বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩০ পি.এম
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এ ঘটনায় আনন্দে মেতেছেন স্থানীয় বাসিন্দারা। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল করেছেন বিএনপির নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হিলি রেলস্টেশন থেকে আনন্দমিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হিলির যোগাযোগব্যবস্থার উন্নয়নে এমন উদ্যোগকে স্বাগত জানান।
আনন্দমিছিলে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া হিলি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে হিলিবাসী নানা ক্ষেত্রে অবহেলিত ছিলেন। হিলি স্থলবন্দর থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও এলাকার যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন খাতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে তাদের অভিযোগ। এমন পরিস্থিতিতে হিলি রেলস্টেশনে ঢাকাগামী দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ সিদ্ধান্তে তারা অত্যন্ত খুশি ও আনন্দিত।
তারা আরো বলেন, ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হলে হিলি ও আশপাশের এলাকার মানুষ সহজে ঢাকায় যাতায়াত করতে পারবেন। এতে সময় ও যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় যোগাযোগব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন। একই সঙ্গে হিলির ভাঙাচোরা সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন স্থানীয়রা।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আমাদের হিলি বিগত দিনে অনেক অবহেলিত ছিল। বিএনপি সরকার আসার পর উন্নয়ন শুরু হয়ে গেছে। নির্বাচনে আমাদের সমাজকল্যাণমন্ত্রী বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের চাওয়া-পাওয়া পূরণ করব। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ হিলির বিভিন্ন সমস্যার সমাধানে কাজ হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, বিএনপি সরকার জনগণের উন্নয়নে বিশ্বাসী। দিনাজপুর-৬ আসনের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাত ধরে এ আসনে উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাবে। মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি কাজ করবেন। ইতিমধ্যে চার উপজেলায় উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে হিলি রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭৬৫ নম্বর আন্তনগর নীলসাগর এক্সপ্রেস এবং ৮০৫ নম্বর আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেন হিলি রেলস্টেশনে যাত্রাবিরতির অনুমতি পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রীদের চাহিদা এবং রেলওয়ের রাজস্ব আয়ের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হিলি স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের ঢাকায় যাতায়াত আরো সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা। আনন্দমিছিলের মধ্য দিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এখন ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছেন হিলি ও আশপাশের এলাকার যাত্রীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা সেতুর নিচে, লেবুখালী পাগলার মাজার ও ইউনিভার্সিটি স্কয়ার মোড় এলাকায় একটি ব্যাগ হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ব্যাগটির ভেতরে রয়েছে ওই যুবকের প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত সার্টিফিকেট ও ভোটার আইডি কার্ড। গুরুত্বপূর্ণ এসব কাগজপত্র হারিয়ে বিপদে পড়েছেন তিনি।
কেউ যদি ব্যাগটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানান এবং ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন।
আপনাদের সামান্য সহযোগিতায় যুবকটি তাঁর হারানো গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কঁচা নদীতে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার কঁচা নদীর বেকুটিয়া প্রান্তসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ও নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করে।
আটক জেলেরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫), কবির হোসেন (৩০) ও মোঃ মইনুদ্দিন (২২)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত সার্বক্ষণিক তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। নিষেধাজ্ঞার সময় নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিজস্ব প্রতিবেদক মীরসরাইয়ের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী।
বৃহস্পতিবার (বা সংশ্লিষ্ট বার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় মীরসরাই উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কাজে সংবাদকর্মীদের সার্বিক সমর্থনের আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূঁইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াড অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি (.303) রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে মজুত করা অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার কোনো অপরাধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও মাদক সেখানে মজুত করেছিল।
তিনি আরও জানান, অভিযানের সময় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ