ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালের গির্জা মহল্লার ‘ঘরোয়া’ হোটেলে তরুণীকে হেনস্তার অভিযোগ: অভিযুক্ত কর্মচারী পলাতক, সিসিটিভি ফুটেজ নিয়ে ধোঁয়াশা


বরিশালের গির্জা মহল্লার ‘ঘরোয়া’ হোটেলে তরুণীকে হেনস্তার অভিযোগ:  অভিযুক্ত কর্মচারী পলাতক, সিসিটিভি ফুটেজ নিয়ে ধোঁয়াশা

বরিশাল নগরীর ব্যস্ততম গির্জা মহল্লায় লেচু শাহ মাজারের বিপরীতে অবস্থিত পরিচিত খাবার হোটেল ‘ঘরোয়া’-তে এক তরুণীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলের পরোটা তৈরির কারিগর মো. কাইয়ুম খাঁনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পক্ষ। ঘটনার সময় তরুণীর মা তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।


ঘটনাস্থলের আশপাশের কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, ওই নারী তার মেয়েকে নিয়ে ‘ঘরোয়া’ হোটেলে খাবার খেতে যান। খাবার শেষে মা-মেয়ে ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করে বের হওয়ার সময় পাশে থাকা হোটেলের পরোটা তৈরির কারিগর মো. কাইয়ুম খাঁন তরুণীর দিকে ঝুঁকে পড়ে তার বুকে হাত দিয়ে আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ।

এ ঘটনায় তরুণী ও তার মা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও চিৎকার শুরু করলে হোটেলের অন্যান্য গ্রাহক এবং আশপাশের লোকজন সেখানে জড়ো হন। এতে হোটেলের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে হোটেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় বলে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে।


ঘটনাটি জানার পর তালাশ বিডির পক্ষ থেকে সরেজমিনে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানের অংশ হিসেবে হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হয়।

হোটেল ম্যানেজার ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানালেও সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের দেখানো বা সরবরাহ করতে অপারগতা প্রকাশ করেন।

সিসিটিভি-নিয়ন্ত্রিত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে এমন গুরুতর অভিযোগের পরও ঘটনার সময়কার ফুটেজ সাংবাদিকদের সামনে উপস্থাপন না করায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সময়ের ফুটেজ সংরক্ষিত আছে কি না এবং থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উপস্থাপন করা হবে কি না—তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তালাশ বিডির অনুসন্ধানে আরও জানা গেছে, ঘটনার পর অভিযোগে অভিযুক্ত হোটেলকর্মী মো. কাইয়ুম খাঁন বর্তমানে হোটেলে নেই। হোটেল কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট


অভিযোগের পর অভিযুক্ত কর্মচারীকে হোটেলে পাওয়া না যাওয়া এবং ঘটনার বিষয়ে তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ নেওয়ার কোনো তথ্য প্রকাশ্যে না আসায় স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

হোটেল ‘ঘরোয়া’-তে খাবার খেতে আসা জামসেদ নামের এক ব্যক্তি বলেন, অভিযোগটি গুরুতর। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর হোটেল কর্তৃপক্ষের উচিত ছিল বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো এবং অভিযোগে অভিযুক্ত কর্মচারীকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া।

তালাশ বিডির অনুসন্ধানে প্রতিবেদকের প্রত্যক্ষ পর্যবেক্ষণে, ‘ঘরোয়া’ হোটেলের ক্যাশ কাউন্টারে আনোয়ার খানকে একাধিকবার বসে গ্রাহকদের বিল গ্রহণ করতে দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যেও উঠে এসেছে, হোটেলটিতে তার নিয়মিত উপস্থিতি ছিল। এতে হোটেলটির সঙ্গে তার প্রকৃত ভূমিকা ও সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ক্যাশ কাউন্টারে উপস্থিতি বা বিল গ্রহণের বিষয়টি একাই মালিকানা কিংবা অংশীদারত্বের আইনগত প্রমাণ নয়—সংশ্লিষ্ট নথিপত্র ও সরকারি রেকর্ড যাচাই হলেই এ বিষয়ে স্পষ্টতা মিলতে পারে।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনোয়ার খান যুক্তরাষ্ট্রে চলে যান বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

তালাশ বিডির অনুসন্ধানে স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যক্ষ বক্তব্য ও প্রতিবেদকের নিজস্ব পর্যবেক্ষণে আনোয়ার খানের ‘ঘরোয়া’ হোটেলে নিয়মিত উপস্থিতির তথ্য উঠে এসেছে। তবে তার মালিকানা, অংশীদারত্ব কিংবা ব্যবসায়িক নিয়ন্ত্রণের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে সংশ্লিষ্ট নথিপত্র ও সরকারি রেকর্ড যাচাই প্রয়োজন।


ঘটনার পর অভিযুক্ত কর্মচারীকে হোটেলে পাওয়া না যাওয়া, সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের না দেখানো এবং তাৎক্ষণিক আইনগত পদক্ষেপের বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না—এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী।

তবে এ অভিযোগের চূড়ান্ত সত্যতা নির্ধারণে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের দাবি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব বিবেচনায় না নিয়ে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা হোক। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রয়োজন হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরীক্ষা করা এবং অভিযোগে অভিযুক্ত কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে জানিয়েছিল—অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে বিচারপ্রক্রিয়ায় তাদের ডাকা হবে।

তবে তালাশ বিডির অনুসন্ধানে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ফলে হোটেল কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।


ঘটনার বিষয়ে ‘ঘরোয়া’ হোটেলের মালিক সাইফুল ইসলামের সঙ্গে তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম মুঠোফোনে কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন,ঘটনাটি আমি শুনেছি। তবে ঘটনার সময় আমি হোটেলে উপস্থিত ছিলাম না। বর্তমানে কাইয়ুমকে পাওয়া যাচ্ছে না। আমরা তার জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি এবং ঠিকানা জানার চেষ্টা করছি। এ বিষয়ে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলব।

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক


একজন তরুণীর সঙ্গে একটি খাবার হোটেলের অভ্যন্তরে এমন গুরুতর আচরণের অভিযোগ ওঠার পর বিষয়টি যথাযথ আইনগত প্রক্রিয়ায় তদন্তের দাবি রাখে।

অভিযোগের সত্যতা যাচাই, সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পরীক্ষা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং অভিযোগে অভিযুক্ত মো. কাইয়ুম খাঁনকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তালাশ বিডির অনুসন্ধানে উঠে আসা প্রশ্নগুলোর উত্তর এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই—**সিসিটিভি ফুটেজে কী রয়েছে, অভিযোগে অভিযুক্ত কর্মচারী কোথায় এবং গুরুতর অভিযোগের পর হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে এবিভিপির জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ এম


দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোটে এবিভিপির জয়জয়কার

ভারতের রাজধানী নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন (ডাসু) নির্বাচনে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) জয়লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি পদের চারটির মধ্যে তারা তিনটিতে জয়ী হয়েছে।

এবিভিপি উগ্রহিন্দুত্ববাদী আরএসএসের মতাদর্শে বিশ্বাসী।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এবিভিপির ইয়াস দাবাস প্রেসিডেন্ট পদ, রিয়া চাওয়াদি সেক্রেটারি এবং লক্ষ্যরাজ সিং জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন।

এবিভিপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ভিরেন্দ্র সিং সোলাঙ্কি সংবাদমাধ্যম আউটলুককে জানিয়েছেন, "এই জয় এবিভিপির জন্য অনেক বড় প্রাপ্তি। এটি জাতীয়তাবাদীর জয়কে প্রতিনিধিত্ব করে। এই জয় দেখিয়েছে এবিভিপি তরুণদের প্রতিনিধিত্ব করে এবং আমাদের ওপর তরুণদের বিশ্বাস আছে।"

কিছু মাস আগে দিল্লির যন্তরমন্তরে বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করেছে জেন-জিরা। তারা ককরোচ জনতা পার্টির ব্যানারে বিক্ষোভ করে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করে। তবে, এর পরেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজেপি সংশ্লিষ্ট দল জয় লাভ করেছে, যা বিজেপির জন্য বড় স্বস্তির বিষয়।

তবে, দিল্লির ওই আন্দোলনের প্রভাব এ নির্বাচনে ছিল। সংবাদমাধ্যম আউটলুক জানিয়েছে, বিজেপি শীর্ষ তিনটি পদে জয় পেলেও তাদের ভোটের ব্যবধান খুব বেশি ছিল না।

এর আগে গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানেও বিজেপি ও আরএসএস সংশ্লিষ্ট এবিভিপির বেশিরভাগ প্রতিনিধি জয়ী হয়েছে।

সূত্র: আউটলুক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ এম


সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি

ইয়েমেনে সৌদি আরবের চালানো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হুথি গোষ্ঠী। 

শনিবার হুথিদের এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ যে কোনো সৌদি সামরিক তৎপরতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ বৈধ অধিকার তাদের রয়েছে। নিজেদের সুরক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

সৌদি আরব এবং হুথি গোষ্ঠী মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধি ও পালটা বিমান হামলার প্রেক্ষাপটে ওই আহ্বান জানানো হয়েছে।

চলতি বছরের শুরু থেকে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে রিয়াদ ও হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর মধ্যে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে উভয় পক্ষই এখন নতুন করে সামরিক তৎপরতা জোরদার করেছে।

এর মাঝেই শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মনুষ্যবিহীন ড্রোন আঘাত হেনেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ওই হামলায় বিমানবন্দরের কাছে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। এই হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল অথবা বিলম্ব ঘোষণা করা হয়েছে।

বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।

ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বে বড় সমস্যা দেখা দিয়েছে।

সূত্র: এএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ এম


রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস

ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত ও বহু বেসামরিক নাগরিক আহত হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি বাণিজ্যিক জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাশিয়া এবং ইউক্রেনের অন্তর্ভুক্ত ক্রিমিয়া উপদ্বীপজুড়ে ১৭৪টি ড্রোন এবং রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে দুটি জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বিমানবাহিনী আরও জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৪১টি লক্ষ্যবস্তু ধ্বংস বা জ্যাম করেছে। ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং নয়টি অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।’

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজে আঘাত হানতে গেরান-৪ সিকার ড্রোন ব্যবহার করা হয়েছে। জাহাজ দুটির একটি ওডেসাগামী ইউক্রেনীয় বাল্ক ক্যারিয়ার এবং অন্যটি ওডেসা বন্দরে নোঙর করা একটি ট্যাংকার। উভয় জাহাজেই সামরিক সরঞ্জাম পরিবহণ করা হচ্ছিল বলে দাবি করেছে রাশিয়া।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিহুভভ নিশ্চিত করেছেন, ১৪টি লোকালয়ে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এতে বালাকলিয়া ও লিপকুভাতিভকার মতো শহরগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে।

খারসন অঞ্চলের গভর্নর ওলেকসান্দর প্রকুদিনের মতে, ২৫টি এলাকা লক্ষ্য করে চালানো গোলাবর্ষণে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তিনি জানান, এই হামলায় বহুতল আবাসিক ভবন, ব্যক্তিগত ঘরবাড়ি, একটি মোবাইল টাওয়ার এবং একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেকসান্দর গানজা জানান, ড্রোন, আর্টিলারি এবং এরিয়াল বোমা ব্যবহার করে ১০টিরও বেশি স্থানে ভারী হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘এতে অন্তত দুজন আহত হয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১০ এম


সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএসএনবিসি এবং সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোর ওপর হোয়াইট হাউসে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি অভিযোগ করেন যে, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রকাশ করছে। আনাদোলুর খবর অনুযায়ী, ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, অবিলম্বে কার্যকরভাবে ‘ভুয়া খবর’ প্রচারকারী সিএনএন, এমএসএনবিসি ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হচ্ছে। তার দাবি, এসব সংবাদমাধ্যম নিয়মিতভাবে তার প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় পলিটিকোকে সচল রাখতে মার্কিন সরকার প্রায় ৮ মিলিয়ন ডলারের ‘সাবস্ক্রিপশন’ কিনেছিল, যা তিনি ‘দুর্নীতি’ বলে অভিহিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার প্রশাসন বা দেশের সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো সংবাদমাধ্যমের নিয়মিতভাবে মিথ্যা বা কল্পিত তথ্য প্রকাশ করা উচিত নয়। তিনি সতর্ক করেন যে, একই ধরনের সংবাদ প্রচার অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হতে পারে।

ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকার পরও তিনি কীভাবে এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সমর্থন করছেন।

জবাবে ট্রাম্প আবারও ওই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, মানুষ বারবার ভুয়া খবর পড়তে বা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। তার মতে, যুক্তরাষ্ট্রে মুক্ত সংবাদমাধ্যমের পাশাপাশি সৎ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতাও প্রয়োজন।

তবে ট্রাম্প একই সঙ্গে বলেন, সংবাদমাধ্যমগুলো যদি তাদের সংবাদ পরিবেশনের মান উন্নত করে, তাহলে তিনি চান তারা আবার হোয়াইট হাউসে ফিরে আসুক। তার অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তার প্রশাসন সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ করে এবং রিপাবলিকান প্রশাসনকে দুর্বলভাবে উপস্থাপনের চেষ্টা করে।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ভালো কাজ করেছে এবং অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যানও তার পক্ষে রয়েছে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্থ প্রবেশ করছে।

এমএসএনবিসি ও পলিটিকো ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সিএনএন, যা দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচনার মুখে রয়েছে, শুক্রবার তাদের সাংবাদিকদের প্রতি সমর্থন জানিয়েছে।

সিএনএন এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউস কাভার করা তাদের সাংবাদিকদের দল নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করছে। তারা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের সাংবাদিকতা করার অধিকার রয়েছে বলেও উল্লেখ করে।

সিএনএনের ভাষ্য, ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর হলে তা সংবাদমাধ্যমের মৌলিক ও সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকারের ওপর বেআইনি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%