রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৬ এম
ভারতের রাজধানী নয়াদিল্লির দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন (ডাসু) নির্বাচনে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সংশ্লিষ্ট ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) জয়লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি পদের চারটির মধ্যে তারা তিনটিতে জয়ী হয়েছে।
এবিভিপি উগ্রহিন্দুত্ববাদী আরএসএসের মতাদর্শে বিশ্বাসী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এবিভিপির ইয়াস দাবাস প্রেসিডেন্ট পদ, রিয়া চাওয়াদি সেক্রেটারি এবং লক্ষ্যরাজ সিং জয়েন্ট সেক্রেটারি পদে জয়ী হয়েছেন।
এবিভিপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ভিরেন্দ্র সিং সোলাঙ্কি সংবাদমাধ্যম আউটলুককে জানিয়েছেন, "এই জয় এবিভিপির জন্য অনেক বড় প্রাপ্তি। এটি জাতীয়তাবাদীর জয়কে প্রতিনিধিত্ব করে। এই জয় দেখিয়েছে এবিভিপি তরুণদের প্রতিনিধিত্ব করে এবং আমাদের ওপর তরুণদের বিশ্বাস আছে।"
কিছু মাস আগে দিল্লির যন্তরমন্তরে বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করেছে জেন-জিরা। তারা ককরোচ জনতা পার্টির ব্যানারে বিক্ষোভ করে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করে। তবে, এর পরেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনে বিজেপি সংশ্লিষ্ট দল জয় লাভ করেছে, যা বিজেপির জন্য বড় স্বস্তির বিষয়।
তবে, দিল্লির ওই আন্দোলনের প্রভাব এ নির্বাচনে ছিল। সংবাদমাধ্যম আউটলুক জানিয়েছে, বিজেপি শীর্ষ তিনটি পদে জয় পেলেও তাদের ভোটের ব্যবধান খুব বেশি ছিল না।
এর আগে গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানেও বিজেপি ও আরএসএস সংশ্লিষ্ট এবিভিপির বেশিরভাগ প্রতিনিধি জয়ী হয়েছে।
সূত্র: আউটলুক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনে সৌদি আরবের চালানো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে হুথি গোষ্ঠী।
শনিবার হুথিদের এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ যে কোনো সৌদি সামরিক তৎপরতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ বৈধ অধিকার তাদের রয়েছে। নিজেদের সুরক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
সৌদি আরব এবং হুথি গোষ্ঠী মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধি ও পালটা বিমান হামলার প্রেক্ষাপটে ওই আহ্বান জানানো হয়েছে।
চলতি বছরের শুরু থেকে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে রিয়াদ ও হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর মধ্যে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে উভয় পক্ষই এখন নতুন করে সামরিক তৎপরতা জোরদার করেছে।
এর মাঝেই শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মনুষ্যবিহীন ড্রোন আঘাত হেনেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ওই হামলায় বিমানবন্দরের কাছে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। এই হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল অথবা বিলম্ব ঘোষণা করা হয়েছে।
বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।
ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বে বড় সমস্যা দেখা দিয়েছে।
সূত্র: এএফপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত ও বহু বেসামরিক নাগরিক আহত হয়েছে। এ ছাড়া কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি বাণিজ্যিক জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাশিয়া এবং ইউক্রেনের অন্তর্ভুক্ত ক্রিমিয়া উপদ্বীপজুড়ে ১৭৪টি ড্রোন এবং রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে দুটি জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বিমানবাহিনী আরও জানিয়েছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৪১টি লক্ষ্যবস্তু ধ্বংস বা জ্যাম করেছে। ১৫টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং নয়টি অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুর জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।’
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কৃষ্ণসাগরে দুটি বাণিজ্যিক জাহাজে আঘাত হানতে গেরান-৪ সিকার ড্রোন ব্যবহার করা হয়েছে। জাহাজ দুটির একটি ওডেসাগামী ইউক্রেনীয় বাল্ক ক্যারিয়ার এবং অন্যটি ওডেসা বন্দরে নোঙর করা একটি ট্যাংকার। উভয় জাহাজেই সামরিক সরঞ্জাম পরিবহণ করা হচ্ছিল বলে দাবি করেছে রাশিয়া।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিহুভভ নিশ্চিত করেছেন, ১৪টি লোকালয়ে রাশিয়ার হামলায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এতে বালাকলিয়া ও লিপকুভাতিভকার মতো শহরগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে।
খারসন অঞ্চলের গভর্নর ওলেকসান্দর প্রকুদিনের মতে, ২৫টি এলাকা লক্ষ্য করে চালানো গোলাবর্ষণে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। তিনি জানান, এই হামলায় বহুতল আবাসিক ভবন, ব্যক্তিগত ঘরবাড়ি, একটি মোবাইল টাওয়ার এবং একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান ওলেকসান্দর গানজা জানান, ড্রোন, আর্টিলারি এবং এরিয়াল বোমা ব্যবহার করে ১০টিরও বেশি স্থানে ভারী হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘এতে অন্তত দুজন আহত হয়েছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, এমএসএনবিসি এবং সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোর ওপর হোয়াইট হাউসে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি অভিযোগ করেন যে, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রকাশ করছে। আনাদোলুর খবর অনুযায়ী, ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, অবিলম্বে কার্যকরভাবে ‘ভুয়া খবর’ প্রচারকারী সিএনএন, এমএসএনবিসি ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হচ্ছে। তার দাবি, এসব সংবাদমাধ্যম নিয়মিতভাবে তার প্রশাসনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় পলিটিকোকে সচল রাখতে মার্কিন সরকার প্রায় ৮ মিলিয়ন ডলারের ‘সাবস্ক্রিপশন’ কিনেছিল, যা তিনি ‘দুর্নীতি’ বলে অভিহিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তার প্রশাসন বা দেশের সম্পর্কে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো সংবাদমাধ্যমের নিয়মিতভাবে মিথ্যা বা কল্পিত তথ্য প্রকাশ করা উচিত নয়। তিনি সতর্ক করেন যে, একই ধরনের সংবাদ প্রচার অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হতে পারে।
ওভাল অফিসে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা থাকার পরও তিনি কীভাবে এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে সমর্থন করছেন।
জবাবে ট্রাম্প আবারও ওই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, মানুষ বারবার ভুয়া খবর পড়তে বা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। তার মতে, যুক্তরাষ্ট্রে মুক্ত সংবাদমাধ্যমের পাশাপাশি সৎ, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতাও প্রয়োজন।
তবে ট্রাম্প একই সঙ্গে বলেন, সংবাদমাধ্যমগুলো যদি তাদের সংবাদ পরিবেশনের মান উন্নত করে, তাহলে তিনি চান তারা আবার হোয়াইট হাউসে ফিরে আসুক। তার অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে তার প্রশাসন সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ করে এবং রিপাবলিকান প্রশাসনকে দুর্বলভাবে উপস্থাপনের চেষ্টা করে।
ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ভালো কাজ করেছে এবং অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যানও তার পক্ষে রয়েছে। তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্থ প্রবেশ করছে।
এমএসএনবিসি ও পলিটিকো ট্রাম্পের ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সিএনএন, যা দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচনার মুখে রয়েছে, শুক্রবার তাদের সাংবাদিকদের প্রতি সমর্থন জানিয়েছে।
সিএনএন এক বিবৃতিতে জানায়, হোয়াইট হাউস কাভার করা তাদের সাংবাদিকদের দল নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করছে। তারা যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই এ ধরনের সাংবাদিকতা করার অধিকার রয়েছে বলেও উল্লেখ করে।
সিএনএনের ভাষ্য, ট্রাম্প ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর হলে তা সংবাদমাধ্যমের মৌলিক ও সাংবিধানিকভাবে সুরক্ষিত অধিকারের ওপর বেআইনি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বিদ্যমান।
রোববার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য প্রদান করা হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
অন্যদিকে, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ