বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৭:৪৬ পি.এম
বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) কর্মরত সদস্যদের সন্তানদের মধ্যে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট, নগদ সম্মানী ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার বলেন, “মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য তাদের নিরলস মেধা ও অধ্যবসায়েরই অনন্য স্বীকৃতি। আজ যে অর্জনের সূচনা হলো, তা ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্য অর্জনে ও দেশসেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রেরণা জোগাবে।
সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা এ ধরনের ইতিবাচক উদ্যোগ ও মূল্যায়নের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বিএমপি কমিশনারের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ আব্দুল হান্নানসহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং তাদের সম্মানিত অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসে পুরুষদের ৭৭ কেজি গ্রেকো-রোমান রেসলিং ফাইনালে ইরানের কুস্তিগীর আলিরেজা আবদেভালি জাপানের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন নাও কুসাকাকে পরাজিত করে চমক সৃষ্টি করেছেন। অলিম্পিক জয়ী এই তারকাকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে তিনি সোনার পদক অর্জন করেন।
এই রোমাঞ্চকর ম্যাচটি জাপানের নাগায়া সিটির ইনায়ে স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়। আবদেভালি ঘরের মাঠের ফেভারিট কুসাকাকে হারিয়ে একটি বড় ধরনের অঘটন ঘটান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ১-৬ ইন্দোনেশিয়া (প্রথমার্ধ শেষে)
আজ দেশের ফুটবলের প্রধান তারকা হামজা চৌধুরীর জন্মদিন। সতীর্থরা বিশেষ এই দিনটি স্মরণীয় করে রাখতে দারুণ ফুটবল খেলার আশা করেছিলেন হামজা।
কিন্তু বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি এমন যে, হামজা সম্ভবত আজকের দিনটি দ্রুত ভুলে যেতে চাইবেন। ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রথমার্ধেই ৬ গোল খেয়ে ফেলেছে বাংলাদেশ। এই ম্যাচে বিরতির আগে এতগুলো গোল হজম করার ঘটনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ঘটল।
বিরতির পর বাংলাদেশ দল নিজেদের সবচেয়ে বড় পরাজয় এড়ানোর চেষ্টা করবে। বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় হার ছিল ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবং ১৯৮২ সালে ইরানের বিরুদ্ধে। উভয় ম্যাচেই বাংলাদেশ ৯-০ গোলে পরাজিত হয়েছিল। এছাড়া ১৯৭৫ সালে হংকংয়ের কাছে ৯-১ গোলে হারতে হয়েছিল।
জার্কাতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার ৬ গোলের মধ্যে ৪টি করেছেন মিচেল লি বেকার। বাংলাদেশের পক্ষে এক গোল শোধ করেছেন শাহরিয়ার ইমন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে প্রশাসনিক জটিলতা কমানো এবং সমন্বিত সেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ব্যবসার প্রক্রিয়া সহজীকরণ’ বিষয়ক একটি বৈঠকে এই তাগিদ দেন।
এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী। এতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ব্যবসা নিবন্ধন, প্রয়োজনীয় অনুমোদন এবং সংশ্লিষ্ট সরকারি সেবা পাওয়ার বিদ্যমান প্রক্রিয়াগুলো পর্যালোচনা করা। একই সঙ্গে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে অনাবশ্যক ধাপ ও সময় কিভাবে কমানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী মন্তব্য করেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা হ্রাস পেলে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগে উৎসাহিত হবে।
তিনি সেবা প্রদান ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সব সেবা পর্যায়ক্রমে ডিজিটাল এবং একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনা প্রয়োজন। এর মাধ্যমে সেবা প্রদানে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।
বৈঠকে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বর্তমান কার্যক্রম, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেবা ব্যবস্থার আধুনিকায়নে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে আগামীকাল শুক্রবার দেশে আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্রের জ্বালানি। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি শুক্রবার দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর শনিবার কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
এ বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পারমাণবিক জ্বালানি পরিবহনে এখন পর্যন্ত নতুন কোনো জটিলতা দেখা দেয়নি। আজ বৃহস্পতিবার জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। ফলে এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়। বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে।
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এক বার্তায় জানায়, ত্রুটি সারিয়ে মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ, উভয় জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রণ ভাল্বগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ভাল্বের খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনে পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় রসাটম ও এর সহযোগী প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ