০৭:০৪ পি.এম
একসময় মানুষের ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করতেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করাই ছিল তার পেশা। কিন্তু সেই বিদ্যুৎই মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে লাইনম্যান মো. নূর আলমের জীবন। কর্মস্থলে দুর্ঘটনার ফলে গুরুতর আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
আহত মো. নূর আলম ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর লাইনম্যান গ্রেড ১ হিসেবে তিনি কর্মরত ছিলেন। মে মাসের ২১ তারিখে, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরের উপকেন্দ্রে ৩৩ কেভি লাইনে কাজ করার সময় ভয়াবহ বিদ্যুৎ দুর্ঘটনার শিকার হন তিনি।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
দুর্ঘটনায় গুরুতর আহত নূর আলমকে চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৪০ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি কর্মস্থলে ফিরে আসেন। তবে তার চিকিৎসা এখনও সম্পন্ন হয়নি। শরীরের পুড়ে যাওয়া অংশে এখনো জ্বালা-পোড়া রয়েছে।
নূর আলম অভিযোগ করেছেন, কর্মস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেও অফিস থেকে চিকিৎসার জন্য কোনো ধরনের আর্থিক সহায়তা তিনি পাননি। নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ১২ দিনের ছুটি দেওয়া হলেও পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে জোনাল অফিসে বদলি করা হয়। এরপর তার সামনে আসে আরও বড় দুশ্চিন্তা।
চিকিৎসাধীন অবস্থাতেই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে তাকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে বদলি করা হয়েছে। চলমান চিকিৎসার মধ্যে দূরের কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
নূর আলমের ভাষ্য, দুর্ঘটনার পর তার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। পুড়ে যাওয়া স্থানে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে। এমন অবস্থায় নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করতে হলে একদিকে যেমন চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে শারীরিকভাবে তাকে চরম ভোগান্তিতে পড়তে হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
একজন বিদ্যুৎকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়ার পরও চিকিৎসা সহায়তা না পাওয়া এবং চিকিৎসা চলাকালীন দূরের কর্মস্থলে বদলি হওয়ায় হতাশ নূর আলম। তার এখন একটাই চাওয়া, মানবিক বিবেচনায় তাকে কিছুটা সময় দেওয়া হোক, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (মানবসম্পদ) বরাবর লিখিত আবেদনও করেছেন নূর আলম।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জেনারেল ম্যানেজার গোলাম কাউছার তালুকদার বলেন, "নূর আলম আহত হওয়ার পর তাকে ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়েছে। সেই চিকিৎসার খরচ আমরা সকলেই বহন করেছিলাম। তার বদলি আমার হাতে নেই। তখন যারা তাকে দিয়ে কাজ করিয়েছে তাদের শাস্তি হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন