মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৫ পি.এম
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বৈশ্বিক সংসদীয় উদ্যোগ প্রয়োজন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কার্যালয়ে আন্ত সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের ফলে উদ্ভূত ‘অসহনীয় পরিস্থিতির’ বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আন্তর্জাতিক স্তরে সংসদীয় উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত রাখা এবং তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য বৈশ্বিক সংসদীয় উদ্যোগের প্রয়োজন রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আইপিইউ মহাসচিবকে অবহিত করেন। তিনি সরকারের অন্তর্ভুক্তিমূলক শাসন ও জবাবদিহির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে বিশেষভাবে নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, ভুল তথ্য ও অপতথ্যের ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংসদীয় সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান শামা ওবায়েদ।
আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও আইপিইউর মধ্যে সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ক্ষেত্রে সংসদীয় বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় শামা ওবায়েদ আন্দা ফিলিপকে আইপিইউর ১৩ দশকের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি সংসদীয় গণতন্ত্র, শান্তি, মানবাধিকার ও আন্ত সংসদীয় সহযোগিতা প্রতিষ্ঠায় আইপিইউর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ, যার নাম প্রাপ্তি মল্লিক পূজা (২৪)।
সোমবার (৩১ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রাপ্তি মল্লিক পূজা ডেমরপাড়া এলাকার গোপাল চন্দ্র মল্লিকের কন্যা। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান ছিল না।
পরিবারের সূত্রে জানা গেছে, পূজা গত ২৫ আগস্ট তার ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে গোসল সেরে নিজ কক্ষে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে ভেতরে ঢুকে পূজাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। এরপর ঘরের দরজা খুলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা জানানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১৯৪ রানে পরাজিত হওয়ার পর, ৩ ম্যাচের টেস্ট সিরিজে তারা ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। এই পরাজয়ের পরদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ও কোচিং স্টাফে নজিরবিহীন পরিবর্তন আনতে বাধ্য হয়। এর ঠিক পরপরই সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, মিসবাহ চার সদস্যের জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের পাশাপাশি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কনসালট্যান্টের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে পিসিবি এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। এর আগে এজবাস্টনে সিরিজের শেষ টেস্টের আগে পিসিবি স্কোয়াড থেকে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমির জামাল, ওয়াইস জাফর ও খুররম শাহজাদকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠায়।
এছাড়া প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সীমিত ওভারের দলের কোচ মাইক হেসন এবং অ্যাশলি নফকে-কে। বাদ পড়া খেলোয়াড়দের শূন্যস্থান পূরণে আন্তর্জাতিক অভিজ্ঞতা কম থাকা সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলের সঙ্গে আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রানধাওয়া ও রেজাউল্লাহর মতো পাঁচজন সম্পূর্ণ নতুন (আনক্যাপড) মুখকে দলে ডাকা হয়।
নির্বাচন কমিটির সদস্য হিসেবে এত বড় সিদ্ধান্ত এবং দলের সার্বিক বিশৃঙ্খলার মধ্যে মিসবাহর এই পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের সংকটকে আরও ঘনীভূত করেছে। পাকিস্তান ক্রিকেটের অন্যতম সফল টেস্ট অধিনায়ক মিসবাহ ২০১৭ সালে অবসরের পর থেকে পিসিবির নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালে তিনি একই সঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পান, যা পরবর্তীতে ২০২১ সাল নাগাদ শেষ হয়। চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সরফরাজ আহমেদ ও আসাদ শফিকের পাশাপাশি তাকে নির্বাচন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বর্তমানে পাকিস্তান ২০ টেস্টের মধ্যে ১৫টিতে পরাজিত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) তলানিতে অবস্থান করছে। আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শেষ টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাবর আজমের দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিদ্যুৎ বিভাগে পাওয়া বিভিন্ন দরপত্রের মূল্য এবং বর্তমান বাজারদর বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রণোদনার অংশ হিসেবে ২০ শতাংশ মুনাফা এবং ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যদি কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হন, তাহলে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে গণ্য হবে।
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী, যেসব গ্রাহক ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তাদের জন্য পরবর্তী তিন বছর অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য প্রদান করা হবে।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের তথ্য সংরক্ষণ করবে, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ নিরূপণ করবে এবং প্রণোদনা ও বিদ্যুতের মূল্যসংক্রান্ত তথ্য সংরক্ষণ করবে। প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। নগদ অর্থ প্রদান করা যাবে না। তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পর স্থাপিত সিস্টেমের ক্ষেত্রে এ প্রণোদনা প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) দ্বারা নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।
এ সংক্রান্ত নীতিগত সহায়তা প্রদান করার জন্য বিদ্যুৎ বিভাগ ইতিমধ্যে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করেছে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর আওতাধীন সব জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও এ বিষয়ে সহায়তা পাওয়া যাবে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নতুন বিমান চলাচল বিধিমালা প্রণয়নের আহ্বান বিনিয়োগ ও যাত্রীবান্ধব
৪২ বছর পর বেসামরিক বিমান চলাচল বিধিমালা-১৯৮৪ সংশোধন করে নতুন বিধিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বেসামরিক বিমান চলাচল বিধিমালা-২০২৬ প্রস্তাবিত খসড়ায় ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি যাত্রীসেবার মান, বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নতুন বিধিমালার খসড়া চূড়ান্তকরণের বিষয়ক সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বেসামরিক বিমান খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তাই নতুন বিধিমালা অবশ্যই ব্যবসা ও বিনিয়োগবান্ধব হতে হবে। একইসাথে যাত্রীসেবার মানোন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বিধান সংযুক্ত করতে হবে।
এয়ারলাইন্স প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বিধিমালা প্রণয়নে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধা বিবেচনায় নিয়ে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। উড়োজাহাজের জটিল যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, কেপটাউন কনভেনশনের শর্ত অনুসরণ করে বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় ‘অপরিবর্তনীয় নিবন্ধন বাতিল ও রপ্তানি অনুমোদন’ (আইডেরা) বিষয়ক বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
বিমানবন্দরের অবকাঠামোর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতি তিন মাস অন্তর পরিদর্শন ও মহড়া আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ সুবিধা বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক মানের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বেসরকারি খাতের সহযোগিতায় বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।
এছাড়া, বেসরকারি উদ্যোগে বেসামরিক বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণের প্রক্রিয়া সহজতর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
সভায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বেসরকারি এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।
নতুন বিধিমালার প্রস্তাবিত বিভিন্ন ধারা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ