ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল


ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল

শিক্ষার্থীদের বিরুদ্ধে দিল্লি পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানিতে সাফ মানা করেছে দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের বিষয় বিচারবিভাগকে টেনে আনা অনুচিত। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আবেদনকারীর উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে জানান, এই সবের মধ্যে আদালতকে জড়াবেন না। আদালত জরুরি ভিত্তিতে শুনানি করতে রাজি না হয়ে আগামী বুধবারে বিষয়টি তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে।

এর আগে সোমবার শিক্ষার্থীদের একটি প্রতিবাদ মিছিলে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে বলে দাবি করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন 'কাকরোজ জনতা পার্টি' আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদের দিকে যাত্রা করছিল। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে আদালত চত্বরে তীব্র তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রতিবাদের সূত্রপাত ঘটে গত শনিবার, যখন এই আন্দোলনের অন্যতম সমর্থক জলবায়ু কর্মী সোনম ওয়াংচুককে একুশ দিনের অনশনরত অবস্থায় জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই সোমবার নিউ দিল্লির কেন্দ্রস্থল যন্তর মন্তরে হাজার হাজার তরুণ শিক্ষার্থী একত্রিত হয়ে বিশাল প্রতিবাদ সমাবেশ গড়ে তোলে। মুহূর্তের মধ্যে সেই সমাবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ, যার জবাবে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারে। বেশ কয়েকটি স্থানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করে।

আরও পড়ুন: ট্রাম্প: ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই সংঘর্ষে অন্তত ১৭৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১৮ জনই পুলিশ সদস্য। আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘উগ্র ও সহিংস আচরণের’ অভিযোগ এনে দিল্লি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বাধ্য হয়ে পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে, আন্দোলনকারী সংগঠনের মুখপাত্র এই পুলিশি অ্যাকশনকে 'ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এক লজ্জাজনক দিন' বলে অভিহিত করেছেন। সংগঠনটির দাবি, শতাধিক নিরপরাধ শিক্ষার্থী পুলিশের বর্বরতায় গুরুতর আহত হয়েছে।

গত মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি মামলার শুনানিকালে কিছু বেকার তরুণকে রূপক অর্থে ‘কাকরোজ’ বা তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। সেই মন্তব্যকে কটাক্ষ হিসেবে গ্রহণ করে তৈরি হয় এই ব্যঙ্গাত্মক আন্দোলন, যা পরবর্তীতে লাখ লাখ তরুণ ও চাকরিপ্রত্যাশীর দাবি আদায়ের প্ল্যাটফর্মে পরিণত হয়। শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে এই আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই নারীকে ঘিরে মিলেছে চাঞ্চল্যকর নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


সেই নারীকে ঘিরে মিলেছে চাঞ্চল্যকর নতুন তথ্য

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে নতুন তথ্য সামনে এসেছে। এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তবে গণমাধ্যমের হাতে আসা একটি বায়োডাটায় দেখা গেছে, দাবিকৃত বিয়ের পাঁচ দিন পরও ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।

মরিয়ম খাতুনের বায়োডাটায় দেখা যায়, ২২ জুন তারিখে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে ‘জোর সুপারিশ করছি’। অথচ গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম খাতুনের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ফলে বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে ওই বিয়ের একটি কাবিননামার কপিতে দেখা যায়, ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে মো. আবুল হোসেন ও বেগম মাকসুদা ইসলামের নাম উল্লেখ রয়েছে। ভিডিওটি প্রকাশের পর এক ভিডিও বার্তায় এমপির প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম বলেন, মরিয়ম খাতুনের সঙ্গে তার স্বামীর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

অন্যদিকে মরিয়ম খাতুনও এক ভিডিও বার্তায় দাবি করেন, গাজী নজরুল ইসলাম তার স্বামী। তার ভাষ্য, সম্প্রতি প্রকাশিত ভিডিওটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং তার স্বামীর সম্মানহানি করতেই এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। একই বিষয়ে মরিয়মের বাবা মাছুম বিল্লাহ বলেন, ১৭ জুন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে লিখিত বিবৃতিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেন, ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার সঙ্গে রাজধানীর মগবাজারে শ্বশুরের ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করেন। এ সময় এক লাখ টাকা আদায় করা হয় এবং পরে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, পারিবারিক বিরোধের জের ধরে ওবায়দুল্লাহ গোপনে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। রাজনৈতিক উদ্দেশ্যে ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গাজী নজরুল ইসলাম বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতেই ১৭ জুন মরিয়ম খাতুনের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে বিয়ের দাবি, কাবিননামা এবং বিয়ের পাঁচ দিন পরের বায়োডাটায় ‘অবিবাহিত’ উল্লেখ থাকার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরে মাদক ও কিশোর গ্যাং দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


নগরে মাদক ও কিশোর গ্যাং দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

আজ সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সিএমপির জুলাই মাসের কল্যাণ সভায় সভাপতির অধীনে তিনি এ নির্দেশনা দিয়েছেন।

পুলিশ কমিশনার বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরো জোরালো ও কার্যকর অভিযান পরিচালনার প্রয়োজন রয়েছে।

সভায় আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনের জন্য কনস্টেবল মো. জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে একটি সনদ অর্জন করেন। এছাড়া, ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ বাংলাদেশ দলের খেলোয়াড় হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় রানার্সআপ হওয়ার কৃতিত্বও অর্জন করেন।

কল্যাণ সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনারসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে দেশীয় ফল উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ; আবু তালেব

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বাংলা ভাষা ও সাহিত্য  বিভাগের উদ্যোগে দেশীয় ফল উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা সমিতি এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘দেশীয় ফল উৎসব-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের তৃতীয় তলায় ‘তরুণের সাধনা সম্মেলন কক্ষে’ উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, দেশীয় ফলের সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। একসময় মানুষ অনেক দেশীয় ফলের নাম জানলেও, এখন নতুন প্রজন্মের অনেকেই সেসব ফলের সঙ্গে পরিচিত নয়। তাই এ ধরনের আয়োজন দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি প্রায় ৮০ প্রজাতির দেশীয় ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এসব গাছের ফল দিয়েই বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব আয়োজন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আহমেদুল বারী। সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।

সভাপতির বক্তব্যে অধ্যাপক হাবিব-উল-মাওলা বলেন, হারিয়ে যেতে বসা দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া, ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় কৃষি ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব দেশীয় ফলের ঐতিহ্য সংরক্ষণ ও চর্চার একটি ধারাবাহিক উদ্যোগে পরিণত হবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উৎসবে আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, ডাব, লটকন, আমড়া, ড্রাগন ফল, খেজুর, কামরাঙা, ডালিমসহ ২০টির বেশি দেশীয় এবং মৌসুমি ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় বিএফটিআই হবে জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


আন্তর্জাতিক বাণিজ্য গবেষণায় বিএফটিআই হবে জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন, অর্থনৈতিক গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) একটি শক্তিশালী জাতীয় থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় বৈশ্বিক বাণিজ্যব্যবস্থা, আন্তর্জাতিক বাজার ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে গভীর গবেষণার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই বিএফটিআই-কে নতুন পরিকল্পনার আওতায় আরও শক্তিশালী করা হচ্ছে।

আজ রাজধানীর বিএফটিআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৬৩তম পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, প্রয়োজনীয় অর্থায়ন নিয়ে সরকারের কোনো সংকট নেই, বরং দীর্ঘমেয়াদি দিকনির্দেশনার ভিত্তিতে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, বিধিবিধান ও বাণিজ্য আইন বিষয়ে দক্ষ জনবল গড়ে তুলতে বিএফটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর বাজার পরিস্থিতি, বাণিজ্যিক প্রবণতা, সম্ভাব্য ঝুঁকি ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে নিয়মিত গবেষণা পরিচালনা করবে বিএফটিআই। এগুলো গবেষণার ফলাফল সরকারের নীতি প্রণয়ন এবং বেসরকারি খাতের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য, বাণিজ্য আইন ও অর্থনীতিবিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি খাতের বাণিজ্য আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দক্ষ নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

সভায় বিএফটিআই’র নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ড. মোস্তফা আবীদ খানের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। 

সভায় জানানো হয়, দেশের বাণিজ্য নীতি প্রণয়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) বিভিন্ন গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনা, রপ্তানি বহুমুখীকরণে অ্যান্টি-এক্সপোর্ট বায়াস-এর প্রভাব, অ্যান্টি-ডাম্পিং, কাউন্টার ভেইলিং ও সেফগার্ড ব্যবস্থার চ্যালেঞ্জ এবং বাংলাদেশের চামড়া খাতের রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে গবেষণা উল্লেখযোগ্য। 

এছাড়া বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের জন্য দেশের এয়ার টিকিটিং বাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি নিয়ে গবেষণা চলমান রয়েছে। বাণিজ্য নীতি পর্যালোচনা, আরজেএসসি নিবন্ধন ও রিটার্ন দাখিল, কর, ভ্যাট, কাস্টমস এবং আমদানি-রপ্তানি পদ্ধতি বিষয়েও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সভায় আরও জানানো হয়, বিএফটিআই ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যবসা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইউএনডিপি, সানেম এবং ইনস্টিটিউট অব ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (আইইআরএফ) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গবেষণা ও সক্ষমতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। 

সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. সাইফ উদ্দিন আহমেদ, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%