১০:৫৫ এম
দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ এবং অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে রাজবাড়ীর পাংশায় সশস্ত্র হামলা ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেছে অনলাইন এডিটরস সোসাইটি।
বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের একটি দল হামলা চালায়। হামলার সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়। গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
তারা আরও বলেন, সাংবাদিকের পেশাগত পরিচয়ের কারণে তার পরিবারের সদস্যদের ওপর হামলা কিংবা তাদের ভয়ভীতি প্রদর্শনের যেকোনো ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অমিত হাসান রবিনের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, অনলাইন এডিটরস সোসাইটি সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন