মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৫ পি.এম
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তবে, তাদের এসব কার্যক্রম বড় ধরনের পরিস্থিতি তৈরি করতে পারেনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার পরিসংখ্যান তুলে ধরে জাহেদ উর রহমান জানিয়েছেন, নভেম্বর মাসে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে গণপরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নাশকতার ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে।
আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলের তথ্য তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ছাড়া ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
তিনি উল্লেখ করেন, এসব সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের মিছিল-সমাবেশ করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী। যারা এসব কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেফতার করা হবে।
পুলিশের ওপর হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় আক্রমণের বিষয়ে তিনি জানান, পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের স্থাপনা ও যানবাহন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ৭২টি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হামলার শিকার কার্যালয়ের সংখ্যা প্রায় ১০০ বলে জানিয়েছেন। পুলিশের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের নিজস্ব প্রক্রিয়া থাকায় সরকারি পরিসংখ্যানের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংখ্যার কিছু পার্থক্য রয়েছে।
গোপালগঞ্জে সহিংসতার সময় বিভিন্ন নেতা-কর্মীর বাড়িঘরে অগ্নিসংযোগ এবং একটি হাসপাতালে আগুন দেওয়ার ঘটনাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কোনো যুদ্ধের পরিস্থিতি নয়। এমনকি যুদ্ধের সময়ও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা চালানো গুরুতর অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনার কথাও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উপদেষ্টা।
বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন নেতা-কর্মী নিহত হওয়ার তথ্যও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতাকারীদের আইনের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা গ্রহণ করেছে।
সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বাস পরিচালনা শুরু হবে এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের বিষয়ে আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানানো হয়েছে।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, "ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।" প্রাথমিকভাবে বিআরটিসির মাধ্যমে সরকারি উদ্যোগে এ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় নিয়ে আসতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও বলেন, "রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় কেবল বাসের সংখ্যা বাড়ালেই চলবে না, বরং পুরো পরিচালন পদ্ধতিতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।" দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে একটি সমন্বিত, পরিকল্পিত ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাস পরিচালনার বিদ্যমান পদ্ধতিতে পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রচলিত ব্যবস্থায় বিভিন্ন রুটে বাস পরিচালনা, যাত্রী ওঠানো-নামানো, ভাড়া আদায় এবং বাসের মধ্যে যাত্রী সংগ্রহের প্রতিযোগিতা নিয়ে নানা অভিযোগ রয়েছে।
একই রুটে একাধিক পরিবহনের বাসের মধ্যে প্রতিযোগিতা, নির্ধারিত সময়সূচি অনুসরণ না করা, যত্রতত্র বাস থামানো এবং সড়কে যানজট সৃষ্টির মতো সমস্যাও নগরবাসীর দৈনন্দিন ভোগান্তি বাড়াচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে এসব সমস্যা কমিয়ে একটি নিয়মতান্ত্রিক গণপরিবহন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন। এ মডেলে প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে।
এ ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ সরাসরি বাস অপারেটরের কাছে না গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বাস পরিচালনার বিপরীতে অপারেটরকে প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে।
অর্থাৎ, বাসে কতজন যাত্রী উঠল বা কত টাকা ভাড়া আদায় হলো, তার পরিবর্তে নির্ধারিত সূচি ও মান বজায় রেখে কত দূরত্ব বাস পরিচালনা করা হয়েছে, তার ভিত্তিতে অপারেটরের পাওনা নির্ধারণ করা হবে।
এ ধরনের ব্যবস্থায় যাত্রী সংগ্রহের জন্য বাসগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা কমানো, নির্ধারিত সময়সূচি অনুসরণ এবং সেবার মান বজায় রাখার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বাস পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কেন্দ্রীয় তদারকি নিশ্চিত করা সহজ হবে।
নতুন পরিকল্পনায় বৈদ্যুতিক বাস চালুর বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রচলিত জ্বালানিচালিত বাসের পরিবর্তে বিদ্যুৎচালিত বাস ব্যবহারের ফলে যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও স্থানীয় বায়ুদূষণ কমানোর সুযোগ তৈরি হবে।
পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর বাসের মাধ্যমে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। তবে এ ধরনের বাসের কার্যকর পরিচালনার জন্য প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং দক্ষ জনবল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ হবে।
রাজধানীতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় গন্তব্যে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভর করেন।
কিন্তু বাসের অনিয়ন্ত্রিত চলাচল, যানজট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসদাচরণ এবং পর্যাপ্ত মানসম্মত যানবাহনের অভাব নিয়ে দীর্ঘদিন ধরে নগরবাসীর অভিযোগ রয়েছে। এ অবস্থায় নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।
বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করা, বাসের নির্ধারিত স্টপেজ ও সময়সূচি অনুসরণ এবং যাত্রীসেবায় পেশাদারত্ব প্রতিষ্ঠার বিষয়গুলো সংস্কার কার্যক্রমে গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন, বাস সংগ্রহ, চার্জিং স্টেশন স্থাপন, রুট পুনর্বিন্যাস, অপারেটর নির্বাচন এবং বিদ্যমান পরিবহন মালিকদের নতুন ব্যবস্থায় যুক্ত করার মতো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।
পাশাপাশি নতুন মডেলে ভাড়া নির্ধারণ, বাসের রক্ষণাবেক্ষণ এবং সেবার মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাও জরুরি।
সভায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠককে ভয়ংকর নীল নকশার অশুভ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন রুহুল কবির রিজভী।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যার প্রতীক। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল।" তিনি জানান, প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত।
রিজভী দাবি করেন, সীমান্তের ওপারে বসে আওয়ামী লীগের নেতারা হত্যার নির্দেশ দিচ্ছেন। তিনি মন্তব্য করেন, "যারা হত্যার নির্দেশ দেন, তারা দেশের মানুষের বন্ধু হতে পারে না।"
তিনি আরও বলেন, "দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের বলছে আগুন দে।" তিনি উল্লেখ করেন, বিএনপির তিন জন খুন হয়েছেন এবং এর দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। রিজভী বলেন, "যারা জনগণকে হত্যা করতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ এটি ন্যায়সঙ্গত।"
তিনি আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বলেও মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১৬৭ বছরের পুরনো গাণিতিক সমস্যা রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপগে। তবে, তার প্রদত্ত প্রমাণের দৈর্ঘ্য ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠার বেশি—এমন বক্তব্যকে তিনি এবার কৌতুক বলে ব্যাখ্যা করেছেন। এদিকে, এআই চ্যাটবট ক্লডের সহায়তায় সমস্যাটির সমাধান খুঁজে পাওয়ার দাবি এখনও প্রত্যাহার করেননি আলপগে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের কাজ উপস্থাপনের সময় আলপগে কিছু ভুলের কথা স্বীকার করেছেন। এর মধ্যে আড়াই লাখ পৃষ্ঠার প্রমাণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তার বক্তব্য, বড় সংখ্যা তার কাছে বেশ মজার মনে হয় বলেই তিনি এমন মন্তব্য করেছিলেন। কিন্তু অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নিয়েছেন।
আলপগে জানান, সংখ্যাটি যে নিছক রসিকতা, তা বোঝাতে মূল উপপাদ্যে ইচ্ছাকৃতভাবে একটি অতিসাধারণ গাণিতিক বক্তব্যও যুক্ত করেছিলেন। তবে, সেই ইঙ্গিতও অনেকের নজরে আসেনি।
প্রমাণের দৈর্ঘ্য নিয়ে রসিকতার পাশাপাশি, নিজের ব্যবহৃত কম্পিউটার কোডের মান নিয়েও আলপগে কথা বলেছেন। তিনি জানান, গাণিতিক যুক্তি যাচাইয়ের জন্য ব্যবহৃত প্রগ্রামিং ভাষা লিনে (Lean) প্রমাণটি প্রকাশ করেছিলেন। কারণ, তিনি এআইয়ের তৈরি দীর্ঘ ও দুর্বোধ্য ব্যাখ্যার পরিবর্তে যাচাইযোগ্য কোড উপস্থাপন করতে চেয়েছিলেন।
তবে, কোডের মান নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার স্বীকারোক্তি, কোডে অনেক অপ্রয়োজনীয় ও বিশৃঙ্খল অংশ রয়েছে। এগুলো পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু কাজটি সহজ হয়নি। কোডটি কার্যকরভাবে কম্পাইল হলেও এর মান নিয়ে সমালোচনা গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।
গত ২০ নভেম্বর আলপগে জানান, ক্লডের সহায়তায় তিনি রিম্যান হাইপোথিসিসের প্রমাণ পেয়েছেন। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উত্থাপন করেন। মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গুরুত্বপূর্ণ এই অনুমান গণিতের অন্যতম জটিল অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। এটি ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের সাতটি মিলেনিয়াম প্রাইজ সমস্যার একটি।
আলপগে প্রচলিত পাঠযোগ্য প্রমাণের পরিবর্তে প্রায় ১ কোটি ৭০ লাখ লাইনের লিন কোড প্রকাশ করেছিলেন। পরে লিন ফোকাসড রিসার্চ অর্গানাইজেশন এবং ম্যাথলিব ইনিশিয়েটিভ নামের দুটি দল আলাদাভাবে কোডের আনুষ্ঠানিক যাচাই করেছে বলে জানায়। ইন্ডিয়া টুডের আগের প্রতিবেদনের ভিত্তিতে, এই যাচাইয়ের পর রিম্যান হাইপোথিসিসের প্রমাণ সঠিক বলে ঘোষণা করা হয়েছিল।
এদিকে, রিম্যান হাইপোথিসিস নিয়ে প্রায় ১২ বছর ধরে কাজ করা গণিতবিদ আলেসান্দ্রো মাসুলোও আলোচনায় এসেছেন। আলপগের সমাধানের দাবির পর তিনি নিজের অসমাপ্ত গবেষণার খসড়া অনলাইনে প্রকাশ করেন। তাঁর নথিতে উল্লেখ ছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনায় গবেষণার এই পর্যায়ের কাজ প্রকাশের পরামর্শ পেয়েছেন তিনি। তবে লেখাটির ভূমিকা তখনো অসম্পূর্ণ ছিল এবং আরও সম্পাদনা ও লেখার প্রয়োজন ছিল।
অন্যদিকে, অ্যানথ্রপিকের বিরুদ্ধে আলাদা চৌর্যবৃত্তির অভিযোগ তুলেছেন এক্স ব্যবহারকারী হ্যানিয়েল পল ওকোলো। তার দাবি, ২০২৬ সালের জুন-জুলাইয়ে তিনি ক্লডকে রিম্যান হাইপোথিসিসের নিজের তৈরি একটি প্রমাণ শিখিয়েছিলেন। পরে অ্যানথ্রপিকের গণিত দলের একজন সদস্য সেই কাজ নিজের আবিষ্কার হিসেবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
ওকোলোর দাবি, ২০১১ সাল থেকে তিনি এ বিষয়ে গবেষণা করছেন এবং ক্লডের সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে অ্যানথ্রপিক তার গবেষণার তথ্য পেয়েছে। তবে, তার এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রিম্যান হাইপোথিসিসের সমাধান নিয়ে এআই ও মানুষের গবেষণার বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে, এআইয়ের মাধ্যমে পাওয়া গাণিতিক আবিষ্কার কীভাবে যাচাই করা হবে এবং এর কৃতিত্ব কাকে দেওয়া হবে, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এসিআই প্রপার্টিজ লিমিটেড দেশজুড়ে স্বপ্নের আউটলেট সম্প্রসারণে সহযোগিতা করবে। নতুন আউটলেটের জন্য উপযুক্ত স্থান খুঁজে দেওয়ার লক্ষ্যে সুপারশপ চেইনটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
এই সমঝোতার আওতায় এসিআই প্রপার্টিজ স্বপ্নের চাহিদা অনুযায়ী বাণিজ্যিক স্থান খুঁজে দিতে এবং তা ভাড়া বা কেনার প্রক্রিয়ায় সহায়তা করবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন আউটলেট চালুর পরিকল্পনা বাস্তবায়ন করা স্বপ্নের জন্য আরও সহজ হবে।
দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে দেশে স্বপ্নের আউটলেটের সংখ্যা ১,২৪১টি। প্রতিষ্ঠানটি দেশজুড়ে এই উপস্থিতি বাড়াতে চায়। নতুন আউটলেটের জন্য উপযুক্ত স্থান খুঁজে দেওয়ার অভিজ্ঞতা নিয়ে এসিআই প্রপার্টিজ এই উদ্যোগে সহযোগিতা করবে।
অনুষ্ঠানে স্বপ্নের পক্ষে ব্যবসা সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান হিল্লোল মাশরেকী উপস্থিত ছিলেন। এসিআই প্রপার্টিজের পক্ষে করপোরেট বিটুবি বিভাগের ইনচার্জ মিয়া খায়রুদ্দিন, রাজীব রায়, মেহেদী হাসান হিমু এবং শহীদ উন নবী উপস্থিত ছিলেন।
এসিআই পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এসিআই প্রপার্টিজ বাসা ভাড়া, কেনাবেচা ও ব্যবস্থাপনার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য উপযুক্ত বাণিজ্যিক জায়গা খুঁজে দেওয়ার সেবা প্রদান করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ