১০:২৬ পি.এম
সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমা গুরুতর আহত হলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তাদের মধ্যে শিক্ষক জিবেশ চক্রবর্তী, আবুল কালাম, সুব্রত দাস, লায়লা আঞ্জুমান আরা ও তন্ময় চৌধুরী তপু তাঁদের কথা বলেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্রী উম্মে ফাতেমা স্পৃহা, দেবযানী রায় এবং ছাত্র সুজন বর্মন স্নেহ।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু বক্তব্য দিতে আসেন।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ছাতক শহরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে, ফুটপাত দখলমুক্ত করা, অপ্রাপ্তবয়স্ক ও নেশাগ্রস্ত চালকদের নিয়ন্ত্রণ এবং পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সঙ্গে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁরা শহরে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন দাবি তুলে ধরেন।
আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না
ইউএনও মো. মহি উদ্দিন জানিয়েছেন, আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ছাতক শহরে নিরাপদ সড়ক ও জননিরাপত্তা নিশ্চিত করতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে আগামী ২০ জুন একটি আলোচনা সভার আয়োজন করা হবে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন