ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আ. লীগের চার নেতার বৈঠককে রিজভীর 'ভয়ংকর নীলনকশার' ইঙ্গিত


আ. লীগের চার নেতার বৈঠককে রিজভীর

ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠককে ভয়ংকর নীল নকশার অশুভ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন রুহুল কবির রিজভী।

তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে এ মন্তব্য করেন।

রিজভী বলেন, "আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যার প্রতীক। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল।" তিনি জানান, প্রতিরোধ করার জন্য তারা প্রস্তুত।

আরও পড়ুন: রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী ইয়াছিন নিহত

রিজভী দাবি করেন, সীমান্তের ওপারে বসে আওয়ামী লীগের নেতারা হত্যার নির্দেশ দিচ্ছেন। তিনি মন্তব্য করেন, "যারা হত্যার নির্দেশ দেন, তারা দেশের মানুষের বন্ধু হতে পারে না।"

তিনি আরও বলেন, "দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের বলছে আগুন দে।" তিনি উল্লেখ করেন, বিএনপির তিন জন খুন হয়েছেন এবং এর দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। রিজভী বলেন, "যারা জনগণকে হত্যা করতে পারে তারা জনগণের বন্ধু হতে পারে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ এটি ন্যায়সঙ্গত।"

তিনি আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: মতিঝিল থেকে চুরি হওয়া ব্যাংকের বাস নারায়ণগঞ্জে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি বহাল, আড়াই লাখ পৃষ্ঠার কথা ছিল কৌতুক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি বহাল, আড়াই লাখ পৃষ্ঠার কথা ছিল কৌতুক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১৬৭ বছরের পুরনো গাণিতিক সমস্যা রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপগে। তবে, তার প্রদত্ত প্রমাণের দৈর্ঘ্য ২ লাখ ৫০ হাজার পৃষ্ঠার বেশি—এমন বক্তব্যকে তিনি এবার কৌতুক বলে ব্যাখ্যা করেছেন। এদিকে, এআই চ্যাটবট ক্লডের সহায়তায় সমস্যাটির সমাধান খুঁজে পাওয়ার দাবি এখনও প্রত্যাহার করেননি আলপগে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের কাজ উপস্থাপনের সময় আলপগে কিছু ভুলের কথা স্বীকার করেছেন। এর মধ্যে আড়াই লাখ পৃষ্ঠার প্রমাণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তার বক্তব্য, বড় সংখ্যা তার কাছে বেশ মজার মনে হয় বলেই তিনি এমন মন্তব্য করেছিলেন। কিন্তু অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নিয়েছেন।

আলপগে জানান, সংখ্যাটি যে নিছক রসিকতা, তা বোঝাতে মূল উপপাদ্যে ইচ্ছাকৃতভাবে একটি অতিসাধারণ গাণিতিক বক্তব্যও যুক্ত করেছিলেন। তবে, সেই ইঙ্গিতও অনেকের নজরে আসেনি।

প্রমাণের দৈর্ঘ্য নিয়ে রসিকতার পাশাপাশি, নিজের ব্যবহৃত কম্পিউটার কোডের মান নিয়েও আলপগে কথা বলেছেন। তিনি জানান, গাণিতিক যুক্তি যাচাইয়ের জন্য ব্যবহৃত প্রগ্রামিং ভাষা লিনে (Lean) প্রমাণটি প্রকাশ করেছিলেন। কারণ, তিনি এআইয়ের তৈরি দীর্ঘ ও দুর্বোধ্য ব্যাখ্যার পরিবর্তে যাচাইযোগ্য কোড উপস্থাপন করতে চেয়েছিলেন।

তবে, কোডের মান নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার স্বীকারোক্তি, কোডে অনেক অপ্রয়োজনীয় ও বিশৃঙ্খল অংশ রয়েছে। এগুলো পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু কাজটি সহজ হয়নি। কোডটি কার্যকরভাবে কম্পাইল হলেও এর মান নিয়ে সমালোচনা গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি।

গত ২০ নভেম্বর আলপগে জানান, ক্লডের সহায়তায় তিনি রিম্যান হাইপোথিসিসের প্রমাণ পেয়েছেন। ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান এই অনুমানটি উত্থাপন করেন। মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কে গুরুত্বপূর্ণ এই অনুমান গণিতের অন্যতম জটিল অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। এটি ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউটের সাতটি মিলেনিয়াম প্রাইজ সমস্যার একটি।

আলপগে প্রচলিত পাঠযোগ্য প্রমাণের পরিবর্তে প্রায় ১ কোটি ৭০ লাখ লাইনের লিন কোড প্রকাশ করেছিলেন। পরে লিন ফোকাসড রিসার্চ অর্গানাইজেশন এবং ম্যাথলিব ইনিশিয়েটিভ নামের দুটি দল আলাদাভাবে কোডের আনুষ্ঠানিক যাচাই করেছে বলে জানায়। ইন্ডিয়া টুডের আগের প্রতিবেদনের ভিত্তিতে, এই যাচাইয়ের পর রিম্যান হাইপোথিসিসের প্রমাণ সঠিক বলে ঘোষণা করা হয়েছিল।

এদিকে, রিম্যান হাইপোথিসিস নিয়ে প্রায় ১২ বছর ধরে কাজ করা গণিতবিদ আলেসান্দ্রো মাসুলোও আলোচনায় এসেছেন। আলপগের সমাধানের দাবির পর তিনি নিজের অসমাপ্ত গবেষণার খসড়া অনলাইনে প্রকাশ করেন। তাঁর নথিতে উল্লেখ ছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনায় গবেষণার এই পর্যায়ের কাজ প্রকাশের পরামর্শ পেয়েছেন তিনি। তবে লেখাটির ভূমিকা তখনো অসম্পূর্ণ ছিল এবং আরও সম্পাদনা ও লেখার প্রয়োজন ছিল।

অন্যদিকে, অ্যানথ্রপিকের বিরুদ্ধে আলাদা চৌর্যবৃত্তির অভিযোগ তুলেছেন এক্স ব্যবহারকারী হ্যানিয়েল পল ওকোলো। তার দাবি, ২০২৬ সালের জুন-জুলাইয়ে তিনি ক্লডকে রিম্যান হাইপোথিসিসের নিজের তৈরি একটি প্রমাণ শিখিয়েছিলেন। পরে অ্যানথ্রপিকের গণিত দলের একজন সদস্য সেই কাজ নিজের আবিষ্কার হিসেবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ করেন তিনি।

ওকোলোর দাবি, ২০১১ সাল থেকে তিনি এ বিষয়ে গবেষণা করছেন এবং ক্লডের সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে অ্যানথ্রপিক তার গবেষণার তথ্য পেয়েছে। তবে, তার এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

রিম্যান হাইপোথিসিসের সমাধান নিয়ে এআই ও মানুষের গবেষণার বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে, এআইয়ের মাধ্যমে পাওয়া গাণিতিক আবিষ্কার কীভাবে যাচাই করা হবে এবং এর কৃতিত্ব কাকে দেওয়া হবে, সেই প্রশ্ন এখনো রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসিআই প্রপার্টিজ দেশজুড়ে স্বপ্নের আউটলেট সম্প্রসারণে সহযোগিতা করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


এসিআই প্রপার্টিজ দেশজুড়ে স্বপ্নের আউটলেট সম্প্রসারণে সহযোগিতা করবে

এসিআই প্রপার্টিজ লিমিটেড দেশজুড়ে স্বপ্নের আউটলেট সম্প্রসারণে সহযোগিতা করবে। নতুন আউটলেটের জন্য উপযুক্ত স্থান খুঁজে দেওয়ার লক্ষ্যে সুপারশপ চেইনটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

এই সমঝোতার আওতায় এসিআই প্রপার্টিজ স্বপ্নের চাহিদা অনুযায়ী বাণিজ্যিক স্থান খুঁজে দিতে এবং তা ভাড়া বা কেনার প্রক্রিয়ায় সহায়তা করবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন আউটলেট চালুর পরিকল্পনা বাস্তবায়ন করা স্বপ্নের জন্য আরও সহজ হবে।

দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বর্তমানে দেশে স্বপ্নের আউটলেটের সংখ্যা ১,২৪১টি। প্রতিষ্ঠানটি দেশজুড়ে এই উপস্থিতি বাড়াতে চায়। নতুন আউটলেটের জন্য উপযুক্ত স্থান খুঁজে দেওয়ার অভিজ্ঞতা নিয়ে এসিআই প্রপার্টিজ এই উদ্যোগে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে স্বপ্নের পক্ষে ব্যবসা সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান হিল্লোল মাশরেকী উপস্থিত ছিলেন। এসিআই প্রপার্টিজের পক্ষে করপোরেট বিটুবি বিভাগের ইনচার্জ মিয়া খায়রুদ্দিন, রাজীব রায়, মেহেদী হাসান হিমু এবং শহীদ উন নবী উপস্থিত ছিলেন।

এসিআই পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এসিআই প্রপার্টিজ বাসা ভাড়া, কেনাবেচা ও ব্যবস্থাপনার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য উপযুক্ত বাণিজ্যিক জায়গা খুঁজে দেওয়ার সেবা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোরের আলোয় রঙিন পুণ্যস্নান, শুরু হলো পাঁচ দিনের রাসমেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ভোরের আলোয় রঙিন পুণ্যস্নান, শুরু হলো পাঁচ দিনের রাসমেলা

রাধাকৃষ্ণ মন্দির ও এর সেবাশ্রম চত্বরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ বিরাজমান। পটুয়াখালীর কুয়াকাটার এই মন্দিরে চলছে রাসপূজা। পূজাকেন্দ্রিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভক্তরা সাগরে পুণ্যস্নানের জন্য রাতভর অপেক্ষা করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটার সাগর সৈকতে হাজির হয় সেই মাহেন্দ্রক্ষণ। পূবের আকাশে সূর্য লাল আভা ছড়ানোর সময় হাজারো সনাতন ধর্মাবলম্বী সৈকতে ছুটে আসেন। সেখানে মহাসমারোহে ঢাকের তালে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি শুরু হয়। এই মুখরতার মধ্যে সাগরে স্নান করেন পুণ্যার্থীরা।

রাসপূজা ও পুণ্যস্নানের উপলক্ষে সোমবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা কুয়াকাটায় আসতে থাকেন। তারা বাস, মিনিবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে সেখানে পৌঁছান। রাত ৮টার পর কুয়াকাটা সমুদ্র সৈকতসংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম চত্বর তাদের মিলন মেলায় পরিণত হয়।

রাত ৯টার দিকে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাসলীলা কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এরপর শুরু হয় শ্রী রাধাকৃষ্ণের নামকীর্তন, পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিপিএম উপস্থিত ছিলেন। এছাড়া এসআরবি ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে লাখো পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান করেন। এরপর ভক্ত ও পুণ্যার্থীরা শ্রী শ্রী মদনমোহন সোবাশ্রম ও তীর্থযাত্রী সেবাশ্রমে ছুটে যান। সেখানে বৃন্দাবনের আদলে কুঞ্জ সাজিয়ে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমায় পূজা-অর্চনা করেন।

রাসপূজা উপলক্ষে কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী রাসমেলা শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সেবা নিশ্চিত হওয়ায় নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠানমালা চলছে।

ঢাকা থেকে আসা জুথিকা রানী কর্মকার জানান, সড়ক যোগাযোগ ভালো হওয়ায় তারা সপরিবারে কুয়াকাটায় এসেছেন পুণ্যস্নান ও রাসমেলায় অংশ নিতে। তিনি বলেন, "আমাদের মতো লাখো ভক্ত ও দর্শনার্থী কুয়াকাটায় এসেছে। পুণ্যস্নানের মাধ্যমে আমাদের জাগতিক পাপ-তাপ মুছে ফেলে পবিত্র অবস্থায় গন্তব্যে ফিরে যাবো।"

কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নেহার রঞ্জন মণ্ডল বলেন, "পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতায় মন্দির চত্বরে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা এবারের আয়োজনে প্রশাসনের সহযোগিতা পেয়ে সন্তুষ্ট।"

সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাপাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রম চত্বরে আয়োজিত মেলায় দুই শতাধিক স্টল বসানো হয়েছে। সেখানে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পবিত্র গিতা, ভগবদ, রাধা-কৃষ্ণের প্রতিমাসহ পূজা অর্জনায় ব্যবহৃত উপদান, শাঁখা-সিঁদুর এবং সাংসারিক আসবাবপত্র স্থান পেয়েছে স্টলে। শিশুদের খেলনাও রয়েছে।

আসবাপত্র বিক্রেতা হরেন্দ্র চন্দ্র পাল জানান, "আজ (মঙ্গলবার) থেকে আগামী শনিবার পর্যন্ত মেলায় দিনরাত বেচাবিক্রি চলবে। কলাপাড়া ও কুয়াকাটায় রাস মেলাটি এখন সব ধর্মের মানুষের সার্বজনীন মেলায় পরিণত হয়েছে।"

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান শেষ হয়েছে। তিনি বলেন, "কলাপাড়ায় শুরু হওয়া রাসমেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।"

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিপিএম জানান, কুয়াকাটা এবং কলাপাড়ার রাসপূজা, পুণ্যস্নান এবং রাসমেলা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়ন রয়েছে। কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে পুণ্যস্নান শেষ হয়েছে। এখন কলাপাড়ায় শুরু হয়েছে রাসমেলা। সেখানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ অর্জন করেছেন, যা বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকটি তার হাতে তুলে দেন।

এর আগে, ২১ নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের শান্তিকালীন পদকের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে মনোনীত করা হয়। উক্ত প্রজ্ঞাপনে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর নাম নৌবাহিনী পদক (এনবিপি) প্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবারের পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেছেন।

নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এ ধরনের শান্তিকালীন পদক প্রদান করা হয়ে থাকে।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর আগে নৌসদর দপ্তরে সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে কাজ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%