প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাধাকৃষ্ণ মন্দির ও এর সেবাশ্রম চত্বরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ বিরাজমান। পটুয়াখালীর কুয়াকাটার এই মন্দিরে চলছে রাসপূজা। পূজাকেন্দ্রিক আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভক্তরা সাগরে পুণ্যস্নানের জন্য রাতভর অপেক্ষা করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে কুয়াকাটার সাগর সৈকতে হাজির হয় সেই মাহেন্দ্রক্ষণ। পূবের আকাশে সূর্য লাল আভা ছড়ানোর সময় হাজারো সনাতন ধর্মাবলম্বী সৈকতে ছুটে আসেন। সেখানে মহাসমারোহে ঢাকের তালে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি শুরু হয়। এই মুখরতার মধ্যে সাগরে স্নান করেন পুণ্যার্থীরা।
রাসপূজা ও পুণ্যস্নানের উপলক্ষে সোমবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা কুয়াকাটায় আসতে থাকেন। তারা বাস, মিনিবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে সেখানে পৌঁছান। রাত ৮টার পর কুয়াকাটা সমুদ্র সৈকতসংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রম চত্বর তাদের মিলন মেলায় পরিণত হয়।
রাত ৯টার দিকে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাসলীলা কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এরপর শুরু হয় শ্রী রাধাকৃষ্ণের নামকীর্তন, পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিপিএম উপস্থিত ছিলেন। এছাড়া এসআরবি ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে লাখো পুণ্যার্থী সাগরে পুণ্যস্নান করেন। এরপর ভক্ত ও পুণ্যার্থীরা শ্রী শ্রী মদনমোহন সোবাশ্রম ও তীর্থযাত্রী সেবাশ্রমে ছুটে যান। সেখানে বৃন্দাবনের আদলে কুঞ্জ সাজিয়ে রাধা-কৃষ্ণের যুগল প্রতিমায় পূজা-অর্চনা করেন।
রাসপূজা উপলক্ষে কলাপাড়ায় পাঁচ দিনব্যাপী রাসমেলা শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সেবা নিশ্চিত হওয়ায় নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠানমালা চলছে।
ঢাকা থেকে আসা জুথিকা রানী কর্মকার জানান, সড়ক যোগাযোগ ভালো হওয়ায় তারা সপরিবারে কুয়াকাটায় এসেছেন পুণ্যস্নান ও রাসমেলায় অংশ নিতে। তিনি বলেন, "আমাদের মতো লাখো ভক্ত ও দর্শনার্থী কুয়াকাটায় এসেছে। পুণ্যস্নানের মাধ্যমে আমাদের জাগতিক পাপ-তাপ মুছে ফেলে পবিত্র অবস্থায় গন্তব্যে ফিরে যাবো।"
কুয়াকাটা রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নেহার রঞ্জন মণ্ডল বলেন, "পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতায় মন্দির চত্বরে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা এবারের আয়োজনে প্রশাসনের সহযোগিতা পেয়ে সন্তুষ্ট।"
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলাপাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রম চত্বরে আয়োজিত মেলায় দুই শতাধিক স্টল বসানো হয়েছে। সেখানে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পবিত্র গিতা, ভগবদ, রাধা-কৃষ্ণের প্রতিমাসহ পূজা অর্জনায় ব্যবহৃত উপদান, শাঁখা-সিঁদুর এবং সাংসারিক আসবাবপত্র স্থান পেয়েছে স্টলে। শিশুদের খেলনাও রয়েছে।
আসবাপত্র বিক্রেতা হরেন্দ্র চন্দ্র পাল জানান, "আজ (মঙ্গলবার) থেকে আগামী শনিবার পর্যন্ত মেলায় দিনরাত বেচাবিক্রি চলবে। কলাপাড়া ও কুয়াকাটায় রাস মেলাটি এখন সব ধর্মের মানুষের সার্বজনীন মেলায় পরিণত হয়েছে।"
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান শেষ হয়েছে। তিনি বলেন, "কলাপাড়ায় শুরু হওয়া রাসমেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কঠোর নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।"
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ বিপিএম জানান, কুয়াকাটা এবং কলাপাড়ার রাসপূজা, পুণ্যস্নান এবং রাসমেলা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়ন রয়েছে। কোনো অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে পুণ্যস্নান শেষ হয়েছে। এখন কলাপাড়ায় শুরু হয়েছে রাসমেলা। সেখানেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন