ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রোনালদোকে বেঞ্চে রেখেও নরওয়েকে হারালো পর্তুগাল, উয়েফা নেশন্স লিগে দ্বিতীয় জয়


রোনালদোকে বেঞ্চে রেখেও নরওয়েকে হারালো পর্তুগাল, উয়েফা নেশন্স লিগে দ্বিতীয় জয়

নরওয়েকে পরাজিত করে উয়েফা নেশন্স লিগে জয় ধরে রেখেছে পর্তুগাল, যা গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সম্ভব হয়েছে। জোয়াও ফেলিক্সের গোলের পর আর্লিং হালান্ড সমতা ফেরালেও শেষ পর্যন্ত গনসালো রামোসের গোলে ২-১ ব্যবধানে জয় লাভ করে তারা।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচটি জিতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে জর্জে জেসুসের দল।

নরওয়ে ৬০ শতাংশের বেশি সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নেয়, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পর্তুগাল ১২টি শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

আরও পড়ুন: ফেডারেশন কাপের ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারাল বসুন্ধরা কিংস

আগের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ৩-২ গোলে জয়লাভ করে আসর শুরু করা নরওয়ে এখন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

ক্রিশ্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে একাদশ সাজান পর্তুগাল কোচ, যিনি ৪১ বছর বয়সী তারকার জায়গায় গনসালো রামোসকে নামান। আগের ম্যাচের শুরুর একাদশ থেকে আরো তিনটি পরিবর্তন করেন জেসুস।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি নরওয়ে পায়। ত্রয়োদশ মিনিটে সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেলেও যথেষ্ট জোরে শট নিতে পারেননি হালান্ড। কোনোমতে বল পা দিয়ে বাইরে পাঠান দিয়োগো কস্তা।

এর চার মিনিট পর পর্তুগিজরা এগিয়ে যায়। বাঁ থেকে পেদ্রো নেতোর পাস ডি-বক্সের মুখে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোল করেন ফেলিক্স।

আরও পড়ুন: কোনো ইংলিশকেই ইংল্যান্ডের কোচ হওয়া উচিত: স্টিফেন ফ্লেমিং

গত সপ্তাহে তার একমাত্র গোলেই ওয়েলসকে হারায় পর্তুগাল। জাতীয় দলের হয়ে আল নাস্‌র তারকার গোল হলো ১৪টি, ৫৯ ম্যাচে।

২৪তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পান হালান্ড। ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে শট নেন তিনি, দারুণ ক্ষিপ্রতায় পা বাড়িয়ে সেটা আটকে দেন ডিফেন্ডার হবেন দিয়াস। ১৫ মিনিট পর নরওয়ের রেকর্ড গোলদাতার হেড কর্নারের বিনিময়ে আটকান কস্তা।

প্রথমার্ধের ব্যর্থতা কাটিয়ে ৫১তম মিনিটে দলকে সমতায় ফেরান হালান্ড। মার্টিন ওদেগোরের ফ্রি কিক ঝাঁপিয়ে আটকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি কস্তা। ফিরতি বল ছয় গজ বক্সের মুখে পেয়ে হেডে পাশে বাড়ান পাত্রিক বার্গ এবং আলতো শটে গোল করেন দলের সবচেয়ে বড় তারকা।

গত ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জোড়া গোল করেন হালান্ড। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৬৫টি, ৫৭ ম্যাচে।

আরও পড়ুন: বাংলাদেশি নারী ও পুরুষ কাবাডি দলকে ভারতের হাইকমিশনারের শুভকামনা

নরওয়ের স্বস্তি যদিও তিন মিনিটের বেশি স্থায়ী হয়নি। আরিয়ান হশল নিলাদের অমার্জনীয় এক ভুলের সুযোগে পর্তুগালকে আবার এগিয়ে দেন রামোস।

ডি-বক্সের বাইরে থেকে সতীর্থকে দুর্বল পাস বাড়ান গোলরক্ষক নিলাদ এবং দ্রুত পা বাড়িয়ে বল ধরেই তার মাথার ওপর দিয়ে শট নেন রামোস। পেছন ফিরে প্রাণপণে ছুটে গেলেও বলের নাগাল পাননি নিলাদ।

জাতীয় দলের হয়ে ২৯ ম্যাচে ১২ গোল হলো রামোসের।

চার মিনিট পর আবারও গড়বড় করে ফেলেন নিলাদ, ডি-বক্সের বাইরে গিয়ে বল ক্লিয়ার করতে পারেননি তিনি, বরং বল কেড়ে নিয়ে কোনাকুনি শটে আবার জালে পাঠান রামোস। তবে নিলাদ ও তার দলের ভাগ্য ভালো; ভিএআর সময় নিয়ে যাচাই করে অফসাইডের সিদ্ধান্ত জানায়। অফসাইডে ছিলেন রামোস।

আরও পড়ুন: পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট দলকে স্লো ওভার রেটের কারণে জরিমানা

আরেকটি গোলের জন্য শেষ ২০ মিনিটে একের পর এক আক্রমণ করে নরওয়ে, কয়েকটি হাফ চান্সও পায় তারা; কিন্তু কাজের কাজ আর করতে পারেনি গত বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে খেলা দলটি।

এ দিনই এই গ্রুপের আরেক ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ক। নরওয়ের সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে ডেনিশরা। আর ওয়েলসের পয়েন্ট শূন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার মেরিন ড্রাইভে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ এম


কক্সবাজার মেরিন ড্রাইভে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১৩

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় একটি বেপরোয়া গতির চাঁদের গাড়ির দুর্ঘটনায় হাবিব নামের এক পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গাড়িতে উপস্থিত আরও ১৩ জন পর্যটক গুরুতরভাবে আহত হয়েছেন।

তথ্য অনুযায়ী, ঢাকা থেকে আগত ১৪ সদস্যের একটি পর্যটক দল মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শন করে চাঁদের গাড়িতে করে শহরে ফেরার সময় রেজুখাল এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িতে থাকা ১৪ জনের মধ্যে সবাই গুরুতর আহত হন। জানা গেছে, তারা সকলেই একই পরিবারের সদস্য।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিব মহাখালী, ঢাকা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত ১৩ জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর চাঁদের গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং চালককে শনাক্ত করার চেষ্টা করছে।

এক আহত পর্যটক জানিয়েছেন, শুরু থেকেই চালক গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। কয়েকবার তাকে গাড়ির গতি কমানোর জন্য সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। এক পর্যায়ে রেজুখাল এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ এম


নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটো রাজ্যে ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে মৃত্যু হয়েছে অন্তত ৩১ জনের। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, রাজ্যের ১০টি স্থানীয় সরকার এলাকায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৪৬৯টি সন্দেহভাজন ডিপথেরিয়া আক্রান্তের ঘটনা।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজ্যের রাজধানী জোসে এক সংবাদ সম্মেলনে তথ্যটি প্রকাশ করেন প্লেটো রাজ্যের স্বাস্থ্য কমিশনার ড. নিকোলাস বামলং।

তিনি উল্লেখ করেন, বছরের শুরুতে বিচ্ছিন্নভাবে সন্দেহভাজন রোগী শনাক্ত হলেও আগস্ট মাস থেকে পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ৪৬৯টি সন্দেহভাজন ঘটনার মধ্যে তিনটি পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা জোস নর্থ এলাকায় শনাক্ত হয়েছে—৩৭০টি। এছাড়া ওয়াসেতে ২৯, জোস সাউথে ২২, বারকিন লাডি ও মাঙ্গুতে ১৬টি করে এবং প্যাঙ্কশিনে পাঁচটি সন্দেহভাজন ঘটনা পাওয়া গেছে।

প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ রোগী শনাক্তকরণ, সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুসন্ধান, জনসচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদার করেছে। ইতোমধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি শিশুকে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা দেওয়া হয়েছে।

ডিপথেরিয়া একটি অত্যন্ত সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শ্বাসতন্ত্রে আক্রমণ করে এবং গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টসহ প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। নিয়মিত টিকাদানের মাধ্যমে রোগটি প্রতিরোধ করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির মাঠে গ্রীসের ঐতিহাসিক জয়, ক্লপের অধীনে জয়হীন জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ এম


জার্মানির মাঠে গ্রীসের ঐতিহাসিক জয়, ক্লপের অধীনে জয়হীন জার্মানি

জার্মানির হয়ে কোচিং ক্যারিয়ারের শুরুতে এমন তিক্ত অভিজ্ঞতা হবে, তা হয়তো চিন্তাও করতে পারেননি ইয়োহেন ক্লপ। তাঁর দায়িত্ব গ্রহণের পর মাত্র দ্বিতীয় ম্যাচেই অপ্রত্যাশিত হারের মুখোমুখি হয়েছে জার্মানি।

ঘরের মাঠে দলের নিষ্প্রভ ফুটবলের সুযোগ নিয়ে একটি স্মরণীয় জয় তুলে নিয়েছে গ্রীস। রবিবার রাতে আউসবুর্কে অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইয়ুর্গেন ক্লপের দল ১-০ গোলে পরাজিত হয়েছে। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন দিমিত্রিয়স কুরবেলিস।

জার্মানির বিপক্ষে গ্রিসের এই প্রথম জয় ক্লপের জন্য বিপদ ডেকে এনেছে। নেশনস লিগে দুই ম্যাচ খেলে জয়হীন অবস্থায় রয়েছে তাঁর দল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর এই হারের ফলে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে তৃতীয় স্থানে অবস্থান করছে জার্মানি। দুই ম্যাচে তাঁদের পয়েন্ট ১।

আন্তর্জাতিক ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে গ্রিসের এটি প্রথম জয়। আগের ১০ ম্যাচের মধ্যে জার্মানি সাতটি ম্যাচে জয়লাভ করেছে এবং তিনটি ম্যাচ ড্র হয়েছে।

গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে গ্রুপ ম্যাচে আইভরি কোস্টকে হারানোর পর এ নিয়ে টানা চার ম্যাচে জয়হীন রইল জার্মানি।

৭৬ শতাংশ বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য ছিল জার্মানদের। তবে দলটি ১৬টি শট নেওয়ার পরও কোনটি জালের দেখা পায়নি। অন্যদিকে, গ্রীস আটটি শটের মধ্যে একটি লক্ষ্যে রেখে গোলটি পেয়ে যায়।

দুই ম্যাচে জয়লাভ করে একই গ্রুপের শীর্ষে অবস্থান করছে গ্রীস। বেলগ্রেডে একই গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে পরাজিত করে নেদারল্যান্ডস। ডাচ কোচ হিসেবে জাভি হার্নান্দেজের এটি প্রথম জয়। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ডাচরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৪ এম


নেপালে ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশ দূতাবাস নেপালে চলমান ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে।

স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস একটি সতর্কবার্তায় জানায়, সকল বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের জন্য নেপালে চলমান ভারি বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভ্রমণে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এছাড়া, কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাং-এর বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং।

ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে। মুস্তাং, জমসম এবং অন্যান্য পার্বত্য এলাকার ভ্রমণের পূর্বে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়ক যোগাযোগ সম্পর্কে যথেষ্ট অবগত থাকা প্রয়োজন, কারণ এসব সড়ক ব্যবস্থা তাৎক্ষণিক বিঘ্নিত হতে পারে।

এ কারণে, বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সকল তথ্য যাচাই করা এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা, নদীর তীর ও ভূমিধসের আশংকাযুক্ত এলাকা এড়িয়ে চলা, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে।

দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%