০২:১২ পি.এম
সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিনার এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বার্ষিক পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটি সিঙ্গাপুর (বিএমসিএস)। এই আয়োজন গত ১৪ নভেম্বর সিঙ্গাপুরের টেমাসেক কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৪০০ অতিথি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন্নাহার। এছাড়া চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ.বি.এম. শামীম, সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়নের (এসএমওইউ) প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেরিটাইম খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিএমসিএসের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাকাওয়াত হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি লুৎফুন্নাহার, ক্যাপ্টেন কাজী এ.বি.এম. শামীম এবং সংগঠনের সহসভাপতি ক্যাপ্টেন এমদাদ হোসেন বক্তব্য রাখেন। তাঁরা আন্তর্জাতিক মেরিটাইম খাতে বাংলাদেশি মেরিনারদের অবদান, পেশাগত দক্ষতা এবং প্রবাসে তাঁদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: নিরাপত্তার স্বার্থে বেইজিংয়ে ড্রোনের মালিকানা ও সংরক্ষণ নিষিদ্ধ
বাংলাদেশি মেরিনার কমিউনিটিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল হক ও ইঞ্জিনিয়ার শাহ মকবুল হুদা জুয়েলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিএমসিএস ক্যাপ্টেন রেমন্ড পিটারকে ‘এক্সিলেন্স ইন মেরিটাইম লিডারশিপ’ সম্মাননা প্রদান করে, যিনি বার্নহার্ড শুল্টে শিপম্যানেজমেন্টের (বিএসএম) ব্যবস্থাপনা পরিচালক।
সম্মাননা গ্রহণের পর ক্যাপ্টেন রেমন্ড পিটার তাঁর প্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি নাবিক ও মেরিটাইম ক্যাডেট নিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি মেরিনারদের কর্মসংস্থানের সম্ভাবনাকে সামনে নিয়ে আসে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে সংগঠনের সদস্য ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করেন। সংগীত ও নৃত্যের পরিবেশনায় মিলনমেলা মুখর হয়ে ওঠে। এতে প্রবাসী মেরিনারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
সমাপনী পর্বে বিএমসিএসের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলী গওহর অতিথি, শিপিং কোম্পানির প্রতিনিধি, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন: মালয়েশিয়ার রাজনীতিতে পাকাতান হারাপান চাপে, বাড়ছে মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন
আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি মেরিনারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন