মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
মসজিদে প্রবেশ করে যে নামাজ পড়তে হয় ইসলামের পরিভাষায় তা তাহিয়্যাতুল মাসজিদ বা দুখুলুল মসজিদ নামে পরিচিত। আবু কাতাদা সালামি (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার আগে দুই রাকাত সালাত আদায় করে নেয়।" (বুখারি, হাদিস : ৪৪৪, ১১৬৩)
এই নামাজ আদায় করা সুন্নত (নফল) হিসেবে গণ্য হয়। হানাফি ও মালেকি ফকিহদের মতে, এই নামাজ নিষিদ্ধ সময়ে পড়া যাবে না। তবে শাফেয়ি ও হাম্বলি ফকিহদের মতে, নিষিদ্ধ সময়ে মসজিদে ঢুকলেও ‘তাহিয়্যাতুল মসজিদ’ পড়া যাবে।
হানাফি মাজহাব অনুসারে, মুসল্লি যেকোনো উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করলে এবং সে পবিত্র অবস্থায় থাকলে ‘তাহিয়্যাতুল মাসজিদ’ আদায় করবে। তবে যদি কেউ এমন সময় মসজিদে প্রবেশ করে, যখন সাধারণভাবে নামাজ আদায় নিষিদ্ধ, অথবা ফরজ নামাজের জামাতের ইকামত শুরু হয়ে গেছে, কিংবা ইমাম ফরজ নামাজ শুরু করে দিয়েছেন, অথবা খতিবের খুতবা পাঠ শুরু হয়ে গেছে, তাহলে এসব অবস্থায় তাহিয়্যাতুল মাসজিদ আদায় থেকে বিরত থাকতে হবে। (আল-ফিকহু আলা মাজাহিবিল আরবাআ, পৃষ্ঠা ১০২০)
যে নামাজের আগে সুন্নতে মুয়াক্কাদা আছে, ওই নামাজের আগে মসজিদে প্রবেশ করে সুন্নতে মুয়াক্কাদা পড়লে ওই নামাজ আর পড়তে হয় না। কারণ তখন এই সুন্নতই এই নামাজের স্থলাভিষিক্ত ও যথেষ্ট হয়ে যায়। (মাজাল্লাতুল বুহুসিল ইসলামিয়্যাহ ১৫/৬৭)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল আর নেই। বিসিবি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
৭৪ বছর বয়সী এই প্রবীণ ক্রীড়া সংগঠক গতকাল ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ বাদ আসর কুমিল্লায় তাকে দাফন করা হবে।
এক শোকবার্তায় বিসিবি প্রয়াত কাজী মহিউদ্দিন বুলবুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ মন্তব্য করেছেন, যে দল মানুষের কাছে দেওয়া কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে, সেই দলই বিএনপি। তিনি উল্লেখ করেছেন, "আমরা কথা দিয়েছিলাম, সুযোগ পেলে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করা হবে। আজ সেই কাজের সূচনা হয়েছে।" তিনি সকলকে সতর্ক করেছেন যেন কোনো কারণে তাদের অসহযোগিতার ফলে সড়কের নির্মাণকাজ বন্ধ না হয়। এই প্রকল্পের মাধ্যমে তিনি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির ঋণ পরিশোধের ইচ্ছা প্রকাশ করেছেন।
সোমবার বিকেল ৩টায় লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বামৈ কাটিয়ারা মাঠে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জি কে গউছ আরও বলেন, "বেগম খালেদা জিয়ার ইচ্ছা ছিল এই রাস্তাটি বড় হবে। তিনি বলেছিলেন, আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আনেন, তাহলে লাখাইয়ের সব সমস্যার সমাধান করা হবে।" তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চার লেনের সড়ক নির্মাণকাজ বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পর্যায়ক্রমে এলাকার প্রতিটি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে।
আগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হুইপ বলেন, "আগের আমলের এমপিরা বাথরুম তৈরি করলেও নামফলক লাগাতেন। আমরা ফলকে বিশ্বাসী নই, মানুষের হৃদয়ে ফলক স্থাপন করতে চাই।" তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ ও প্রতারকের স্থান নেই। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর আওয়ামী লীগ লুটপাট করেছে এবং মানুষের স্বাধীনতা হরণ করেছে।
প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরো ২৬ কিলোমিটার সড়ককে চারটি পৃথক প্যাকেজে ভাগ করা হয়েছে। সড়কের প্রশস্ততা বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ বাজার এলাকাগুলোতে টেকসই নির্মাণের জন্য রিজিড পেভমেন্ট (ঢালাই সড়ক) করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে, অর্থাৎ ২০২৮ সালের জুন নাগাদ প্রকল্পের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকারের কারিগরি তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ভূমি অধিগ্রহণ ও সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন এবং সদর ও লাখাই উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।
সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে বিবেচিত হয়। সড়কটি চার লেনে উন্নীত হলে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। এতে যাতায়াতে সময় ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবহন ব্যয় কমবে। একই সঙ্গে হাওরাঞ্চল লাখাইয়ের কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় শিল্পায়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ড. আখতার আহাদ চৌধুরী স্বপন, আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, উপজেলা বিএনপির সহসভাপতি শেখ মো. ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিয়া মুহাম্মদ লায়েছ, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মালু, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরিফ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট শামসুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) আগামী ৩০ নভেম্বর ঢাকায় ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনে বিদেশে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন এবং নিজেদের পছন্দের প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানার সুযোগ থাকবে।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আগ্রহীদের ধারণা দিতেই এই আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জানতে পারবেন, স্নাতকোত্তর পর্যায়ে কোন বিষয়ে পড়তে হবে, ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া কী, পড়াশোনার অর্থায়নের সুযোগ কোথায় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কেমন। কর্মজীবী পেশাজীবী, সদ্য স্নাতক এবং স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আয়োজনটি করা হয়েছে।
ঢাকার শেরাটন হোটেলে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র, স্পেন, কানাডা, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও বিজনেস স্কুল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালগারি, বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইউটাহ, আইই ইউনিভার্সিটি, এনওয়াইইউ ট্যান্ডন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, অন্টারিও টেক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উইনিপেগ এবং ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রতিনিধিদের কাছে বিভিন্ন প্রোগ্রাম, আবেদনপ্রক্রিয়া, মেধাবৃত্তি এবং পছন্দের দেশ সম্পর্কে সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকবে। আগ্রহ ও অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের উপযুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এতে তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ পাবেন। অংশগ্রহণকারীরা ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপ সম্পর্কেও জানতে পারবেন।
‘কিউএস গ্লোবাল স্টুডেন্ট ফ্লোস’ এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫০০ হতে পারে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ লাখ ৪৩ হাজার ৩০০ হতে পারে। তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎস শহর হিসেবে বাংলাদেশে ঢাকা এগিয়ে রয়েছে। ২০২৬ সালে ঢাকা থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর আনুমানিক সংখ্যা ৭৪ হাজার ৪০০। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে এ সংখ্যা বৃদ্ধির বার্ষিক যৌগিক হার ১৩ দশমিক ৫ শতাংশ।
এ পূর্বাভাস থেকে বোঝা যায় যে, শিক্ষার্থীদের বিদেশে পড়ার আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে বিষয় নির্বাচন, পড়াশোনার খরচ এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলোর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। কিউএসের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের ৬৩ শতাংশ কোর্স নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার মানকে অগ্রাধিকার দেন। অন্যদিকে, ৫৭ শতাংশ গুরুত্ব দেন ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগবে এমন দক্ষতা অর্জনের বিষয়টিকে।
কিউএসের ফিউচার স্টুডেন্টস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ন্যাটালি ক্রায়ান বলেন, “আন্তর্জাতিক শিক্ষাখাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিউএসের পূর্বাভাসে দেখা যাচ্ছে, বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। মাস্টার্স প্রোগ্রাম বেছে নেওয়ার সময় শিক্ষার্থীদের বিষয় ও শিক্ষার মান বিবেচনা করতে হয়, পাশাপাশি খরচ, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং পছন্দের দেশের শিক্ষার পরিবেশও ভাবতে হয়। ঢাকার এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে এসব বিষয়ে ধারণা নিতে পারবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।”
অনুষ্ঠানে বিষয় ও কোর্স নির্বাচন, পছন্দের দেশ এবং বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া নিয়েও পরামর্শ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা নিজেদের সিভি বা জীবনবৃত্তান্ত পর্যালোচনা করাতে পারবেন এবং স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) সম্পর্কে সময়ক ধারণা পাবেন। এছাড়া, এ আয়োজনে ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের কিউএস ইমপ্যাক্ট স্কলারশিপে আবেদন করার সুযোগও পাচ্ছেন অংশগ্রহণকারীরা। তবে এ ক্ষেত্রে বৃত্তির নির্ধারিত আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ভিজিট করতে পারেন: https://eu1.hubs.ly/H0zX-_k0
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম ফিলিস্তিনের গাজা উপত্যকার ৯৯ শতাংশের বেশি এলাকায় দূষণের সম্ভাব্য উৎস চিহ্নিত করেছে। ইসরাইলের সামরিক হামলার ফলে ভবন ও অবকাঠামো ধ্বংসের পাশাপাশি বায়ু, মাটি, খাদ্য ও পানির ব্যাপক দূষণ ঘটেছে। এতে গাজার বাসিন্দারা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসছে, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে। এই দূষণকে পরিবেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
অক্সফামের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি স্যাটেলাইট চিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং উন্মুক্ত বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের পরিবেশগত প্রভাব নিয়ে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বিস্তৃত চিত্র তুলে ধরার দাবি করেছে সংস্থাটি।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেছেন, ‘গাজায় ইসরাইলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। এসব হামলা পরিবেশের বিরুদ্ধে যুদ্ধাপরাধ। এগুলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে।’
এক বিবৃতিতে তিনি আরো বলেন, গাজার ভবন ও পরিবেশ ধ্বংস এবং দূষণের ফলে মানুষের নিরাপত্তা ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার আইনের অধীনে ইসরাইলের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের শামিল হতে পারে।
অক্সফামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার ফিলিস্তিনিরা বায়ু, খাদ্য, পানি এবং দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শের মাধ্যমে বিভিন্ন বিষাক্ত পদার্থের শিকার হচ্ছেন। বোমা হামলা, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ এবং অপরিশোধিত পয়োনিষ্কাশন থেকে ছড়িয়ে পড়া দূষণ মানুষের শ্বাস নেওয়া বাতাস, পান করা পানি ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।
ফিলিস্তিনিদের জীবনের ঝুঁকি শনাক্ত ও কমাতে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তের জরুরি প্রয়োজনীয়তার কথাও অক্সফাম উল্লেখ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও ১ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন বলেছিল, গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে। এদিকে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে। জানুয়ারিতে আদালত বলেছিল, গাজায় ইসরাইলের গণহত্যা সংঘটনের অভিযোগকে বিশ্বাসযোগ্য বলে মনে করার যুক্তিসংগত ভিত্তি রয়েছে।
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) শেষ হওয়ার এক দিন পর অক্সফামের প্রতিবেদনটি প্রকাশিত হয়। সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতারা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি।
বায়ুদূষণ ও বিপুল কার্বন নিঃসরণ
অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং ভবন ও অবকাঠামো ধ্বংসের ফলে বিভিন্ন দূষিত পদার্থ ছড়িয়ে পড়ছে। এসব পদার্থ ধ্বংসস্তূপ ও মাটিতে জমা হচ্ছে। পরে বাতাস, যানবাহন চলাচল এবং ধ্বংসস্তূপ সরানোর সময় সেগুলো আবার বাতাসে মিশে যাচ্ছে।
প্রতিবেদনটি উল্লেখ করেছে, গাজা সিটি, জাবালিয়া এবং উত্তর গাজা গভর্নরেটে দূষণের সম্ভাব্য ঘনত্ব সবচেয়ে বেশি। ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাসও নির্গত হয়েছে। ধ্বংসস্তূপ সরানো এবং পুনর্গঠনের সময় আরও কার্বন নিঃসরণ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে উদ্ধৃত একটি গবেষণায় বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সরাসরি সংঘাতের কারণে ১৩ লাখ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (সিও২ই) নিঃসরণ হয়েছে।
পুরো সংঘাতের সময়কাল বিবেচনায় কার্বন নিঃসরণের পরিমাণ ৩ কোটি ৩২ লাখ টন সিও২ই হতে পারে বলে আরেকটি গবেষণায় অনুমান করা হয়েছে। এর মধ্যে পুনর্গঠনের সময় ৩ কোটি ১৪ লাখ টন কার্বন নিঃসরণের আশঙ্কা রয়েছে।
গাজাজুড়ে ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। অক্সফামের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত গাজার মোট ৩৬৫ বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় ২৮৩ বর্গকিলোমিটার বা ৭৮ শতাংশ এলাকা ইসরাইলের স্থল অভিযানে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। বর্তমানে গাজার প্রতিজন বাসিন্দার হিসাবে এই ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় ২৯ টন। ধ্বংসস্তূপের পরিমাণ এতটাই বেশি যে তা সরাতে ২১ লাখ ডাম্প ট্রাকের প্রয়োজন হবে। এসব ট্রাক দিয়ে পৃথিবীর পরিধি ধরে ৭৩৬ বার ঘুরে আসার সমান দূরত্ব অতিক্রম করতে হবে।
তুলনামূলকভাবে, ২০১৭ সালের সংঘাতের পর ইরাকের মসুল শহরে ৭৬ লাখ ৫০ হাজার টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। গাজার ধ্বংসস্তূপের পরিমাণ তার প্রায় আট গুণ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার ৯০ শতাংশের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশকে একাধিকবার বাড়িঘর ছাড়তে হয়েছে।
অক্সফাম গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করেছে। গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া এবং সালাহ আল-দিন সড়কসংলগ্ন এলাকায় একাধিক সম্ভাব্য দূষণের উৎসের উপস্থিতি সবচেয়ে বেশি।
অবিস্ফোরিত গোলাবারুদের খোলস ক্ষয়ে গেলে সেখান থেকে ক্ষতিকর পদার্থ মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশতে পারে। এ ছাড়া সামরিক যানবাহন, ব্যাটারি ও জ্বালানির মজুত থেকেও দূষণের ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে সামরিক বাহিনীর চলাচলের পথ এবং তাদের সাবেক অবস্থানগুলোর আশপাশে এ ঝুঁকি বেশি।
ইসরাইলের হামলায় গাজার পানি সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্সফামের উদ্ধৃত ফিলিস্তিন পানি কর্তৃপক্ষের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরের আগে গাজায় দৈনিক পানির সরবরাহ ছিল ৩ লাখ ৩৪ হাজার ১০৭ ঘনমিটার। ২০২৪ সালের জুনে তা কমে দাঁড়ায় মাত্র ৫৪ হাজার ৭৪৭ ঘনমিটারে। অর্থাৎ সরবরাহ কমেছিল প্রায় ৮৪ শতাংশ।
২০২৬ সালের এপ্রিল নাগাদ জরুরি মেরামতের মাধ্যমে দৈনিক পানির সরবরাহ বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার ৩১৫ ঘনমিটারে উন্নীত করা হয়। তবে যুদ্ধের আগের তুলনায় এই সরবরাহ এখনো ৬১ শতাংশ কম।
গাজার ৬১টি পানির আধার বা জলাধারের মধ্যে মাত্র ৯টি সচল ছিল। এসব জলাধারে যে পরিমাণ পানি সংরক্ষিত ছিল, তা দিয়ে এক দিনের জন্য জনপ্রতি ১৮ লিটার পানি সরবরাহ করা সম্ভব।
গাজার পানির প্রধান উৎস ছিল উপকূলীয় ভূগর্ভস্থ জলাধার। ঐতিহাসিকভাবে এই জলাধার থেকে গাজার ৮১ শতাংশ পানির চাহিদা পূরণ হতো। তবে ২০২৩ সালের অক্টোবরের আগেই জলাধারটির ৯৭ শতাংশ পানি রাসায়নিকভাবে দূষিত ছিল।
অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধের মধ্যে কয়েক দশক ধরে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ জলাধারে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করেছে। অপরিশোধিত পয়োবর্জ্য, কৃষিজমির বর্জ্য এবং আবর্জনা ফেলার কারণেও পানিদূষণ বেড়েছে।
২০২৬ সালের জুলাইয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ভূগর্ভস্থ পানির ৭৯টি কূপ পরীক্ষা করে। এর মধ্যে ১৫টিতে বা ১৯ শতাংশে মলজাতীয় ব্যাকটেরিয়া (ফিকাল কলিফর্ম) পাওয়া যায়। অক্সফামের বিশ্লেষণে উত্তর গাজা, গাজা সিটি ও দেইর আল-বালাহকে দূষিত পানি পানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২১ সালের এক মূল্যায়নে মাত্র ২ শতাংশ কূপে এ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছিল।
জুলাই মাসের পরীক্ষায় দেখা যায়, ৭৯টি কূপের মধ্যে ৬১টির বা ৭৭ দশমিক ২ শতাংশের পানিতে মোট দ্রবীভূত কঠিন পদার্থের (টিডিএস) পরিমাণ প্রতি লিটারে ১ হাজার মিলিগ্রামের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, পানিতে এ ধরনের পদার্থের মাত্রা বাড়লে তা পান করতে ক্রমেই অস্বস্তিকর হয়ে ওঠে। পরীক্ষায় পাওয়া মাত্রা ওই সীমার চেয়ে প্রতি লিটারে ৪০০ মিলিগ্রাম বেশি।
পয়োনিষ্কাশনব্যবস্থাও প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ইসরাইলের হামলায় গাজার ছয়টি বর্জ্যপানি শোধনাগারই ধ্বংস হয়ে যায়। প্রতিদিন আনুমানিক ৪০ হাজার ঘনমিটার অপরিশোধিত পয়োবর্জ্য ভূমধ্যসাগরে গিয়ে পড়ছে। এই পরিমাণ বর্জ্যপানি দিয়ে অলিম্পিকের ১৬টি সুইমিংপুল ভরাট করা সম্ভব।
২০২৬ সালের এপ্রিল পর্যন্ত গাজার মাত্র ১৯ শতাংশ পাম্পিং স্টেশন এবং প্রায় ৩০ শতাংশ পয়োনিষ্কাশন নেটওয়ার্ক আংশিকভাবে সচল ছিল।
আবর্জনা সংগ্রহের যানবাহনের সংখ্যা ২৬১টি থেকে কমে দাঁড়িয়েছে ৪৮টিতে। গাজার দুটি প্রধান ময়লার ভাগাড়ই এখনো নাগালের বাইরে। অন্তত ৫৬টি অস্থায়ী ভাগাড়ের মধ্যে মাত্র ১১টিতে প্রবেশ করা সম্ভব এবং সেগুলো চালু রয়েছে।
এসব ভাগাড়ের অধিকাংশে মাটি ও ভূগর্ভস্থ পানিকে দূষণ থেকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত আনুমানিক ১৪ লাখ ৫০ হাজার মানুষ ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণীর উপদ্রব রয়েছে, এমন এলাকায় বসবাস করছিলেন।
ইসরাইলি হামলার আগে গাজার কৃষিজমি থেকে মানুষের খাওয়ার তাজা সবজির প্রায় ৯৫ শতাংশ সরবরাহ করা হতো। কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ গাজার ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্সফামের হিসাবে, মাত্র ৩ শতাংশ কৃষিজমি ব্যবহারযোগ্য ও অক্ষত ছিল।
২০২৪ সালের অক্টোবরের মধ্যে জাতিসংঘ জানায়, গাজায় ১০ লাখের বেশি জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে। অক্সফাম ৭ হাজার ২০০টির বেশি ক্ষতিগ্রস্ত গ্রিনহাউস শনাক্ত করেছে। ফিলিস্তিনিদের বীজ সংরক্ষণ ও বিতরণের কাজে ব্যবহৃত স্থাপনাগুলোও ধ্বংস করা হয়েছে।
হামলার আগে গাজার মৎস্য খাত থেকে বছরে প্রায় ৪ হাজার ৬৬০ টন মাছ উৎপাদিত হতো। মাছের খামার থেকে আরো ৭৫০ টন মাছ পাওয়া যেত। তবে হামলার পর এ খাতেও বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত প্রতিদিন গড়ে মাছ ধরার পরিমাণ ছিল ২০২২ সালের তুলনায় মাত্র ৭ দশমিক ৩ শতাংশ।
প্রতিবেদনে গাজার গবাদিপশুর প্রায় ৯৫ শতাংশ হারিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। মাছ উৎপাদন ও কৃষিকাজ আবার শুরু হলেও দূষিত পদার্থ ফসল ও সামুদ্রিক খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে বলে সতর্ক করেছে অক্সফাম।
খাদ্যসংকটও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবেদনে উদ্ধৃত সমন্বিত খাদ্যনিরাপত্তা পর্যায় শ্রেণিবিন্যাসের (আইপিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে গাজার আনুমানিক ১২ লাখ মানুষ, অর্থাৎ মোট জনসংখ্যার ৫৯ শতাংশ, তীব্র খাদ্যসংকটের মুখে ছিলেন। তাদের পরিস্থিতি সংকটাপন্ন পর্যায়ে বা তার চেয়েও খারাপ ছিল।
অর্থনীতি ও জীবিকা ধ্বংস
গাজার অর্থনৈতিক ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্সফামের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে গাজার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮৩ শতাংশ কমে ৩৬ কোটি ২০ লাখ ডলারে নেমে আসে। কৃষিজমি, কর্মশালা ও কারখানা ধ্বংস হওয়ায় বহু মানুষ তাদের আয়ের উৎস হারিয়েছেন। একই সঙ্গে কাজ শুরু করার মতো প্রয়োজনীয় অবকাঠামো ও উপকরণও নষ্ট হয়েছে। ধ্বংসস্তূপ সরানো, মেরামত ও কৃষিকাজ করতে গিয়ে শ্রমিকেরা আগামী বহু বছর অ্যাসবেস্টস, সিলিকা ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসার ঝুঁকিতে থাকবেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজার যেসব বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠান মূল্যায়ন করা হয়েছে, সেগুলোর ৯২ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭২ শতাংশ প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়নের বরাত দিয়ে অক্সফাম জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজায় সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫২০ কোটি ডলার। এ সময়ে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২ হাজার ২৭০ কোটি ডলার।
গাজা পুনরুদ্ধার ও পুনর্গঠনে আগামী ১০ বছরে ৭ হাজার ১৪০ কোটি ডলার প্রয়োজন হবে বলে ওই মূল্যায়নে বলা হয়েছে। এর মধ্যে প্রথম ১৮ মাসেই প্রয়োজন হবে ২ হাজার ৬৩০ কোটি ডলার।
অক্সফামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার পানি, খাদ্য ও পয়োনিষ্কাশনব্যবস্থা ধ্বংসের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির অধীনে অপরাধের অভিযোগ মূল্যায়নে প্রাসঙ্গিক হতে পারে। একই সঙ্গে গণহত্যা সনদের অধীনে ইসরাইলের দায় নির্ধারণের ক্ষেত্রেও এসব বিষয় বিবেচনায় নেওয়া যেতে পারে।
তবে গণহত্যার অভিযোগ প্রমাণ করতে হলে কোনো সুরক্ষিত জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল—এমন প্রমাণ প্রয়োজন। অক্সফাম বলেছে, কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
গাজার পরিবেশ ও জনস্বাস্থ্য পুনরুদ্ধারে পাঁচ ধাপের একটি পরিকল্পনাও তুলে ধরেছে সংস্থাটি। প্রথম ধাপে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং মানুষের দূষণের সংস্পর্শ কমানোর কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে বিভিন্ন স্থানের দূষণ পরীক্ষা করতে হবে। তৃতীয় ধাপে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে জরুরি মেরামত করতে হবে।
চতুর্থ ধাপে দূষিত স্থানগুলো পরিষ্কার এবং বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। সবশেষে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করে পুনর্গঠন করতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে পরিবেশ পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখতে হবে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ