ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নরসিংদীতে এসআরবি- অভিযান অস্ত্র-গুলি, মাদক সহ নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার


নরসিংদীতে এসআরবি- অভিযান অস্ত্র-গুলি, মাদক সহ নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার

 

নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূঁইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াড অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি (.303) রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে মজুত করা অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার কোনো অপরাধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও মাদক সেখানে মজুত করেছিল।
তিনি আরও জানান, অভিযানের সময় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বরিশালে সরকারি নিয়ম তোয়াক্কা করছে না ‘হোটেল এরিনা’ বার: অপ্রাপ্তবয়স্কদের অবাধ প্রবেশ ও লাইসেন্সহীন মদ্যপানের হিড়িক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ‘বাংলা কিউআর’ বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


নড়াইলে ‘বাংলা কিউআর’ বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নড়াইলে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুরাতন বাসটার্মিনাল এলাকায় একটি গেস্ট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জনতা ব্যাংক পিএলসি, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ।

জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন হোসেনের সভাপতিত্বে এবং ওই শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ ব্যাংক, খুলনার অতিরিক্ত পরিচালক এন.এ.এম. সারওয়ারে আখতার, জনতা ব্যাংক পিএলসি যশোর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম, সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার, বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বদরুল হোসেন, জনতা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সাইফুলসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীবৃন্দ।

সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, বাংলা কিউআর এর মাধ্যমে ক্যাশলেস বা নগদবিহীন নিরাপদ লেনদেনের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সবার জন্য নিরাপদ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকেরা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

​কুড়িগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে নাগরিক সমাজভিত্তিক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‘তথ্য জানি অধিকার মানি’ এই প্রতিপাদ্যে
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খলিলগঞ্জের অভিনন্দন কনভেনশন সেন্টারে ইউরোপীয় ইউনিয়ন, একশনএইড বাংলাদেশ এর যৌথ সহযোগিতায় পরিচালিত ‘সুশীল—সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। 

জেলা পর্যায়ে ক্যাম্পেইনটি সফলভাবে বাস্তবায়ন করে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও কুড়িগ্রাম সিএসও হাব।

অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক আব্দুল্লাহ-আল-মামুন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদ, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক লাইলুন নাহার, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নূর আলম, শহর সমাজসেবা অফিসার আবু সুফিয়ান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর আসিফ সাহারিয়ারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, যুব সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলার সভাপতি রওশন আরা। সঞ্চালনা করেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান কুড়িগ্রাম সিএসও হাবের সাধারণ সম্পাদক এম রশিদ আলী (মাস্টার)। এতে উপস্থিত ছিলেন, ইউএসএস প্রজেক্টের ম্যানেজার রবিউল ইসলাম, কুড়িগ্রাম সিএসও হাব এর সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন।

জবাবদিহিতামুলক প্রতিশ্রুতি এবং আগামী পদক্ষেপ বাস্তবায়নে বক্তারা বলেন, সাধারণ মানুষের তথ্য অধিকার নিশ্চিত করার মাধ্যমেই সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা সম্ভব। তথ্যের সহজলভ্যতা ও অধিকার সচেতনতা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে যুব উন্নয়নের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, হিজড়া সম্প্রদায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিজ এলাকায় বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করার আশ্বাস দেন।

ক্যাম্পেইনে তথ্য অধিকার আইন ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং কীভাবে প্রান্তিক জনগোষ্ঠী এই আইন ব্যবহার করে নিজেদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পারে, সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। দিনব্যাপী এই আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, নাগরিক সমাজের সংগঠনগুলোর (সিএসও) সাংগঠনিক সক্ষমতা ও টেকসই ভিত্তি তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানবাধিকার ও সুশাসন সুসংহত করতেই এ ধরনের ক্যাম্পেইন কাজ করে যাচ্ছে। আয়োজক ও অংশগ্রহণকারী সকলের সমন্বিত সহযোগিতায় জেলা পর্যায়ের এই প্রচারণামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক ক্রীড়াশিক্ষক বিশ্বনাথ দে ধারার মৃত্যুতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক শোকবার্তায় উল্লেখ করেন, প্রয়াত বিশ্বনাথ দে ধারা ঠাকুরগাঁওয়ের ক্রীড়াঙ্গনের একটি উজ্জ্বল নাম ছিলেন।

তিনি বলেন, "তিনি একজন সজ্জন মানুষ হিসেবে ঠাকুরগাঁওয়ের সবার কাছে জনপ্রিয় ছিলেন।" রাষ্ট্রপতি আরও যোগ করেন, "তার মৃত্যু ঠাকুরগাঁওয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের ঢাকায় আসছেন সঞ্জয় দেব, টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে পারফর্ম করবেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ফের ঢাকায় আসছেন সঞ্জয় দেব, টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে পারফর্ম করবেন

বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব আবারও বাংলাদেশে আসছেন, যিনি ফুটবল বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে সাড়া ফেলেছেন। তিনি ঢাকা আসবেন টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য।

সঞ্জয় নিজেই একটি বিশেষ ভিডিও বার্তায় জানান, তিনি উদ্বোধনী অনুষ্ঠানে টেকনোর স্পেশাল গেস্ট পারফর্মার হিসেবে মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন।

এ প্রসঙ্গে সঞ্জয় বলেন,

"ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেয়ার জন্য আয়োজকদের অনেক ধন্যবাদ।"

এই অনুষ্ঠানের বিষয়ে আয়োজকদের পৃষ্ঠপোষক টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক মন্তব্য করেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে তার শিকড়ের সম্পর্ক অটুট রেখে বিশ্বমঞ্চে তার মিউজিককে তুলে ধরেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

তিনি আরও বলেন,

"ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক যা তাদের মনে থেকে যাবে দীর্ঘদিন।"

উল্লেখ্য, টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬ আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৫ নভেম্বর আবারও ঢাকার মাটিতে পা রাখবেন বাংলাদেশী বংশোদ্ভূত সঞ্জয় দেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%