০২:১১ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান মন্তব্য করেছেন যে, তথ্যের অভাব, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি করে। এই প্রেক্ষাপটে, অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আজ রোববার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ডাটাফুলের আয়োজন করা ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অপতথ্যের জাল ছিঁড়ে’ এবং এতে তথ্যের অখণ্ডতা রক্ষার বিষয়টি গুরুত্ব পায়।
প্রধান তথ্য কমিশনার আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অখণ্ডতা রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের কারণে মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে তথ্য ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
তিনি উল্লেখ করেন, সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের মধ্যে পার্থক্য নিরূপণ করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর ফলে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে।
তথ্য অধিকারকে মানবাধিকার এবং জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে ড. নাহরিন ইসলাম খান বলেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
তিনি জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, অপতথ্য মোকাবিলায় জনগণের মধ্যে তথ্য সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে নাগরিকেরা সহজেই নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পেতে পারেন।
সম্মেলনে তথ্যের অখণ্ডতা রক্ষা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার প্রতিরোধ এবং এ বিষয়ে বিভিন্ন অংশীজনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন