ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০২৫ সালে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে প্রাণ গেছে পাঁচ নারীর: জাতিসংঘ


২০২৫ সালে প্রতি ঘণ্টায় পরিবারের হাতে প্রাণ গেছে পাঁচ নারীর: জাতিসংঘ

জাতিসংঘের নতুন একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, নারীরা ঘর ও পরিবারে কতটা নিরাপত্তাহীন। ২০২৫ সালে বিশ্বব্যাপী ৪৭ হাজারের বেশি নারী ও মেয়ে তাদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে হত্যার শিকার হয়েছেন। এর মানে হলো, প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন নারী ও মেয়েকে হত্যা করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এই সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও মেয়ের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। অর্থাৎ, এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’-এর প্রাক্কালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হওয়া ৭৮ হাজার নারী ও মেয়ের মধ্যে প্রায় ৬০ শতাংশই তাদের অন্তরঙ্গ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: অক্সফাম: গাজার ৯৯ শতাংশ এলাকায় দূষণের জন্য দায়ী ইসরাইল

৪৭ হাজার ভুক্তভোগীর হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও মেয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে এই সংখ্যাটি নির্ণয় করা হয়েছে।

২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ নারী ছিলেন, যার মধ্যে ৬০ শতাংশই নিহত হয়েছেন ব্যক্তিগত বা পারিবারিক পরিসরে। অন্যদিকে, পুরুষ ভুক্তভোগীদের ক্ষেত্রে এই হার ছিল ১১ শতাংশ।

জাতিসংঘের মতে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে নারীর সম্পর্কের বিষয়টি বিবেচনা করলেই হবে না, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। কারণ পরিবারের বিভিন্ন সম্পর্কের মধ্যেও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো অঞ্চলই নারীদের জন্য পুরোপুরি নিরাপদ নয়। তবে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে নারী ও মেয়েদের হত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকায়। ২০২৫ সালে মহাদেশটিতে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২ হাজার ১০০ জন নারী ও মেয়ে। এরপর রয়েছে এশিয়া, যেখানে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। আমেরিকায় এ সংখ্যা ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন।

আরও পড়ুন: জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: খামেনি

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার (ফেমিসাইড) কমছে তুলনামূলক ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

জাতিসংঘের মতে, এর মাধ্যমে বোঝা যায়, নারীদের প্রতি এ ধরনের সহিংসতা সমাজের প্রচলিত রীতিনীতি ও নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা বৈষম্যমূলক ধারণার সঙ্গে গভীরভাবে জড়িত। পাশাপাশি, বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের নানা বাধার মুখে পড়ার বিষয়টিও এতে স্পষ্ট হয়ে উঠেছে।

‘ফেমিসাইড’ বলতে নারী ও মেয়েদের লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত হত্যাকাণ্ডকে বোঝায়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংগঠিত অপরাধ, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে সম্পর্কিত কিছু হত্যাকাণ্ডও এর অন্তর্ভুক্ত। তবে প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের বাইরে সংঘটিত নারী হত্যাকাণ্ডের তথ্য বিশ্বজুড়ে পর্যাপ্ত নয়। এ কারণে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এ ধরনের হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ও ব্যাপকতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী-মেয়ে: জাতিসংঘ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ থেকে ৯৯৯-এ ফোনে উদ্ধার হল মতিঝিলে চুরি হওয়া বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


নারায়ণগঞ্জ থেকে ৯৯৯-এ ফোনে উদ্ধার হল মতিঝিলে চুরি হওয়া বাস

ঢাকার মতিঝিল এলাকা থেকে চুরি হওয়া সোনালী ব্যাংকের স্টাফ বাসটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এই উদ্ধারটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় সম্ভব হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে, মতিঝিল থানাধীন গোপীবাগ এলাকা থেকে হারুনুর রশিদ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বাস চুরির তথ্য জানান। তিনি জানান, সোনালী ব্যাংকের একটি স্টাফ বাস চুরি হয়ে গেছে। বাসটি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল মহাখালী রিং রোড এলাকায় চলমান অবস্থায় শনাক্ত করা হয়।

কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল হৃদয় বড়ুয়া। পরে বাসটির উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রূপগঞ্জ থানাকে অবহিত করে ৯৯৯। এ সময় কলার এবং সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এএসআই মাহাবুবুর রহমান।

৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রূপগঞ্জ থানার আনন্দ হাউজিং পুলিশ ফাঁড়ির একটি দল পূর্বাচল মহাখালী রিং রোড এলাকায় চোরাই বাসটির পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা বাসটি ফেলে রেখে পালিয়ে যায়।

পরে পুলিশ ঢাকা মেট্রো-ব-১৫-২৩৭৪ নম্বরের বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। স্টাফ বাসটির মালিকপক্ষ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হলে তাদের কাছে বাসটি বুঝিয়ে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার সাদুল্যাপুরে ১৩ বছর বয়সী হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


গাইবান্ধার সাদুল্যাপুরে ১৩ বছর বয়সী হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর গ্রামের শিরাজ শেখ (১৩) নামে এক হাফেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে, উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ী গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি আমগাছে স্থানীয়রা মরদেহটি ঝুলতে দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত শিরাজ শেখ সৈয়দ শেখের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিরাজ একজন হাফেজ শিক্ষার্থী ছিলেন।

সাদুল্লাপুর থানার ওসি হাবিবুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।" ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক অবরোধ ছত্রভঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


কালিয়াকৈরে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক অবরোধ ছত্রভঙ্গ

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে সংগঠিত শ্রমিক আন্দোলন দমাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দুপুর ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় আন্দোলনকারীরা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হলে পুলিশও পাল্টা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে শুরু করে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিকনেতা সোহেল বলেন, "সরকার আমাদের দাবি মেনে না নিয়ে উল্টো পুলিশ লেলিয়ে দিয়েছে। তাই আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।"

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। সংবাদ পেয়ে আমরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারেস্ট জয় ও প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


এভারেস্ট জয় ও প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রামাণ্যচিত্র ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ পাহাড়ের সৌন্দর্য, বিশালতা ও মুগ্ধতা দিয়ে শুরু হয়েছে। এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে সেইসব মানুষের কাহিনী, যারা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতার শেষ সীমা পর্যন্ত পরীক্ষা করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে, প্রামাণ্যচিত্রের অন্যতম প্রধান চরিত্রের মৃত্যুর পর গল্পটি ভিন্ন দিকে মোড় নেয়। পাহাড়ের দুর্গম পরিবেশে গড়ে ওঠা গভীর সম্পর্ক, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা এবং সেই শোক কাটিয়ে ওঠার সংগ্রাম হয়ে ওঠে এর মূল বিষয়বস্তু।

পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিনের নতুন এই প্রামাণ্যচিত্রে মানুষের সহনশীলতার সীমা তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে যুক্তরাষ্ট্রের দুই খ্যাতনামা স্কিয়ার হিলারি নেলসন ও জিম মরিসনের ভালোবাসার গল্পও স্থান পেয়েছে।

জিমি চিন বলেন, ‘মানুষের জীবন ও অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আমার সব সময়ই আগ্রহ ছিল।’

তার মতে, যেসব মানুষ জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থানে থাকা বিপজ্জনক অভিযানে অংশ নেন, তাদের গল্পের মধ্য দিয়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত জীবনে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? প্রিয়জনকে হারানোর শোক কীভাবে সামলাতে হয়? মানুষ কীভাবে ভালোবাসে? কোন বিষয়গুলো তাকে ভয় পাইয়ে দেয়? অর্থবহ জীবন যাপন করতে কিংবা নিজের কাক্সিক্ষত মানুষ হয়ে উঠতে আমরা কতটা ঝুঁকি নিতে প্রস্তুত?’

দুঃসাহসিক অভিযানের গল্প

দুঃসাহসিক ক্রীড়াবিদদের অসাধারণ সব অভিযান ও সাফল্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে পরিচালক জিমি চিন ও এলিজাবেথ চাই ভাসারহেলি ইতোমধ্যে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন।

২০১৯ সালে পর্বতারোহী অ্যালেক্স হনল্ডকে নিয়ে নির্মিত তাদের প্রামাণ্যচিত্র ‘ফ্রি সোলো’ অস্কার জেতে। তবে, এই দুই নির্মাতার কাছে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ ছিল আরও বড় পরিসরের একটি কাজ।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এবারের পুরস্কার মৌসুমে আলোচনায় থাকা আরেকটি চলচ্চিত্র ‘তেনজিং’-এও উঠে এসেছে এভারেস্ট অভিযানের ইতিহাস। ১৯৫৩ সালে পর্বতটির দক্ষিণ দিক দিয়ে প্রথম সফলভাবে চূড়ায় ওঠার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি।

‘এভারেস্ট: দ্য আদার সাইড’-এর গল্পের কেন্দ্রে রয়েছেন খ্যাতনামা স্কিয়ার জিম মরিসন। তিনি বিমান দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারানোর বেদনাদায়ক স্মৃতি বয়ে বেড়াচ্ছিলেন।

এবার তার লক্ষ্য ছিল এভারেস্টের উত্তর দিক দিয়ে চূড়ায় পৌঁছানো। এ পথে খুব কম মানুষই সফল হয়েছেন। একই সঙ্গে তিনি হতে চেয়েছিলেন প্রথম ব্যক্তি, যিনি এভারেস্টের ওই দিক থেকে স্কি করে নিচে নেমে আসবেন।

এই অভিযানে তার সঙ্গী হওয়ার কথা ছিল হিলারি নেলসনের। স্বামীকে হারানোর কয়েক বছর পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অভিযানের প্রস্তুতির সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় তুষারধসে প্রাণ হারান ৪৯ বছর বয়সী পর্বতারোহী নেলসন।

পরিচালক এলিজাবেথ চাই ভাসারহেলি বলেন, ‘শুরুতে হিলারি নেলসন ও জিম মরিসনকে ঘিরেই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। এটি ছিল তাদের ভালোবাসা, যৌথ স্বপ্ন এবং এভারেস্টের উত্তর দিক দিয়ে সরাসরি চূড়ায় পৌঁছে সেখান থেকে স্কি করে নামার প্রথম প্রচেষ্টার গল্প।’

তিনি আরও বলেন, ‘হিলারির মৃত্যুর পর চলচ্চিত্রটির বিষয়বস্তু বদলে যায়। তখন এতে একদিকে যেমন এমন দুঃসাহসিক অভিযানের পেছনের উচ্চাকাক্সক্ষা উঠে আসে, অন্যদিকে এসব অভিযানের বাস্তব জীবনে কী ধরনের মূল্য দিতে হয়, সেটিও তুলে ধরা হয়।’

চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা নিজের জীবন নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে জানান চাই ভাসারহেলি। এর আগে তিনি জিমি চিনকে বিয়ে করেছিলেন। ঝুঁকিপূর্ণ বিভিন্ন অভিযানের দৃশ্য ধারণের কাজেও যুক্ত থাকেন চিন। তাঁদের দুই সন্তান রয়েছে।

চাই ভাসারহেলি বলেন, ‘আমি কখনো বিশ্বাস করিনি যে জিমি মারা যেতে পারে। কিন্তু হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার পেশাগত উচ্চাকাক্ষা ও ব্যক্তিগত জীবনের স্বার্থ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে।’

অন্যদিকে হিলারি নেলসনের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন জিম মরিসন।

এএফপিকে তিনি বলেন, ‘আমি যেন এক জায়গায় থমকে গিয়েছিলাম। পুরোপুরি ভেঙে পড়েছিলাম এবং গভীরভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’

তার জীবনের এই কঠিন মুহূর্ত থেকেই চলচ্চিত্রটির গল্প নতুন দিকে মোড় নেয়।

মরিসন বলেন, ‘এই পুরো অভিযান তখন আমার কাছে শোক আর হারানোর বেদনার মধ্য দিয়ে এগিয়ে চলার এক যাত্রায় পরিণত হয়। হিলারিকে হারানোর পাশাপাশি নিজের পরিবারকে হারানোর কষ্টও আমাকে বয়ে বেড়াতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আবার এভারেস্টে ফিরে গিয়ে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করার ইচ্ছা তৈরি হয়। কারণ, আমি হিলারির স্মৃতির প্রতি সম্মান জানাতে চেয়েছিলাম।’

এই পর্যায়ে ‘এভারেস্ট: দ্য আদার সাইড’ কেবল পর্বতারোহণ কিংবা দুঃসাহসিক অভিযানের গল্পে সীমাবদ্ধ থাকে না; বরং হয়ে ওঠে মানুষের জীবন, ভালোবাসা, শোক ও ঘুরে দাঁড়ানোর এক অনন্য গল্প।

মরিসনের মতে, এই গল্পের শিক্ষা সবার জীবনেই প্রাসঙ্গিক।

তিনি বলেন, ‘আপনি যদি হাল না ছেড়ে সামনে এগিয়ে যান, নিজের সর্বোচ্চ চেষ্টা করেন এবং এক পা এক পা করে এগোতে থাকেন, তাহলে অসাধারণ সব অর্জন সম্ভব।’

‘এভারেস্ট: দ্য আদার সাইড’ যুক্তরাষ্ট্রের নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%