প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘের নতুন একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, নারীরা ঘর ও পরিবারে কতটা নিরাপত্তাহীন। ২০২৫ সালে বিশ্বব্যাপী ৪৭ হাজারের বেশি নারী ও মেয়ে তাদের পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে হত্যার শিকার হয়েছেন। এর মানে হলো, প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন নারী ও মেয়েকে হত্যা করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এই সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও মেয়ের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করেছে। অর্থাৎ, এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
‘নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’-এর প্রাক্কালে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হওয়া ৭৮ হাজার নারী ও মেয়ের মধ্যে প্রায় ৬০ শতাংশই তাদের অন্তরঙ্গ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন।
৪৭ হাজার ভুক্তভোগীর হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও মেয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। ১২২টি দেশ ও অঞ্চলের পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতে এই সংখ্যাটি নির্ণয় করা হয়েছে।
২০২৫ সালে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ নারী ছিলেন, যার মধ্যে ৬০ শতাংশই নিহত হয়েছেন ব্যক্তিগত বা পারিবারিক পরিসরে। অন্যদিকে, পুরুষ ভুক্তভোগীদের ক্ষেত্রে এই হার ছিল ১১ শতাংশ।
জাতিসংঘের মতে, পারিবারিক সহিংসতা প্রতিরোধে শুধু স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে নারীর সম্পর্কের বিষয়টি বিবেচনা করলেই হবে না, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দিতে হবে। কারণ পরিবারের বিভিন্ন সম্পর্কের মধ্যেও নারীরা সহিংসতার শিকার হচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো অঞ্চলই নারীদের জন্য পুরোপুরি নিরাপদ নয়। তবে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে নারী ও মেয়েদের হত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আফ্রিকায়। ২০২৫ সালে মহাদেশটিতে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২ হাজার ১০০ জন নারী ও মেয়ে। এরপর রয়েছে এশিয়া, যেখানে নিহত হয়েছেন ১৫ হাজার ১০০ জন। আমেরিকায় এ সংখ্যা ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার (ফেমিসাইড) কমছে তুলনামূলক ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।
জাতিসংঘের মতে, এর মাধ্যমে বোঝা যায়, নারীদের প্রতি এ ধরনের সহিংসতা সমাজের প্রচলিত রীতিনীতি ও নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা বৈষম্যমূলক ধারণার সঙ্গে গভীরভাবে জড়িত। পাশাপাশি, বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের নানা বাধার মুখে পড়ার বিষয়টিও এতে স্পষ্ট হয়ে উঠেছে।
‘ফেমিসাইড’ বলতে নারী ও মেয়েদের লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত হত্যাকাণ্ডকে বোঝায়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংগঠিত অপরাধ, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে সম্পর্কিত কিছু হত্যাকাণ্ডও এর অন্তর্ভুক্ত। তবে প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের বাইরে সংঘটিত নারী হত্যাকাণ্ডের তথ্য বিশ্বজুড়ে পর্যাপ্ত নয়। এ কারণে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে এ ধরনের হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ও ব্যাপকতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন