধ্যে মিষ্টি রসায়ন ও খুনসুটি সামাজিক মাধ্যমে নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা সৃষ্টি করেছে।
সম্প্রতি, সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রাশমিকা মান্দানা। সেখানে তিনি অভিনেতা বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন।
অভিনেত্রী মন্তব্য করেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে, সে পুরোপুরি আমার। তবু তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’
রাশমিকার পোস্টের এই মন্তব্যের জবাব দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতা লিখেছেন— ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’
এ সিনেমায় বিজয় অভিনয় করছেন নাম-ভূমিকায় ‘রানাবালি’ চরিত্রে। অন্যদিকে, রাশমিকাকে দেখা যাবে সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে।
উল্লেখ্য, 'রানাবালি' সিনেমার গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবির তথ্যানুযায়ী, ১৮৭০ সালের দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ