মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৪ পি.এম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয় জিয়াউল আহসানের বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর তার যুক্তিতে জিয়াউল আহসানের গুম-খুনের বিস্তারিত তুলে ধরেন।
আমিনুল ইসলাম বলেন, "সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন, সেই প্রমাণ পেয়েছি। তবে ধারণা করি, তিনি দেড়শোর বেশি মানুষকে হত্যা করেছেন।"
জিয়াউল আহসানকে সামরিক বাহিনীতে দানব হিসেবে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, "দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও রাষ্ট্রীয় মদদে তিনি অবর্ণনীয় অপরাধ করেছেন। তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। বিরোধী মত দমনে শেখ হাসিনার প্রধান অস্ত্র ছিলেন তিনি।"
যুক্তিতর্কের সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং গুমের শিকার ভুক্তভোগীদের স্বজনরা।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, "মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি জিয়াউলের আর্থিক দুর্নীতির বিষয়ে বুধবার (২৫ নভেম্বর) যুক্তি তুলে ধরবেন তিনি।"
সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, "প্রসিকিউশন টিমকে সর্বাত্মক সহযোগিতা করতে এসেছি। আমরা চাই, জাতি গুম-খুনের দৃষ্টান্তমূলক শাস্তি দেখুক।"
এদিন নিরাপত্তার স্বার্থে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। ট্রাইব্যুনালে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ শুনে তিনি তাচ্ছিল্যের হাসি হাসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চ্যাম্পিয়নস লিগের গালাতাসারাই ও অ্যাস্টন ভিলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তুরস্কের ইস্তাম্বুলে অপ্রত্যাশিত নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। র্যামস পার্ক স্টেডিয়ামের কাছাকাছি, মাত্র ১০ মাইল দূরে, একটি সিংহের সন্ধান পাওয়ার পর দেশটির পুলিশ সেটিকে ধরার জন্য অভিযান শুরু করেছে। এই পরিস্থিতির কারণে মঙ্গলবারের ম্যাচটি আয়োজনের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, ইস্তাম্বুলের সারিয়ের জেলায় সিংহটি দেখা যাওয়ার পর তুর্কি পুলিশ একটি বড় ধরনের অভিযান শুরু করেছে। প্রাণীটিকে খুঁজে বের করার জন্য প্রায় ৭০ জন জরুরি উদ্ধারকর্মী এবং সাতটি ড্রোন মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ সিংহটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং দ্রুত সেটিকে ধরার চেষ্টা করছে।
মঙ্গলবার, ২৪ নভেম্বর, চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচে গালাতাসারাই ও অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা এখন আয়োজকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সিংহের উপস্থিতির কারণে তৈরি হওয়া পরিস্থিতি অ্যাস্টন ভিলার ইস্তাম্বুল সফরের পূর্বের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। যদিও ম্যাচটি বাতিল বা স্থগিত করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এ ঘটনার মধ্যে একটি অদ্ভুত কাকতালীয় বিষয় রয়েছে। গালাতাসারাইয়ের প্রতীক ও ডাকনামের সঙ্গে সিংহের সরাসরি সম্পর্ক রয়েছে। একইভাবে, অ্যাস্টন ভিলারের ক্লাব ক্রেস্টেও সিংহের প্রতিকৃতি রয়েছে। দুই দলের প্রতীকী প্রাণীটি এবার তাদের মাঠের লড়াইয়ের আগে বাস্তব নিরাপত্তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সরাসরি স্থান পেতে দুই দলই গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই মাঠের লড়াইয়ের আগে ইস্তাম্বুলের এই অপ্রত্যাশিত পরিস্থিতি ম্যাচটির আয়োজন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার জন্য কোনো নির্দেশনা নেই। বরং নারী ও পুরুষ উভয়কেই শালীনতা রক্ষা করার কথা বলা হয়েছে। এই মন্তব্যটি করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।
সম্প্রতি উষা কাকাড়ের সঞ্চালনায় একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেখানে ইসলাম ধর্মের হিজাব ও বোরকা পরা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের প্রসঙ্গে আলোচনা করেন শাবানা। তিনি নিজে ধর্মীয় আচার পালন করেন না, তবে সাংস্কৃতিকভাবে নিজেকে মুসলিম হিসেবে মনে করেন।
পবিত্র কোরআনে হিজাব বা বোরকা সম্পর্কে কী বলা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে শাবানা বলেন, “কোরআনের কোথাও এমন বলা নেই যে আপনাকে এভাবে বোরকা পরতে হবে। কোরআনে শুধু বলা হয়েছে, আপনার চোখে শালীনতা থাকতে হবে। এই শালীনতা নারী ও পুরুষ উভয়ের জন্য।”
ধর্মীয় শিক্ষার ভুল ব্যাখ্যার জন্য কিছু মধ্যস্থতাকারীকে দায়ী করেন শাবানা। তার মতে, এসব ব্যক্তি কোরআনে নারীদের পর্দা করা বাধ্যতামূলক বলে দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
নিজে বোরকা না পরলেও অন্যের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি বোরকা পরি না। কিন্তু কেউ যদি আমাকে বলে বোরকা পরতে পারবে না, তাহলে আমি তিনটি বোরকা পরব। আমাকে বলার তুমি কে? তবে ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও চলতে পারে না।”
এটি প্রথম নয়, এর আগে হিজাব নিয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন শাবানা। ২০২২ সালে ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কের সময়ও তিনি সরব হয়েছিলেন। সে সময় উদুপি শহরের একটি কলেজে হিজাব পরার কারণে ছয় ছাত্রীকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
ওই ঘটনায় মন্তব্য করেছিলেন অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “সাহস দেখাতে চাইলে আফগানিস্তানে বোরকা না পরে সাহস দেখান। নিজেকে বন্দি না করে মুক্ত হতে শিখুন।”
এর জবাব দিয়েছিলেন শাবানা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কঙ্গনার মন্তব্য উদ্ধৃত করে তিনি লেখেন, “আমি ভুল না হলে আমাকে শুধরে দেবেন, আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র। আর আমার সর্বশেষ জানা মতে, ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।”
শাবানার স্বামী ও কবি-গীতিকার জাভেদ আখতারও হিজাব পরার চর্চার বিরোধিতা করেছেন। তবে হিজাব নিয়ে আপত্তি তোলা হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ধর্মনিরপেক্ষতার কথা বলেও এসব গোষ্ঠী নিজেদের অবস্থানে দ্বৈত নীতি অনুসরণ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১১ বছর বয়সী কিশোর মোহাম্মদ রাকিবুল ইসলাম মাত্র ১৭ মাসের মধ্যে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গত ২০ নভেম্বর, তিনি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।
রাকিবুল রাজধানীর জামিয়াতুন নুরের শিক্ষার্থী। তার পিতা মোহাম্মদ নবি হুসেন। গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে অবস্থিত।
রাকিবুলের হিফজের শিক্ষক হলেন হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীর একাগ্র সাধনা ও পরিবারের সহযোগিতার মাধ্যমে মাত্র ১৭ মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার এ সাফল্য অর্জন করেছে সে।
জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী তার এ কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, "পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের দিল্লিতে হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটানো বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজীকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ পাহারায় তাকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বাদল ফরাজীকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কারাসূত্রে জানা গেছে, বন্দি স্থানান্তর চুক্তির (টিএসপি) আওতায় ভারত থেকে বাংলাদেশে আসা বাদল ফরাজীর পাশাপাশি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সাইদুল ওরফে আফজালকেও একই প্রক্রিয়ায় চার সপ্তাহের প্যারোলে মুক্তির জন্য বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন ও কারা সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। এরপর বাংলাদেশে তার মুক্তির বিষয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা এবং ১৭ নভেম্বর গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।
২০০৮ সালে পর্যটক ভিসায় তাজমহল দেখতে ভারতে গিয়ে বাদল ফরাজী গ্রেপ্তার হন। দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যার ঘটনায় তাকে বাদল সিং নামে শনাক্ত করে অমর কলোনি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
শুরু থেকেই বাদল ফরাজী দাবি করে আসছিলেন যে, তিনি ওই হত্যা মামলার আসামি নন। কিন্তু ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের আগস্টে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার সময় বাদল ফরাজী পড়াশোনা চালিয়ে যান। কারাগারে থেকেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। তবে দেশে ফিরেও দীর্ঘদিন মুক্তি পাননি তিনি।
বাদল ফরাজীর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা কাজ করেছেন। লেখক রাহিতুল ইসলাম তাকে নিয়ে ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাসও লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশিত হওয়ার পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।
কারাগারে থাকতেই বাদল ফরাজীর বাবা এস এইচ খালেক ফরাজী মারা যান। তার বৃদ্ধ মা বর্তমানে অসুস্থ এবং চলাফেরা করতে অক্ষম। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ছেলের সাময়িক মুক্তির খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ